নেপালে হড়পা বানে মৃত বেড়ে ১৬৫, এখনও নিখোঁজ শতাধিক! পাওয়া যাচ্ছে না ১৩৩ ভারতীয়কে

নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৫। নিখোঁজ মানস সরোবর যাত্রায় যাওয়া ১৩৩ জন ভারতীয় পুণ্যার্থী। উদ্ধারকাজে গতি আনতে ১০ টন ত্রাণসামগ্রী পাঠাল ভারতীয় বায়ুসেনা।

Aug 27, 2026 - 12:12
0 0
নেপালে হড়পা বানে মৃত বেড়ে ১৬৫, এখনও নিখোঁজ শতাধিক! পাওয়া যাচ্ছে না ১৩৩ ভারতীয়কে

আচমকা হড়পা বানে (Nepal flash flood) ভয়াবহ অবস্থা নেপাল-তিব্বত সীমান্তে। শিউরে ওঠার মতো ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার সকাল ৯টা নাগাদ বান আসে, প্রবল জলের স্রোতে ভেসে গিয়েছে একের পর এক এলাকা। নিশ্চিহ্ন বহু গ্রাম। শেষ পাওয়া খবর পর্যন্ত ১৬৫ জনের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ কয়েকশো। তাঁদের মধ্যে কৈলাস-মানসসরোবর যাত্রায় যাওয়া অন্তত ১৩৩ জন ভারতীয় পুণ্যার্থী রয়েছেন বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বুধবার সকাল ৯টা নাগাদ তিব্বতের দিক থেকে জল নেমে এসে ভোটে কোশী নদীতে (Bhote Koshi River) ভয়াবহ স্রোত তৈরি করে। মুহূর্তের মধ্যে নদীর জলস্তর বেড়ে গিয়ে রসুয়া, ধাদিং এবং নুওয়াকোট-সহ সীমান্তবর্তী একাধিক এলাকায় ছড়িয়ে পড়ে জল। কাদামাটি ও ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নেপালের পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, বিপর্যয়ের পর বেশ কয়েক ঘণ্টা ধরে প্রায় ৪০৩ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের মধ্যে ৩৪১ জন বিদেশি। নিখোঁজ বিদেশিদের তালিকায় ১৪২ জন ভারতীয় ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার নাগরিক রয়েছেন।

উদ্ধারকাজে নেমেছে নেপালের নিরাপত্তাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা দল। কাদার স্তর সরিয়ে নিখোঁজদের খোঁজ চলছে। ধ্বংসস্তূপের নীচে জীবিত কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তাঁরা। স্থানীয় স্বেচ্ছাসেবী ও ত্রাণকর্মীদের দাবি, বেশ কিছু বসতি কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ভারতও সাহায্যের হাত বাড়িয়েছে। বুধবার ফোনে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ-র সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সবরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়। তারপরই ভারতীয় বায়ুসেনার একটি পরিবহণ বিমান (IAF transport aircraft) ১০ টন ত্রাণসামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে নেপালের উদ্দেশে রওনা দেয়।

নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণে সরকারের সমস্ত সংস্থান কাজে লাগানো হবে। বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রাষ্ট্র রয়েছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহমর্মিতা এবং সাহায্যের প্রস্তাবের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন শাহ। নেপালের এখন মূল লক্ষ্য, নিখোঁজদের দ্রুত উদ্ধার এবং ধ্বংসস্তূপের নীচে আটকে থাকা মানুষদের খুঁজে বের করা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User