সাইবার সেলের গুঁতো থেকে সোজা সংবর্ধনা! ফড়ণবীশের সামনে 'ফুল সার্কেল' অভিজ্ঞতা শেয়ার করলেন সময়
সাইবার সেলের জেরার পর এবার সেই সাইবার সেলের অনুষ্ঠানেই সংবর্ধিত হলেন সময় রায়না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের সামনে পুরনো অভিজ্ঞতা নিয়ে মজাও করলেন কমেডিয়ান।
জীবন যে কখন কীভাবে ঘুরে দাঁড়ায়, তারই যেন এক মজার উদাহরণ সময় রায়না (Samay Raina)। একসময় বিতর্কের জেরে তাঁর নাম জড়িয়েছিল, যে মহারাষ্ট্র সাইবার সেল (Maharashtra Cyber Cell) তাঁকে ধরতে ছুটেছিল, এবার সেই সাইবার সেলেরই অনুষ্ঠানে সম্মানিত হলেন জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান (Stand Up Comedian)। শুধু তাই নয়, মঞ্চে উঠে নিজের সেই পুরনো অভিজ্ঞতার কথাই এমন মজার ছলে মনে করালেন যে, উপস্থিত দর্শক থেকে শুরু করে নেটদুনিয়া- সবাই হেসে লুটোপুটি।
‘India’s Got Latent’ বিতর্কের পর সময় রায়নাকে (Samay Raina) নিয়ে কম জলঘোলা হয়নি। সেই ঘটনার জেরে মহারাষ্ট্র সাইবার পুলিশের জেরার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। আর এবার পরিস্থিতি একেবারে উল্টো। বুধবার মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশের (Devendra Fadnavis) উপস্থিতিতে সাইবার-সচেতনতা নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘Digital Arrest’ এবং ‘1930 Maharashtra Cyber Anthem’-এর উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়-সহ একাধিক তারকা।
মঞ্চে নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় পুরনো প্রসঙ্গ তুলে ধরেন সময় রায়না। সম্মান পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মহারাষ্ট্র সাইবার সেলের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ পুরনো। ‘১৯৩০’ নম্বরটি তিনি সেভ করে রেখেছেন বলেও জানান। কারণ, এবার নাকি সেই নম্বর থেকেই তাঁর কাছে ফোন এসেছিল!
এরপরই আসে আরও মজার মন্তব্য। কমেডিয়ান সময় বলেন, মহারাষ্ট্র সাইবার সেল যে বেশ সক্রিয়, তা তিনি নিজের অভিজ্ঞতা থেকেই নিশ্চিতভাবে বলতে পারেন। তিনি মজা করে জানান, কেউ আমেরিকায় থাকুন বা ভারতে- সাইবার সেল তাঁকে খুঁজে বের করবেই!
তবে এখানেই থামেননি তিনি। নিজের পুরনো অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেন, প্রথমবার সাইবার সেলের এক আধিকারিক সকালে এক কমেডিয়ানের বাড়িতে গিয়ে তাঁকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিলেন। আর এবার সেই সাইবার সেলের মঞ্চেই তাঁকে সম্মান জানানো হচ্ছে। তাঁর এই মন্তব্য শুনেই হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সকলে।
সময়ের সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। অনেকেই ঘটনাটিকে ‘ফুল সার্কেল মোমেন্ট’ বলে মন্তব্য করেছেন। কারও মতে, জীবনে যত কঠিন সময়ই আসুক, সঠিক সময়ে ঘুরে দাঁড়ানো সম্ভব, সময়ের যাত্রা তারই উদাহরণ।
অনুষ্ঠানে সময় রায়না ছাড়াও উপস্থিত ছিলেন আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), শরদ কেলকার (Sharad Kelkar), সোনালি বেন্দ্রে (Sonali Bendre), জাভেদ জাফরি (Javed Jaffrey),সুনিধি চৌহান (Sunidhi Chauhan) এবং মঙ্গেশ দেশাই (Mangesh Desai)-সহ একাধিক পরিচিত মুখ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)