২০২৭-এ ভারতে চিকিৎসার খরচ বাড়বে ১০.১%, কোন ৩ রোগে সবচেয়ে বেশি টাকা খসবে? সতর্কতা নয়া রিপোর্টে

২০২৭ সালে ভারতে চিকিৎসার খরচ বাড়তে চলেছে প্রায় ১০.১ শতাংশ। সাম্প্রতিক এক রিপোর্টে কোন ৩টি জটিল রোগের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যয় বৃদ্ধির সতর্কতা দেওয়া হয়েছে? জেনে নিন বিস্তারিত।

Nov 07, 2026 - 14:20
২০২৭-এ ভারতে চিকিৎসার খরচ বাড়বে ১০.১%, কোন ৩ রোগে সবচেয়ে বেশি টাকা খসবে? সতর্কতা নয়া রিপোর্টে

জিনিসপত্রের দাম যতটা বাড়ছে, তার তুলনায় অনেক দ্রুত বাড়ছে চিকিৎসার খরচ। সামান্য অসুস্থতা হোক বা বড় কোনও রোগের চিকিৎসা-সব ক্ষেত্রেই পকেটে টান পড়ছে সাধারণ মানুষের (India healthcare inflation 2027)। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে হাসপাতালে ভর্তি- সব ক্ষেত্রেই খরচ বাড়ছে। আগামী বছরও সেই চাপ কমার লক্ষণ নেই (Medical cost surge)। ২০২৭ সালে ভারতে চিকিৎসার খরচ বাড়তে পারে ১০.১ শতাংশ।  ২০২৬ সালে এই বৃদ্ধির হার ছিল ১১.৫ শতাংশ। অর্থাৎ বাজারে জিনিসপত্রের দাম যতটা বাড়বে, চিকিৎসার খরচ বাড়বে তার দ্বিগুণেরও বেশি। আন্তর্জাতিক পেশাদার পরিষেবা সংস্থা আয়নের (Aon) সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এই তথ্য (Critical illness treatment cost)। রিপোর্টে আরও দেখা যাচ্ছে, হৃদ্‌রোগ, ক্যানসার এবং শ্বাসযন্ত্রের অসুখের চিকিৎসায় খরচের বড় অংশ ব্যয় হচ্ছে।

আয়নের ২০২৭ সালের গ্লোবাল মেডিক্যাল ট্রেন্ড রেটস রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০২৭ সালে চিকিৎসার খরচ বৃদ্ধির সম্ভাব্য হার ১০.১ শতাংশ। সেখানে সাধারণ মুদ্রাস্ফীতির হার থাকতে পারে ৪ শতাংশের আশপাশে। অর্থাৎ সাধারণ জিনিসপত্রের দাম যতটা বাড়বে, চিকিৎসার খরচ বাড়বে তার দ্বিগুণেরও বেশি। মুদ্রাস্ফীতির প্রভাব বাদ দিলে চিকিৎসার খরচ বৃদ্ধির হার দাঁড়াবে ৬.১ শতাংশ।

আয়নের স্বাস্থ্য ও সম্পদ সংক্রান্ত বিভাগের ভারতের প্রধান অ্যাশলে ডি'সিলভা জানিয়েছেন, চিকিৎসার খরচ যেভাবে বাড়ছে, তাতে সংস্থাগুলির স্বাস্থ্যবিমা এবং কর্মীদের চিকিৎসার জন্য বরাদ্দ করা অর্থের উপর চাপ বাড়বে।

রিপোর্ট অনুযায়ী, ভারতে চিকিৎসার খরচের সবচেয়ে বড় অংশ যাচ্ছে হৃদরোগের পিছনে। এরপরেই রয়েছে কান, নাক ও গলার সমস্যা, ফুসফুস ও শ্বাসযন্ত্রের অসুখ এবং ক্যানসার। এই রোগগুলির ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসা, নিয়মিত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়। ফলে খরচও বাড়ে।

এছাড়া উচ্চ রক্তচাপ, শরীরচর্চার অভাব এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও ভবিষ্যতে চিকিৎসার খরচ বাড়াতে পারে। স্থূলতা ও ডায়াবেটিসের সমস্যাও উদ্বেগ বাড়াচ্ছে। তাই সময়মতো রোগ ধরা পড়া এবং চিকিৎসা শুরু করা জরুরি।

ওজন কমানো এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে জিএলপি-১ গোত্রের ওষুধের ব্যবহার বিশ্বজুড়েই বাড়ছে। রিপোর্টে বলা হয়েছে, সমীক্ষায় অংশ নেওয়া প্রায় ৭০ শতাংশ দেশে এই ধরনের ওষুধ পাওয়া যায়। তবে সব দেশে এই ওষুধের খরচ স্বাস্থ্যবিমার আওতায় পড়ে না। ফলে দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ নিয়ে নতুন করে চিন্তা বাড়ছে।

এই পরিস্থিতিতে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা, শরীরচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং সময়মতো রোগ নির্ণয়ের উপর জোর দিয়েছে রিপোর্ট। শুধু অসুস্থ হওয়ার পর চিকিৎসা নয়, আগে থেকেই রোগ প্রতিরোধের ব্যবস্থা করলে ভবিষ্যতে চিকিৎসার খরচের চাপ অনেকটাই সামলানো সম্ভব।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0