পুজোর আগেই বড় ধাক্কা! ই-কেওয়াইসি না করালে বন্ধ হবে রান্নার গ্যাসের বুকিং

রান্নার গ্যাসের বায়োমেট্রিক আধার যাচাই নিয়ে কড়াকড়ি কেন্দ্রের। ই-কেওয়াইসি না করলে গ্যাস বুকিং অ্যাকাউন্ট ব্লক হওয়ার আশঙ্কা, ভর্তুকি থেকেও বঞ্চিত হতে পারেন গ্রাহক।

Sep 19, 2026 - 11:00
0 0

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি (e-KYC) বা ‘বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন’ (BAA) করানো নিয়ে ঢিলেমির দিন এবার শেষ। 'ডিস্ট্রিবিউটরের দফতরে লম্বা লাইন' কিংবা 'সার্ভার ডাউন'-এর মতো অজুহাত মেনে নিতে নারাজ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। দেশের সমস্ত তেল বিপণন সংস্থাগুলিকে (OMC) পাঠানো এক কড়া চিঠিতে মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, আধার অথেন্টিকেশন না করানো পর্যন্ত সংশ্লিষ্ট গ্রাহকদের গ্যাস বুকিং অ্যাকাউন্ট ‘ব্লক’ করে দিতে হবে। ফলে পুজোর মুখেই গ্রাহকদের টু-ডু লিস্টের শীর্ষে জায়গা করে নিয়েছে ‘বিএএ’ বা বায়োমেট্রিক আধার যাচাইয়ের কাজটি। তবে অ্যাকাউন্ট ব্লক হলেও পরবর্তী সময়ে আধার যাচাই করিয়ে নিলে পুনরায় বাজারদরে (বর্তমানে রেগুলেটেড রিটেল সেলিং প্রাইস ৯৬৮ টাকায়) সিলিন্ডার বুক করা যাবে এবং সরকারি ভর্তুকিও অ্যাকাউন্টে যুক্ত হবে।

উপ-সচিব মোহিত কুমার আগরওয়ালের পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, যারা এখনও বায়োমেট্রিক যাচাই করাননি বা করাতে অনিচ্ছুক, ওএমসি-দের অনলাইন ও মোবাইল অ্যাপে তাঁদের জন্য আলাদা বিকল্প রাখতে হবে। আধার যাচাই ছাড়া সিলিন্ডার নিলে গ্রাহককে সমস্ত প্রত্যক্ষ ও পরোক্ষ সরকারি ভর্তুকি থেকে বঞ্চিত হতে হবে। উদাহরণস্বরূপ, বর্তমানে ১৪.২ কেজির একটি সিলিন্ডারের প্রকৃত বাজারদর প্রায় ১৬৯৫ টাকা। কেন্দ্র ৭২৭ টাকার পরোক্ষ ভর্তুকি দেওয়ার পর সাধারণ গ্রাহক তা ৯৬৮ টাকায় পান এবং ১৯.৫৭ টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু বায়োমেট্রিক যাচাই না থাকলে এবার থেকে পুরো ১৬৯৫ টাকাই হাতে-হাতে মেটাতে হবে, যা বিশ্ববাজার ও আন্তর্জাতিক সংকটের দরুন আগামী দিনে আরও বাড়তে পারে। বারংবার সময়সীমা বাড়িয়ে গত ১৪ সেপ্টেম্বর শেষ সুযোগ দেওয়া হলেও এখনও দেশজুড়ে প্রায় ৩.১৬ কোটি গ্রাহক ই-কেওয়াইসি করাননি। এই প্রেক্ষিতে আগামী ১৫ দিনের মধ্যে নেওয়া পদক্ষেপের বিশদ 'অ্যাকশন টেকেন রিপোর্ট' চেয়েছে মন্ত্রক।

মাত্র ১৫ দিনের মধ্যে কোটি কোটি গ্রাহকের বায়োমেট্রিক প্রক্রিয়া শেষ করা নিয়ে তৈরি হয়েছে প্রবল অনিশ্চয়তা। অল ইন্ডিয়া এলপিজি ডিস্ট্রিবিউটরস ফেডারেশনের সহ-সভাপতি তথা ইন্ডেন প্রতিনিধি বিজনবিহারী বিশ্বাস জানান, “শুধুমাত্র কলকাতা ও দুই ২৪ পরগনা মিলিয়েই ৬.৩৭ লক্ষের বেশি ইন্ডেন গ্রাহকের বিএএ বাকি। এর মধ্যে প্রায় ৪ লক্ষ ‘পহল’ স্কিমের এবং সোয়া দুই লক্ষের বেশি এমন গ্রাহক আছেন যাঁরা নিজেরা ভর্তুকি ছেড়েছেন বা ১০ লাখের বেশি আয়ের কারণে ভর্তুকি পান না। আগের বিজ্ঞপ্তিতে এদের কথা না থাকলেও, নতুন নির্দেশে তাঁদের যুক্ত করা হয়েছে। ফলে এত কম সময়ে এই প্রক্রিয়া সম্পন্ন করা প্রযুক্তিগতভাবে অসম্ভব।” অন্য দিকে, ওএমসি আধিকারিকদের একাংশের মতে, কেন্দ্রীয় সফটওয়্যার ও অ্যাপে প্রযুক্তিগত ত্রুটির কারণে অনেক সময়ই কাজ ব্যাহত হয়। আচমকা অ্যাকাউন্ট ব্লক বা চড়া দামে গ্যাস কিনতে বাধ্য করা হলে উৎসবের মরসুমে চরম ভোগান্তির পাশাপাশি আইনশৃঙ্খলাজনিত সমস্যাও দেখা দিতে পারে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User