আপাতত বিরোধী দলনেতা নন ঋতব্রত! ১০ দিনের মধ্যে সিদ্ধান্তের ভার স্পিকারের ওপর দিল কলকাতা হাইকোর্ট

শোভনদেব চট্টোপাধ্যায়ের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, ১০ দিনের মধ্যে ফের সিদ্ধান্ত নেবেন বিধানসভার স্পিকার।

Nov 27, 2026 - 18:41
আপাতত বিরোধী দলনেতা নন ঋতব্রত! ১০ দিনের মধ্যে সিদ্ধান্তের ভার স্পিকারের ওপর দিল কলকাতা হাইকোর্ট

আপাতত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা (Opposition Leader) নন। তাঁর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধায়ক আখরুজ্জামানের মুখ্য সচেতক পদে নিয়োগের সিদ্ধান্তও আপাতত খারিজ করে দেওয়া হয়েছে। এই বিতর্কের নিষ্পত্তি করতে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে বিষয়টি পুনর্বিবেচনা করার এবং আগামী ১০ দিনের মধ্যে নতুন নির্দেশ জারি করার স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের প্রার্থী শোভনদেবের পরিবর্তে ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগের সিদ্ধান্তকে আইনসম্মত নয় বলে উল্লেখ করেছে আদালত। একই সঙ্গে বিধানসভার স্পিকারকে বিষয়টি পুনর্বিবেচনা করে যুক্তিসম্মত কারণ-সহ নতুন করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এর আগে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশের পরেই মামলাটির শুনানিতে এই সিদ্ধান্ত জানাল রাজ্যের উচ্চ আদালত। 

বিধানসভা ভোটে ৮০টি আসন জিতেছিল তৃণমূল। মমতা ঠিক করেন প্রবীণ নেতা তথা বালিগঞ্জের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হবে। ৯ মে একটি চিঠি দেওয়া হয় তৃণমূলের তরফে। অভিযোগ, তার ভিত্তিতে স্পিকার কোনও পদক্ষেপই করেননি। পরে ওই চিঠিতে বিধায়কদের সই জাল করার অভিযোগ তোলেন দলের অন্য বিধায়ক ঋতব্রত এবং সন্দীপন। সেই প্রেক্ষিতে দলবিরোধী কাজের জন্য ১ জুন বহিষ্কার করা হয় তাঁদের।

এর পর ৩ জুন বহিষ্কৃত সেই ঋতব্রতকেই বিরোধী দলনেতা বেছে তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়করা স্পিকারকে আর একটি চিঠি দেন। স্পিকার সেই চিঠির ভিত্তিতে পদক্ষেপ করেন এবং ঋতব্রতকে বিরোধী দলনেতা ঘোষণা করেন। এই প্রক্রিয়ার বিরুদ্ধে আদালতে মামলা করেন শোভনদেব।

এই মামলার গত শুনানিতে কী কারণে ৭৮ জনকে গুরুত্ব না দিয়ে ৫৬ জনের প্রস্তাব গ্রহণ - এই প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। অন্যদিকে, বিচারপতি পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা এবং স্পিকারের পদক্ষেপ নিয়ে একাধিক অত্যন্ত কঠিন ও তীক্ষ্ণ প্রশ্ন তোলেন। বিচারপতি আরও জানতে চান যে গত ৯ মে তারিখে চিঠি পাঠানোর পরও স্পিকার কেন হঠাৎ করে ২৭ মে তারিখে নতুন করে রেজিলিউশন বা প্রস্তাব চেয়ে পাঠালেন? সেটিও কি তবে বিরোধী পক্ষের বক্তব্য বা আপত্তি শোনার পরেই চাওয়া হয়েছিল? এই প্রেক্ষাপটে 'দল' বা 'পার্টি' বলতে আসলে ঠিক কী বোঝানো হয়, সেই নিয়েও প্রশ্ন ওঠে।

গত ২১ নভেম্বর এই মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি কৃষ্ণ রাও। শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছিলেন। শুক্রবার সেই মামলায় রায়দান হল। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0