রাজ্যে ক্রমেই চড়ছে শীতের আমেজ, সপ্তাহান্তে শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড় ‘আকভান’
রাজ্যে ধীরে ধীরে বাড়ছে শীতের আমেজ। এরই মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির পূর্বাভাস। শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড় ‘আকভান’-এ পরিণত হতে পারে বলে আশঙ্কা।
ধীরে ধীরে হলেও বঙ্গে জেঁকে বসতে শুরু করেছে শীতের আমেজ। সপ্তাহান্তে তাপমাত্রা আরও কিছুটা নামার পূর্বাভাস দিয়ে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গে শীত পড়তে আর বেশি দেরি নেই। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। আগামী ৪ থেকে ৫ দিন রাজ্যে বৃষ্টির কোনো আশঙ্কা না থাকায় আবহাওয়া শুষ্ক থাকবে বলেই জানা গিয়েছে। তবে বৃষ্টির হাতছানি না থাকলেও শীতের এই খুশির মেজাজে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের নতুন পরিস্থিতি। উৎসবের মরশুম কাটতে না কাটতেই ফের ঘ ঘনাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কালো মেঘ।
অর্ণব ও মুরাসুরের রেশ কাটতে না কাটতেই এবার বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের আউটলুক বা প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হতে চলেছে ‘আকভান’। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শুক্রবারই একটি নতুন নিম্নচাপ দানা বাঁধতে চলেছে। আগামী রবিবারের মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে একটি শক্তিশালী গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
তবে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত ঠিক কোন উপকূলে আছড়ে পড়বে বা এর সুনির্দিষ্ট গতিপথ কোন দিকে হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত হাওয়া অফিসের তরফে স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি। আবহাওয়াবিদরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছেন। পূর্বের ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাব রাজ্যে সেভাবে না পড়লেও, আসন্ন ‘আকভান’ শেষ পর্যন্ত এড়ানো সম্ভব হবে কি না এবং এর ফলে বঙ্গে শীতের আগমনে কতটা বাধা পড়তে পারে, এখন সেটাই দেখার বিষয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0