নভেম্বরেই কলকাতা-হাওড়ার পুরভোট? রণকৌশল সাজাতে সুকান্ত-সুনীলদের বৈঠক, তৈরি বিজেপির বিশেষ কমিটি
নভেম্বর মাসেই হতে পারে কলকাতা পুরসভা নির্বাচন (KMC Election)। সেই সম্ভাবনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। নির্বাচনের আনুষ্ঠানিক দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও, বসে থাকতে নারাজ রাজ্য বিজেপি। ভোটে নামার আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে এবং নিখুঁত রণকৌশল সাজাতে আগাম প্রস্তুতি শুরু করে দিল পদ্ম শিবির।
কলকাতা পুরসভা (KMC) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ এখনও সরকারি ভাবে ঘোষণা করা হয়নি। কিন্তু তাতে বসে থাকতে নারাজ রাজ্য বিজেপি (BJP)। সূচি ঘোষণার অনেক আগেই ময়দানে নেমে ঘুঁটি সাজাতে শুরু করে দিল পদ্ম শিবির। সূত্রের খবর, আগামী নভেম্বরেই হতে পারে কলকাতা পৌরসভার (KMC) নির্বাচন এবং আগামী সাত ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠন করার বিষয়ে একাধিকবার ইঙ্গিত দিয়েছে বর্তমান রাজ্য সরকার। এই সম্ভাবনাকে মাথায় রেখে মঙ্গলবার সল্টলেকের পার্টি কার্যালয়ে রণকৌশল নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক সারলেন রাজ্য ও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।
সল্টলেকের কার্যালয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার বিধায়কদের নিয়ে এই জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার দায়িত্বপ্রাপ্ত সুনীল বনসল, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার এবং সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, রীতেশ তিওয়ারি, শারদ্বত মুখোপাধ্যায়ের মতো একাধিক পদ্ম বিধায়ক ও শীর্ষ নেতা।
কী নিয়ে আলোচনা বৈঠকে?
বৈঠকে মূলত কলকাতা পুরসভার সম্ভাব্য নির্বাচনী পরিস্থিতি, ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক শক্তি, বুথস্তরের প্রস্তুতি এবং প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ কৌশলগত দিকগুলি নিয়ে আলোচনা হয়েছে। বিধায়কদের থেকে উত্তর ও দক্ষিণ কলকাতার বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট ও ফিডব্যাক নেওয়া হয়। পাশাপাশি কীভাবে জেলাভিত্তিক সংগঠনকে আরও মজবুত ও ধারালো করা যায়, তা নিয়েও বিস্তারিত আলোচনা চলেছে।
গঠিত হল বিশেষ কমিটি, কারা দায়িত্বে?
ভোটের প্রচার, সংকল্পপত্র (ইশতেহার) তৈরি এবং প্রার্থী ঝাড়াই-বাছাইয়ের জন্য বিজেপির তরফ থেকে একটি বিশেষ কমিটি ও সাংগঠনিক পদের তালিকাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। মঙ্গলবার রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশে রাজ্য সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী স্বাক্ষরিত এক অফিসিয়াল সার্কুলার প্রকাশ করা হয়।
পুরসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে কলকাতা ও হাওড়া পুরসভার জন্য নতুন ইন-চার্জ, কনভেনর ও কো-কনভেনর নিয়োগ করা হয়েছে।
কলকাতা পুরসভা (KMC)
ইন-চার্জ: ডঃ সুকান্ত মজুমদার (কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ভারত সরকার)
কো ইন-চার্জ: শ্রী অনিন্দ্য ব্যানার্জী (রাজু) (রাজ্য সহ-সভাপতি)
কনভেনর: শ্রী তাপস রায় (এমআইসি, পশ্চিমবঙ্গ সরকার)
কো-কনভেনর: শ্রী রীতেশ তিওয়ারি (কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক)
হাওড়া পুরসভা (HMC)
ইন-চার্জ: শ্রী রাহুল সিনহা (রাজ্যসভার সাংসদ)
কনভেনর: শ্রী সংঞ্জয় কুমার সিংহ (বালির বিধায়ক)
এই নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় দু'টি বিল পাশ করানো হয়েছে। মূলত হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ ও কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। কলকাতা পুরসভা সূত্রের খবর আসন পুনর্বিন্যাস সংক্রান্ত খসড়া রিপোর্ট ইতিমধ্যেই পুরসভায় জমা পড়েছে। ফলে, কী হাওড়া, কী কলকাতা পুরসভা, এই দুই যমজ শহরের যমজ পুরসভার জন্য এক বিশাল সংখ্যক পৌর প্রতিনিধির খোঁজ করতে হচ্ছে বিজেপিকে। তবে, বিজেপি সূত্রে খবর রাজ্যে পালাবদল ঘটে শাসন ক্ষমতায় বিজেপি আসায়, দুটি পুরসভাতেই, নির্দিষ্ট আসনের কয়েকগুন বেশি টিকিট প্রত্যাশি রয়েছে। তাই, তাদের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে তালিকা তৈরি করবে নেতৃত্ব।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)