গ্লাসগোর রিংয়ে জোড়া পাঞ্চ! সেমিফাইনালে সাক্ষী-অরুন্ধতী, ভারতের ১৮টি পদক পাকা

গ্লাসগো কমনওয়েলথ গেমসের বক্সিংয়ে ভারতের দাপট। সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন সাক্ষী চৌধুরী ও অরুন্ধতী চৌধুরি। গেমসে ভারতের মোট ১৮টি পদক পাকা।

Jul 29, 2026 - 19:00
0 0
গ্লাসগোর রিংয়ে জোড়া পাঞ্চ! সেমিফাইনালে সাক্ষী-অরুন্ধতী, ভারতের ১৮টি পদক পাকা

বক্সিং রিংয়ে ভারতের দাপট অব্যাহত। গ্লাসগো কমনওয়েলথ গেমসে (CWG 2026) ফের জোড়া পদকের হাতছানি। বুধবার দুরন্ত জয় পেলেন সাক্ষী চৌধুরি ও অরুন্ধতী চৌধুরি৷ ভিন্ন মেজাজের বাউটে জিতে সেমিফাইনালে উঠেছেন এই দুই তারকা। যা পরিস্থিতি, তাতে অন্তত ব্রোঞ্জ পদক নিশ্চিত। একইসঙ্গে চলতি গেমসে ভারতের মোট ১৮টি মেডেল জেতা পাকা। মজবুত হল খেতাব তালিকায় দেশের অবস্থানও৷

রিংয়ে দাপট সাক্ষীর

৫১ কেজি বিভাগে লড়াইয়ে নেমেছিলেন সাক্ষী (Sakshi Chaudhary)। বিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ডের কেইটলিন ফ্রায়ার্স। ম্যাচে একতরফা আধিপত্য দেখান ভারতীয় বক্সার। বিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি। ৫-০ ব্যবধানে সর্বসম্মত সিদ্ধান্তে ম্যাচ জেতেন সাক্ষী। দাপুটে জয়ে বুঝিয়ে দেন, সোনা ছাড়া অন্য কিছুই তাঁর লক্ষ্য নয়।

অন্যদিকে অরুন্ধতীকে (Arundhati Choudhary) খানিকটা ঘাম ঝরাতে হয়। নিউজিল্যান্ডের মর্গ্যান হেন্ডারসনের বিরুদ্ধে লড়াই মোটেও সহজ ছিল না। কিউয়ি বক্সার রীতিমতো বেগ দিচ্ছিলেন। তবে হাড্ডাহাড্ডি বাউটে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে বাজিমাত৷ পোডিয়াম ফিনিশ নিশ্চিত।

বক্সিংয়ে পদকের ছড়াছড়ি

সাক্ষী এবং অরুন্ধতীর এই জোড়া সাফল্য-সম্ভাবনায় বক্সিংয়ে (Indian Boxers) ভারতের পদকের সংখ্যা আরও বাড়তে চলেছে। এর আগে রিংয়ে নেমে চমক দেখিয়েছিলেন আরও চার ভারতীয় বক্সার। লভলিনা বরগোহাঁই (৭৫ কেজি), প্রিয়া ঘাঘাস (৬০ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি) এবং জাদুমণি সিং (৫৫ কেজি) নিজেদের পদক নিশ্চিত করেছেন। এবার সেই পদকজয়ীদের এলিট তালিকায় সগৌরবে নাম লেখালেন দুই তরুণী।

উচ্চতার নিখুঁত ব্যবহার ও রিংক্রাফট

আগে ৫৪ কেজি বিভাগে লড়তেন সাক্ষী। এবার ওজন কমিয়ে ৫১ কেজি ওজনে নেমেছেন। রিংয়ে নিজের উচ্চতা এবং রিচ বা দূরত্বের সুবিধা পুরোদস্তুর কাজে লাগাচ্ছেন। প্রথম বেল বাজার পর থেকেই ম্যাচের রাশ ছিল তাঁর হাতে। নিখুঁত জ্যাব। সঠিক সময়ের স্ট্রেইট পাঞ্চ। এই দুই প্রধান অস্ত্রের সাহায্যে বিপক্ষকে অনায়াসে দূরে সরিয়ে রাখেন তিনি।

ফ্রায়ার্স বারবার আগ্রাসী হওয়ার চেষ্টা চালান। রিংয়ে আধিপত্য কায়েম করতে চেয়েছিলেন। একের পর এক পাঞ্চ ছুড়ে সাক্ষীকে অস্বস্তিতে ফেলার ছক কষেছিলেন আইরিশ বক্সার। তবে ভারতীয় তারকা অবিচলিত, একেবারে শান্ত। মাথা ঠান্ডা রেখে বিপক্ষের বেশিরভাগ আক্রমণ এড়িয়ে যান। এরপর আরও পরিষ্কার। আরও কার্যকর পাঞ্চের কম্বিনেশন দিয়ে পাল্টা আক্রমণ শানান।

কী বলছেন সাক্ষী?

ম্যাচ শেষে সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে নিজের কৌশলের কথা সাফ সাফ মেলে ধরেন সাক্ষী। বলেন, 'ওর কৌশল ছিল খুব কাছ থেকে লড়াই করা। ও বারবার আমাকে জড়িয়ে ধরছিল। আর আমার কৌশল ছিল দূর থেকে বক্সিং করা। এটাই আমার সবচেয়ে বড় শক্তি।'

ম্যাচের দ্বিতীয় রাউন্ডে দুই বক্সারই খুব কাছাকাছি চলে আসেন। একে অপরের সঙ্গে জড়িয়ে পড়েন। এমনকি একসময় টাল সামলাতে না পেরে দু'জনেই রিংয়ের ক্যানভাসে আছাড় খান। কিন্তু এরপরও ম্যাচের নিয়ন্ত্রণ এক মুহূর্তের জন্যও হারাননি ভারতীয় তারকা (Boxing News)। আইরিশ বক্সারের ক্রমাগত চাপ সত্ত্বেও দূরত্ব বজায় রেখেছিলেন নিপুণভাবে। দুর্দান্ত ফুটওয়ার্ক ও রিংক্রাফটের সাহায্যে শুরু থেকে শেষ পর্যন্ত বাউটের গতিবিধি নিয়ন্ত্রণ করেন সাক্ষী। ছিনিয়ে নেন অনায়াস জয়। আর এই দুরন্ত জয়েই কমনওয়েলথের (Commonwealth Games) মঞ্চে ভারতের পদক তালিকায় আরও উজ্জ্বল হল বক্সিং ব্রিগেডের নাম।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User