৬ দিনে হেনস্থার শিকার ৩ তরুণী, 'নীতিপুলিশি'র নামে প্রকাশ্যে অপরাধ! বিতর্কে বিহার
বিহারের জামুই, দরভাঙ্গা ও সমস্তিপুরে ৬ দিনে ৩টি পর পর নারী হেনস্থার ঘটনায় উঠলো নিরাপত্তার প্রশ্ন। ভিডিও ভাইরাল হতেই পুলিশি তৎপরতা আর রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মাঝে স্পষ্ট হচ্ছে আসল বাস্তবতা— রাস্তায় কতটা সুরক্ষিত বিহারের মেয়েরা? পড়ুন বিস্তারিত।
রাস্তায় বেরোলেই পিছু নিচ্ছে ভয়। কখনও বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে, তো কখনও কোচিং বা স্কুল থেকে ফেরার পথে, প্রকাশ্য রাস্তায় বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে মেয়েদের (Women Assaulted in Bihar)। ঘটনা সামাল দিতে পুলিশ প্রশাসন তৎপর হয়ে উঠলেও প্রশ্ন উঠছে একটাই, বিহারের রাস্তায় মেয়েরা কতটা সুরক্ষিত (Bihar Women Safety)?
সম্প্রতি জামুইয়ের ঘটনা (Jamui harassment case) দিয়ে এই আশঙ্কার সূচনা। দশম শ্রেণির এক নাবালিকা ছাত্রী এবং তার বন্ধু কোচিং থেকে ফেরার পথে কয়েকজন যুবক তাদের ঘিরে ধরে হেনস্থা করে বলে অভিযোগ। সেই চরম হেনস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুধু বিহার নয়, রাজ্যের বাইরেও তীব্র ক্ষোভ দেখা যায়। নড়েচড়ে বসে পুলিশও।
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে দরভঙ্গার ঘটনা। স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীর ওড়না টেনে নেওয়ার চেষ্টা করে বাইকে থাকা দুই যুবক। মেয়েটি চেঁচামেচি শুরু করলে পথচারীরা এগিয়ে আসেন এবং পুলিশ ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করে।
এরপর আবার শিরোনামে সমস্তিপুর। কার্পূরীগ্রাম এলাকায় এক তরুণী তার বন্ধুর সঙ্গে রাস্তার পাশে ছবি তোলার সময় চারজন যুবক তাকে ঘিরে ধরে কটূক্তি ও হেনস্থা করে। ৫৬ সেকেন্ডের সেই ভিডিও ভাইরাল হতেই পুলিশ চারজনকে আটক করে।
পরপর ঘটে যাওয়া এই তিনটি ঘটনা খতিয়ে দেখলে কয়েকটি উদ্বেগজনক মিল ধরা পড়ে-
১. প্রকাশ্য রাস্তায় আক্রমণ: প্রতিটি ঘটনাই ঘটেছে প্রকাশ্যে, খোলা আকাশের নীচে।
২. ভিডিওর মাধ্যমে বিচার: জামুই ও সমস্তিপুর- দুই ক্ষেত্রেই ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর পুলিশ সক্রিয় হয়েছে।
এই পরিস্থিতি একদিকে যেমন সামাজিক নীতিপুলিশগিরি নিয়ে বড় প্রশ্ন তুলেছে, তেমনই রাজ্য রাজনীতিকেও উত্তপ্ত করে তুলেছে। জামুইয়ের বিজেপি বিধায়ক শ্রেয়সী সিং ‘সঠিক উপায়ে নীতিপুলিশি’-এর কথা বলে বিতর্কে জড়ান, যদিও পরে তিনি জানান তাঁর বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদব প্রশাসনিক ব্যর্থতা ও আইনশৃঙ্খলা ভেঙে পড়ার অভিযোগ তুলে রাজ্যের সরকারকে তীব্র আক্রমণ করেছেন। এমনকি ঘটনাটিকে কেন্দ্র করে শাসক ও বিরোধী দলের মধ্যে কাদা ছোড়াছুড়ি ও জাতপাতের রাজনীতিও শুরু হয়েছে।
ভিডিও ভাইরাল হওয়া এবং রাজনৈতিক চাপ বাড়ার পর পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে, সিট (SIT) গঠন করে গ্রেফতারও করেছে। কিন্তু নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তুলছে, একটা অপরাধের ভিডিও ভাইরাল না হওয়া পর্যন্ত কি মেয়েরা বিচার বা নিরাপত্তা পাবে না? জামুই, দরভাঙ্গা আর সমস্তিপুরের ঘটনা কেবল অপরাধের পরিসংখ্যান নয়, এটি বিহারের জনপরিসরে মেয়েদের স্বাধীন ও নিরাপদে চলাচলের উপরও এক বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)