নেপালের হড়পা বানে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের ৭৭ জন, উদ্ধারকাজে নামতে চান সদগুরু, চলছে প্রস্তুতি!
কৈলাস-মানস সরোবর যাত্রা সেরে ফেরার পথে নেপাল-তিব্বত সীমান্তের গিরিয়ং ইমিগ্রেশন দফতরে হড়পা বানের কবলে পড়ে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের ৭৭ জন পুণ্যার্থী। উদ্বেগ প্রকাশ করেছেন সদগুরু।
কৈলাস-মানস সরোবর যাত্রা শেষে ফেরার পথে ভয়াবহ হড়পা বানের কবলে পড়ে নিখোঁজ ইশা ফাউন্ডেশনের ৭৭ জন তীর্থযাত্রী (Isha Foundation pilgrims)। তিব্বতের গিরিয়ং এলাকায় ইমিগ্রেশন অফিসে ছিলেন তাঁরা। আচমকা বান এসে ভাসিয়ে দেয় গোটা এলাকা। এখনও তাঁদের কোনও খোঁজ মেলেনি।
বুধবার সকালে নেপাল-চিন সীমান্ত সংলগ্ন এলাকায় আচমকা ভয়াবহ হড়পা বান (Nepal flash Flood) হয়। তিব্বতের গিরিয়ং পোর্ট এলাকা দিয়ে ধেয়ে আসা জল আছড়ে পড়ে ইমিগ্রেশন অফিসে। মুহূর্তের মধ্যে জল ঢুকে যায় বিল্ডিং এবং আশপাশের এলাকায়। পরে সেই স্রোত নেপালের রসুয়া জেলার দিকে নেমে যায়। ভয়াবহ ক্ষতি হয় ভোটে কোশী নদী অববাহিকায় (Bhote Koshi basin)।
ঘটনার সময় ইশা ফাউন্ডেশনের একটি দল ইমিগ্রেশন দফতরে ছিল বলে জানিয়েছেন সদগুরু। কৈলাস-মানস সরোবর থেকে ফেরার সময় তাঁরা সেখানে পৌঁছেছিলেন। তার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
একটি অনলাইন পোস্টে সদগুরু জানান, ভয়াবহ বানে তাঁদের দলের সদস্যরা আটকে পড়েছেন। ইমিগ্রেশন অফিস এবং আশপাশের এলাকা জলের তলায় চলে গেছে ফলে যোগাযোগ করা যাচ্ছে কারও সঙ্গে। তাঁদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগে তিনি।
ইশা ফাউন্ডেশনের হিসাবে, তাঁদের মোট ২১টি দলের মধ্যে ৪৯৫ জন ইতিমধ্যেই নিরাপদে ফিরে এসেছেন। আরও ৭৪৩ জন বর্তমানে তিব্বতে রয়েছেন। নেপালে রয়েছেন ১৪৮ জন। তাঁদের মধ্যে তিন জন স্বেচ্ছাসেবক আছেন টিমুরে। নিখোঁজ ৭৭ জনই সেই দলের সদস্য।
নেপাল ট্যুরিজম বোর্ডের হিসাবেও ওই এলাকায় বহু ভারতীয় কৈলাসযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অন্তত ১৩৩ ভারতীয় তীর্থযাত্রী (Indian pilgrims) নিখোঁজ বলে আগেই জানা গিয়েছিল। তাঁদের মধ্যে ইশা ফাউন্ডেশনের ৭৭ জন রয়েছেন বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই নেপালের বিভিন্ন এলাকায় হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রসুয়া-সহ সীমান্তবর্তী এলাকায় ভেসে গিয়েছে সেতু, বাড়িঘর ও যোগাযোগ ব্যবস্থা। মৃতের সংখ্যা বর্তমানে ১৬৫। নিখোঁজ শতাধিক।
পরিস্থিতির গুরুত্ব বুঝে উদ্ধার অভিযানে সাহায্য করার প্রস্তুতি নিয়েছে ইশা ফাউন্ডেশন। সদগুরু জানিয়েছেন, ঝুঁকি থাকলেও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নিতে তাঁরা প্রস্তুত। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে।
তবে পাহাড়ি এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় তা উদ্ধারকাজে বড় বাধা। ফলে ৭৭ জনের অবস্থান নিয়ে এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। উদ্বেগে রয়েছে তাঁদের পরিবারও।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)