পুজোর আগে সুখবর, মাসে ২ হাজার টাকা ভাতা বাড়ল ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের

পশ্চিমবঙ্গ সরকার ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের মাসিক ভাতা মাথাপিছু ২,০০০ টাকা বাড়াল। দৈনিক ভাতার পরিমাণ ৩৭৮ টাকা থেকে বেড়ে হল ৪৪৫ টাকা, যা ১ অগস্ট থেকে কার্যকর।

Sep 01, 2026 - 16:30
0 0
পুজোর আগে সুখবর, মাসে ২ হাজার টাকা ভাতা বাড়ল ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের

ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের মাসিক ভাতা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার। মাথাপিছু মাসে ২ হাজার টাকা করে বাড়তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দৈনিক ভাতার পরিমাণ ৩৭৮ টাকা থেকে বেড়ে দাঁড়াল ৪৪৫ টাকা। অর্থাৎ দিনে অতিরিক্ত ৬৭ টাকা পাবেন ভিলেজ পুলিশ ভলান্টিয়ররা। নতুন এই বর্ধিত ভাতা ১ অগস্ট, ২০২৬ থেকে কার্যকর হবে।

৩১ অগস্ট পশ্চিমবঙ্গ সরকারের হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স দফতরের পুলিশ এস্টাব্লিশমেন্ট শাখা এ সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। রাজ্যের ডিরেক্টর জেনারেল এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশকে পাঠানো ওই নির্দেশে স্পষ্ট করা হয়েছে, নিয়মিত ভাবে কাজ করা ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের মাসিক সম্মানী বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিন ধরেই সরকারের বিবেচনাধীন ছিল।

সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখার পর রাজ্যপাল ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের মাসিক সম্মানী মাথাপিছু ২ হাজার টাকা বাড়ানোর অনুমোদন দিয়েছেন। এর জেরে দৈনিক সম্মানীর অঙ্কও বাড়ানো হয়েছে। এত দিন ভিলেজ পুলিশ ভলান্টিয়ররা দৈনিক ৩৭৮ টাকা করে সম্মানী পেতেন। এবার সেই অঙ্ক বেড়ে হল ৪৪৫ টাকা।

রাজ্যের বিভিন্ন গ্রামীণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও স্থানীয় প্রশাসনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভিলেজ পুলিশ ভলান্টিয়ররা। নিয়মিত কাজের পাশাপাশি তাঁদের দায়িত্বের পরিধিও বিস্তৃত। সেই প্রেক্ষিতেই সম্মানী বৃদ্ধির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নবান্নের নির্দেশ অনুযায়ী, ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের পরিষেবার ক্ষেত্রে বর্তমানে চালু থাকা অন্যান্য শর্ত ও নিয়ম অপরিবর্তিত থাকবে। বর্ধিত সম্মানী বাবদ অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট উপযুক্ত খাত থেকেই মেটানো হবে।

অর্থ দফতরের সম্মতিতেই এই নির্দেশ জারি হয়েছে বলে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গের প্রিন্সিপাল অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এ অ্যান্ড ই)-কেও বিষয়টি জানানো হয়েছে।

অগস্টের শুরু থেকে কার্যকর হলেও মাসের শেষ দিনে আনুষ্ঠানিক নির্দেশিকা জারির ফলে ভিলেজ পুলিশ ভলান্টিয়রদের বর্ধিত সম্মানী পাওয়ার পথ কার্যত পরিষ্কার হল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User