'বাবাকে খুনের ছক কষছে সরকার!' ইমরান-পুত্রদের সাক্ষাৎকারে তুলকালাম, মাঠ ছাড়ার হুমকি পাকিস্তানের

লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের বিস্ফোরক সাক্ষাৎকার সম্প্রচার! ক্ষুব্ধ পিসিবি দল তুলে নেওয়ার হুমকি দেয়। জানুন এই নজিরবিহীন বিতর্কের বিস্তারিত।

Aug 28, 2026 - 11:15
0 0

লর্ডস টেস্টের (Lord's Test) প্রথম দিনে নজিরবিহীন বিতর্ক। মাঠের ক্রিকেটের চেয়ে বড় হয়ে উঠল মাঠের বাইরের রাজনীতি। মধ্যাহ্নভোজের বিরতিতে স্কাই স্পোর্টসে সম্প্রচারিত হল পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের দুই ছেলে সুলেমান ও কাসিম খানের একটি ১৮ মিনিটের সাক্ষাৎকার (Imran Khan Sons Interview)। প্রাক্তন ইংরেজ ক্রিকেটার মাইকেল আথার্টনের নেওয়া সেই আলাপচারিতায় পাক সরকারের বিরুদ্ধে রীতিমতো বোমা ফাটালেন তাঁরা। অভিযোগ করলেন, জেলে তাঁদের বাবাকে মেরে ফেলার চক্রান্ত চলছে। আর এই সাক্ষাৎকার সম্প্রচার হতেই ক্ষোভে ফেটে পড়ল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনকী, দল তুলে নেওয়ারও হুমকি দিল তারা।

ইমরান-পুত্র কাসিম সাক্ষাৎকারে অত্যন্ত চাঞ্চল্যকর দাবি করেন। তিনি বলেন, 'সরকার এখন আর কোনও নির্দিষ্ট কৌশল মেনে চলছে না। ওরা আসলে কী করতে চাইছে, তা পরিষ্কার নয়। তবে জেলের ভেতর নির্লজ্জভাবে বাবাকে মেরে ফেলার চেষ্টা চলছে। বাবাকে চুপ করিয়ে রাখতেই জেলের অন্ধকার কুঠুরিতে বন্দি করা হয়েছে।' তিনি আরও যোগ করেন, 'অন্যান্য রাজনৈতিক বন্দিকেও এভাবেই জেলের ভেতর মেরে ফেলা হয়েছে। এখন বাবার অবস্থাও আগের চেয়ে অনেক বেশি খারাপ। দিনে ২৩ ঘণ্টার বেশি সময় তাঁকে একটা ছোট সেলে সম্পূর্ণ একা রাখা হচ্ছে।'

ইমরানের মানসিক দৃঢ়তা প্রসঙ্গে কাসিম জানান, তাঁরা বাবাকে সবসময় শান্ত ও স্থির দেখেছেন। বলেন, 'এই মুহূর্তে বাবার সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি। চোখের সমস্যার কারণে তাঁর চোখে প্যাচ লাগানো ছিল। তাঁকে বেশ চিন্তিত দেখাচ্ছিল। আমাদের পক্ষে এটা কল্পনা করাও কঠিন। কারণ, বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও তিনি অবিচল থাকেন।'

ইমরানের শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়েও বিস্ফোরক অভিযোগ করেন তাঁর অপর ছেলে সুলেমান (Pakistan vs England)। তিনি জানান, তাঁদের বাবাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। সুলেমানের কথায়, 'আমরা কিছুটা আশাবাদী ছিলাম। কিন্তু বাবাকে সরকারি হাসপাতালে মাত্র কয়েক ঘণ্টার জন্য নিয়ে যাওয়া হয়। তারপর ফের জেলে পাঠানো হয়। সরকারি আধিকারিকরা এক ঘণ্টার চেক-আপ করে বলেন যে বাবা ঠিক আছেন। আমাদের পিসি, যিনি নিজে একজন চিকিৎসক, তাঁকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে বাবাকে সোজা জেলে ফিরিয়ে দেওয়া হয়।' শুধু তাই নয়, 'যান্ত্রিক ত্রুটি'-র অজুহাতে পাক সরকার তাঁদের ভিসা দিচ্ছে না বলেও দাবি করেন ইমরান-পুত্ররা।

এই সাক্ষাৎকারটি সম্প্রচারিত হওয়ার আগেই স্কাই স্পোর্টসকে তা আটকাতে বলেছিল পিসিবি। হুমকি দেওয়া হয়, সম্প্রচার হলে পাক ক্রিকেটাররা মাঠে নামবেন না। কিন্তু স্কাই স্পোর্টস টেলিকাস্ট চালিয়ে যায় (Sky Sports)। এরপর লাঞ্চের পর পাক দল মাঠে ফিরতে অস্বীকার করে। পরিস্থিতি সামাল দিতে আসরে নামে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা ইসিবি (ECB)। তাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ময়দানে ফেরে পাকিস্তান দল। ইতিমধ্যে স্কাই স্পোর্টসের বিরুদ্ধে সরকারিভাবে অভিযোগ দায়ের করেছে পিসিবি।

২০২৩ সালের অগস্ট মাস থেকে জেলের ঘানি টানছেন ইমরান খান (Imran Khan)। বর্তমান স্ত্রীর সঙ্গে বিয়ের সময় সংক্রান্ত একটি মামলায় তাঁকে সাত বছরের সাজা দেওয়া হয়েছে। এছাড়াও দুর্নীতি-সহ একাধিক মামলায় ১০, ১৪ ও ১৭ বছরের সাজা ঝুলছে তাঁর মাথায়। ইমরানের ভগ্নস্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইতিমধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে জোড়া চিঠি পাঠিয়েছেন বিশ্বের একুশ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক। মাইকেল আথার্টন তাঁদের একজন। কিন্তু তাতেও যে পাক সরকার কর্ণপাত করেনি, ইমরান-পুত্রদের এই বিস্ফোরক সাক্ষাৎকারই তার জলজ্যান্ত প্রমাণ।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User