নেপালে প্রকৃতির ধ্বংসলীলা, ১৩৩ নয় নিখোঁজ ৩০০ ভারতীয়, জানালেন সেখানকার বিদেশমন্ত্রী
নেপালের ভয়াবহ হড়পা বানে ১৩৩ নয়, প্রায় ৩০০ জন ভারতীয় নাগরিক নিখোঁজ বলে জানালেন সে দেশের বিদেশমন্ত্রী শিশির খানাল। নিহত দেড় শতাধিক, ধূলিসাৎ হয়ে গেছে একাধিক পাহাড়ি শহর।
“কয়েক ঘণ্টার মধ্যেই মুছে গেছে একের পর এক শহর,” নেপালের ভয়াবহ হড়পা বানের (flash flood) প্রাথমিক পরিস্থিতি তুলে ধরে এমনই জানালেন সে দেশের বিদেশমন্ত্রী শিশির খানাল। কাঠমান্ডুতে আয়োজিত এক বেসরকারি সংস্থার সামিটে তিনি বলেন, 'রসুয়া অঞ্চলের বিপর্যয়ে এখনও পর্যন্ত ১৬০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ হাজার হাজার মানুষ।' যদিও ১৬৫ জনের মৃত্যুর খবর সামনে এসেছে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত।
বৃহস্পতিবারের বিপর্যয়ের ভয়াবহতা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। নেপাল সরকারের প্রাথমিক হিসাবে কয়েক হাজার পরিবার ঘর হারিয়েছে। বহু মানুষের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে মৃত ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। খানাল জানান, বিপর্যয়ের পূর্ণ মাত্রা এখনও নির্ধারণের চেষ্টা চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে কাজ করছে প্রশাসনের পাশাপাশি উদ্ধারকারী দল। তবে ধ্বংসস্তূপ, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে।
এই বিপর্যয়ে ভারতীয় নাগরিকদের নিয়েও উদ্বেগ বাড়ছে। নেপালের বিদেশমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৩০০ ভারতীয় (Indian nationals) এখনও নিখোঁজ। তাঁদের অধিকাংশই কৈলাস-মানস সরোবর যাত্রায় (Mansarovar Yatra) গিয়েছিলেন।
রসুয়া দিয়ে কৈলাস-মানস সরোবরের পথে বহু বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী যাতায়াত করেন। হড়পা বানের সময় সেই পথেই ছিলেন ভারতীয়রা। তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে নেপাল সরকার।
খানাল বলেন, 'ক্ষতিগ্রস্ত এলাকায় কৈলাস-মানস সরোবর যাত্রার জন্য বিদেশি নাগরিকেরা নিয়মিত যাতায়াত করেন। তাঁদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই বেশি। নিখোঁজ ভারতীয়দের সঙ্গে যোগাযোগের আপ্রাণ চেষ্টা চলছে।'
বানের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রসুয়া-সহ সীমান্তবর্তী এলাকায়। নদীর জল এবং ধ্বংসাবশেষের স্রোতে ভেসে গিয়েছে বসতি, সেতু ও যোগাযোগের গুরুত্বপূর্ণ পরিকাঠামো। কয়েক ঘণ্টার মধ্যেই বহু এলাকার চেহারা বদলে গিয়েছে।
প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, নিখোঁজদের খুঁজে বের করা। একই সঙ্গে দুর্গত পরিবারগুলির কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার কাজও চলছে।
নেপাল সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রকমের সরকারি সম্পদ কাজে লাগানো হচ্ছে। তবে বিপর্যয়ের প্রকৃত ক্ষয়ক্ষতির ছবি এখনও পুরোপুরি সামনে আসেনি। উদ্ধারকাজ এগোলে মৃত ও নিখোঁজের সংখ্যা সম্পর্কে আরও স্পষ্ট তথ্য মিলতে পারে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)