সার্বিয়ার ডার্বিতে 'গণহত্যাকারী'কে শ্রদ্ধা জানিয়ে বিরাট ব্যানার, বইছে নিন্দার ঝড়
ফুটবল মাঠে যুদ্ধাপরাধীকে শ্রদ্ধা! সার্বিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী ডার্বিতে ক্রভেনা জেজদার গ্যালারিতে রাতকো ম্লাদিচের বিশালাকার টিফো। আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড়।
ফুটবল মানেই উৎসব। কিন্তু সার্বিয়ার ফুটবলে সেই উৎসবই এখন কালিমালিপ্ত। রবিবার বেলগ্রেডের চিরপ্রতিদ্বন্দ্বী ডার্বিতে (Belgrade Derby) মুখোমুখি হয়েছিল ক্রভেনা জেজদা এবং পার্তিজান। কিন্তু মাঠের লড়াই ছাপিয়ে শিরোনামে উঠে এল গ্যালারির এক বিতর্কিত ঘটনা। সদ্যপ্রয়াত যুদ্ধাপরাধী রাতকো ম্লাদিচকে (Ratko Mladic) শ্রদ্ধা জানাল ক্রভেনা জেজদার সমর্থকরা। বলকান অঞ্চলের অন্যতম সফল ক্লাব, ১৯৯১ সালের ইউরোপিয়ান কাপ-জয়ী এই দলের গ্যালারিতে দেখা গেল ম্লাদিচের বিশালাকার টিফো। ম্যাচ শুরুর আগে পালিত হল নীরবতাও।
কে এই রাতকো ম্লাদিচ?
'বসনিয়ার কসাই' নামে পরিচিত ম্লাদিচ। বলকান যুদ্ধের সময় গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন। গত মাসে নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের বন্দিশালায় ৮৪ বছর বয়সে মারা যান (War Crimes)। সোমবার বেলগ্রেডে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। হাজার হাজার সার্বিয়ান নাগরিক পথে নামেন।
১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিকায় তাঁর নির্দেশেই ভয়াবহ গণহত্যা হয়েছিল। ৮ হাজারের বেশি মানুষকে হত্যা করে গণকবরে পুঁতে ফেলা হয়, যাঁদের বেশিরভাগই ছিলেন পুরুষ ও কিশোর। এক দশক গা ঢাকা দেওয়ার পর ২০১১ সালে ম্লাদিচ ধরা পড়েন।
গ্যালারিতে বিতর্কিত টিফো
রবিবারের ম্যাচে ক্রভেনা জেজদার (Crvena Zvezda) গ্যালারিতে সার্বিয়ার পতাকার পটভূমিতে ম্লাদিচের ছবি তুলে ধরা হয়। ছবির নিচে লেখা 'ডাইরেকশন পোটোকারি'। এটি ১৯৯৫ সালে স্রেব্রেনিকায় মুসলিম শরণার্থীদের ওপর গণহত্যার নির্দেশেরই ইঙ্গিতবাহী।
আশ্চর্যের বিষয়, চিরপ্রতিদ্বন্দ্বী পার্তিজানের (Partizan Belgrade) সমর্থকদের সঙ্গেও এদিন এক অদ্ভুত মিল দেখা যায়। দুই দলের সমর্থকরাই মিলে ম্লাদিচের নামে স্লোগান ছুড়তে থাকে। ২-১ গোলে জেতে ক্রভেনা। শুধু গ্যালারি নয়, ক্লাবের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও নীরবতা পালনের ভিডিও পোস্ট করে স্যালুট ইমোজি দেওয়া হয়। সোমবার ম্লাদিচের সেনাটুপির একটি ছবিও পোস্ট করে তারা।
সামরিক যোগ ও আন্তর্জাতিক নিন্দা
ক্রভেনা জেজদা এবং পার্তিজান, উভয় দলের সঙ্গেই সার্বিয়ার সামরিক বাহিনীর যোগসূত্র স্পষ্ট। ক্রভেনা জেজদার রাজকো মিতিচ স্টেডিয়ামের ঠিক বাইরেই, তাদের কুখ্যাত আলট্রাস গোষ্ঠী 'দেলিজে'-র প্রবেশপথের সামনে একটি ট্যাঙ্ক স্থায়ীভাবে রাখা আছে। এদিকে ম্লাদিচের মৃত্যুর পর তাঁকে মহিমান্বিত না করার জন্য আন্তর্জাতিক মহল থেকে বারবার আবেদন জানানো হয়েছে। মার্কিন সেনেটররা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ম্লাদিচকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা অত্যন্ত 'উদ্বেগজনক'।
উয়েফার শাস্তি ও স্রেব্রেনিকা মেমোরিয়ালের ক্ষোভ
গত ২৭ অগস্ট ম্লাদিচের মৃত্যুর দিন ইউরোপা লিগের কোয়ালিফায়ারে চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেনের বিরুদ্ধে ম্যাচেও ব্যানার ঝুলিয়েছিল ক্রভেনা জেজদার ভক্তরা। ব্যানারে লেখা, 'জেনারেল, আপনার অনন্ত গৌরব এবং ধন্যবাদ।' উয়েফা (UEFA) এরপর কড়া পদক্ষেপ নেয়। ক্লাবের ৯৮,২৫০ ইউরো জরিমানা এবং আগামী ১৫ অক্টোবর লুগানোর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে তাদের টিকিট বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি হয়।
তবে রবিবারের ঘটনাটি ঘরোয়া লিগের হওয়ায় উয়েফার সরাসরি হস্তক্ষেপের সুযোগ নেই। দায় বর্তায় সার্বিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের উপর (Serbian Football)। এদিকে স্রেব্রেনিকা মেমোরিয়াল সেন্টার এই ঘটনার কড়া নিন্দা করেছে। তাদের মতে, 'যে ক্লাব গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে তাদের অফিশিয়াল চ্যানেলে মহিমান্বিত করে, তারা ভক্তদের আচরণের দোহাই দিয়ে পার পেতে পারে না।'
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)