সুখটানে এবার পকেটে কোপ! ৪০০ ছাড়াল ক্লাসিক, আর কোন কোন ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়ল?

ধূমপায়ীদের পকেটে বড় কোপ! ফের 'ক্লাসিক কানেক্ট' ও 'গোল্ড ফ্লেক স্টার'-এর মতো একাধিক সিগারেটের দাম বাড়াল আইটিসি। জেনে নিন নতুন দাম।

Sep 19, 2026 - 16:11
0 0

পুজোর মুখে ধূমপায়ীদের জন্য বড় ধাক্কা (Cigarette New Price)! পকেটে চাপ বাড়িয়ে আবার একাধিক ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়ানোর (Cigarette Price Hike) সিদ্ধান্ত নিল প্রস্তুতকারী সংস্থা আইটিসি (ITC)। বাজারে ইতিমিধ্যেই নতুন দাম ছাপানো প্যাকেটের জোগান শুরু হয়ে গিয়েছে। যেসব জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের দাম বেড়েছে, তার মধ্যে অন্যতম হল 'ক্লাসিক কানেক্ট' (Classic Connect) এবং 'গোল্ড ফ্লেক স্টার' (Gold Flake Star)। এই দুই ক্যাটাগরিতেই এমআরপি (MRP) উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

জাতীয় স্তরের সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ২০টি সিগারেটের 'ক্লাসিক কানেক্ট' প্যাকেটের আগের দাম ছিল ৩৯০ টাকা। এবার ৩৮ টাকা বৃদ্ধি পেয়ে এর নতুন দাম দাঁড়িয়েছে ৪২৮ টাকায়। অন্যদিকে, সাধারণ মানুষের কাছে জনপ্রিয় ১০টি সিগারেটের 'গোল্ড ফ্লেক স্টার' প্যাকেটের দাম ৭৯ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮৯ টাকা। অর্থাৎ, প্যাকেটে একধাক্কায় ১০ টাকা দাম বাড়ায় স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ ধূমপায়ীদের কপালে।

উদ্বেগের বিষয় হল, গত কয়েক মাসে ধারাবাহিকভাবে বেড়েছে 'ক্লাসিক কানেক্টের' দাম। বছরের শুরুতে, ফেব্রুয়ারি মাসেও ২০টি সিগারেটের এই প্যাকটির দাম ছিল মাত্র ৩০০ টাকা। এরপর ধাপে ধাপে তা বেড়ে প্রথমে ৩৬০ টাকা এবং পরে ৩৯০ টাকায় গিয়ে ঠেকে। শেষমেশ নতুন দর অনুযায়ী এর দাম ৪০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গেল। একইভাবে, আগের দফায় 'গোল্ড ফ্লেক স্টারের' দামও ৫৯ টাকা থেকে বাড়িয়ে ৭০ টাকা করা হয়েছিল, যা এখন আরও বেড়ে ৮৯ টাকায় পৌঁছল।

মূল্যবৃদ্ধির নেপথ্যে নতুন ট্যাক্সের নিয়ম

চলতি বছরে তামাকজাত পণ্যের উপর কর কাঠামোয় বড়সড় রদবদল আনে সরকার। বর্তমানে সিগারেট ও তামাকজাত দ্রব্যের উপর ৪০ শতাংশ জিএসটি (GST) এবং অতিরিক্ত আবগারি শুল্ক ধার্য করা হয়েছে। এই বাড়তি করের ফলে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা সামাল দিতেই আইটিসি-সহ অন্যান্য বড় সিগারেট প্রস্তুতকারী সংস্থাগুলো নিজেদের বিভিন্ন ব্র্যান্ডের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়। বাজার বিশেষজ্ঞদের দাবি, সরকারের নতুন কর কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতেই সংস্থাগুলো ধাপে ধাপে এই মূল্যবৃদ্ধি কার্যকর করছে। তবে করের প্রভাব যে সরাসরি ধূমপায়ীদের পকেটের উপরই পড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User