'ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে!' নিজেদের ব্যর্থতা ঢাকতে আজব যুক্তি শোনালেন নকভি
ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত পাকিস্তান। আর নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে এবার ভারতের আয়ারল্যান্ডের কাছে হারের প্রসঙ্গ টানলেন পিসিবি প্রধান মহসিন নকভি।
ইংল্যান্ডের মাটিতে ভরাডুবি। সিরিজ হারের পর অর্ধেক দল ও কোচিং স্টাফকে তাড়িয়ে রীতিমতো সার্কাস চলছে পাকিস্তান ক্রিকেটে। চারদিকে যখন সমালোচনার ঝড়, ঠিক তখনই মুখ ঢাকতে অদ্ভুত যুক্তি খাড়া করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি। নিজেদের ব্যর্থতার জবাব দিতে গিয়ে তিনি টেনে আনলেন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের প্রসঙ্গ। তাঁর সাফাই, ভারতও তো আয়ারল্যান্ডের কাছে হেরেছে, তাতে কি ওখানে ক্রিকেট শেষ হয়ে গিয়েছে? পিসিবি (Pakistan Cricket Board) প্রধানের এমন মন্তব্য ঘিরে সমাজমাধ্যমে এখন হাসির রোল।
অন্যের ঘাড়ে বন্দুক রেখে সাফাই
টানা দুই টেস্টে হেরে ইংল্যান্ডের কাছে পর্যুদস্ত পাকিস্তান। লর্ডসে লজ্জার পরাজয়ের পরই দলের হেডকোচ সরফরাজ আহমেদ এবং বোলিং কোচ উমর গুলকে বরখাস্ত করেছে বোর্ড। দেশে ফেরত পাঠানো হয়েছে সাতজন প্রথম সারির ক্রিকেটারকে।
এমন ডামাডোলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মহসিন নকভির একটি ভিডিও। সেখানে সমালোচকদের একহাত নিতে গিয়ে তিনি বলেন, 'আমি আপনাদের একটা কথা জিজ্ঞেস করি। দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার কাছে হেরেছে। আর ভারত হেরেছে আয়ারল্যান্ডের কাছে। তা বলে কি সেখানে ক্রিকেট শেষ হয়ে গিয়েছে?'
নিজের দলের শোচনীয় পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে এভাবে অন্য দলের অঘটনকে ঢাল হিসেবে ব্যবহার করায় নকভির ক্রিকেটীয় বোধ নিয়েই প্রশ্ন উঠছে। তাঁর আরও সংযোজন, 'হ্যাঁ, একটা বিষয় গুরুত্বপূর্ণ। আমাদের যাকে প্রয়োজন, তাকে অবশ্যই দলে আনব। কেউ যদি পারফর্ম করতে না পারে, তাহলে আমরা কী করতে পারি? আমাদের কাছে প্রতিটি ম্যাচ এবং সিরিজই গুরুত্বপূর্ণ।' (Pakistan Cricket Team)
র্যাঙ্কিংয়ের দোহাই ও অন্ধ আত্মবিশ্বাস
টেস্ট ক্রিকেটে দলের এই বেহাল দশা অবশ্য মানতে নারাজ পিসিবি প্রধান। তাঁর দাবি, সাদা বলের ক্রিকেটে নাকি পাকিস্তান অনেকটাই উন্নতি করেছে। সমালোচকদের একপ্রকার তুলোধনা করে তিনি বলেন, 'টেস্ট ম্যাচে যা হয়েছে, সেটাকে ভুল বলা যায় না। আমরা এই দুটো ম্যাচ হেরেছি ঠিকই। কিন্তু আমার বিশ্বাস, আগামী দিনে আমরা ঠিকই উন্নতি করব। ঠিক যেমনটা আমরা ওয়ানডে এবং টি-২০ ক্রিকেটে করেছি।' (Cricket News)
নিজের মেয়াদের সাফাই গাইতে গিয়ে নকভি আরও জানান, তিনি সমালোচনাকে ভয় পান না। তাঁর কথায়, 'যারা বলছে আমি আসার পর থেকে ক্রিকেট ধ্বংস হয়ে গিয়েছে, তারা একবার দেখুন কোচিং স্টাফ বদলানোর আগে আমাদের র্যাঙ্কিং কোথায় ছিল! ওয়ানডে-তে আমরা আট নম্বরে ছিলাম, এখন পাঁচে। টি-২০ ক্রিকেটে আমরা নয় নম্বর থেকে ছয়ে উঠে এসেছি।' চরম বিপর্যয়ের মুখে দাঁড়িয়েও পিসিবি প্রধানের এই আত্মতুষ্টি দেখে তাজ্জব ক্রিকেট মহল।
এজবাস্টন টেস্টের নতুন দল
ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হবে বার্মিংহামের এজবাস্টনে (England vs Pakistan)। হোয়াইটওয়াশ বাঁচানোর সেই ম্যাচের জন্য সম্পূর্ণ আনকোরা এক দল ঘোষণা করেছে পাকিস্তান। নেতৃত্বে বাবর আজম। স্কোয়াডে ডাক পেয়েছেন আবদুল্লা ফজল, আরাফাত মিনহাজ, আজান আওয়াইস, মহম্মদ আব্বাস, মহম্মদ আলি, মহম্মদ ইমরান, মহম্মদ ইমরান জুনিয়র, মহম্মদ গাজি ঘোরি (উইকেটকিপার), রাজাউল্লা, সাদ বেগ (উইকেটকিপার), সাইম আয়ুব, সাজিদ খান, সৌদ শাকিল, শান মাসুদ, আবদুল্লা শফিক এবং উবেদ শাহ। কোচ ও অর্ধেক দল বদলে তরুণদের কাঁধে ভর করেই এখন বৈতরণী পেরতে চাইছে পিসিবি (PCB Chief Mohsin Naqvi)।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)