এসআইআরে নাম যাচাইয়ে পুলিশ নেমেছে উপরতলার নির্দেশেই! ৭ দিনে ২৯৪ আসনে কাজ শেষের টার্গেট

কেন এই কাজ করতে হবে পুলিশকে? এডিজি (আইনশৃঙ্ক্ষলা)-র পাঠানো ওই নির্দেশিকায় লিখিত ভাবে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, ওই দিন ভিডিও কনফারেন্সে যে কথা বলা হয়েছে, সে কারণেই নথি সংগ্রহ করতে হবে।

Nov 27, 2026 - 18:42
এসআইআরে নাম যাচাইয়ে পুলিশ নেমেছে উপরতলার নির্দেশেই! ৭ দিনে ২৯৪ আসনে কাজ শেষের টার্গেট

গত কয়েকদিন ধরেই হইচই! এসআইআরের কারণে যাঁদের নাম এখনও যাচাই তালিকায় রয়েছে, তাঁদের থেকে নথি চাইছে পুলিশ। এ নিয়ে বিরোধীরা সরব। সংখ্যালঘুদের অনেকেই উদ্বেগে। এমনকী যাঁদের তিন-চার পুরুষ ধরে এই বাংলাতেই বসবাস, তাঁরাও। কৌতূহলের বিষয়, পুলিশ হঠাৎ বাদ পড়া ভোটারদের নথি সংগ্রহে নামল কেন?

খোঁজ করে জানা গেল, পুলিশ নেমেছে রাজ্য পুলিশের শীর্ষ সারির কর্তার নির্দেশেই।  যিনি নির্দেশ দিয়েছেন, তিনি রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্ক্ষলা) অজয় মুকুন্দ রানাড়ে।

গত ২৩ নভেম্বর রাজ্যের সমস্ত পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের ওই নির্দেশিকা পাঠানো হয়েছে। যে নির্দেশিকায় এই নথি যাচাইয়ের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ৩০ নভেম্বরের মধ্যে ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই এই কাজ শেষ করতে হবে।

কেন এই কাজ করতে হবে পুলিশকে? এডিজি (আইনশৃঙ্ক্ষলা)-র পাঠানো ওই নির্দেশিকায় লিখিত ভাবে তার কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে উল্লেখ করা হয়েছে, ওই দিন ভিডিও কনফারেন্সে যে কথা বলা হয়েছে, সে কারণেই নথি সংগ্রহ করতে হবে।

এখানে ছোট একটি কথা বড় ভাবে প্রাসঙ্গিক। তা হল, ওই দিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যে কথা বলা হয়েছে জেলার পুলিশ সুপারদের, তার কি কোনও রেকর্ডিং রয়েছে? সেটাই কি ম্যানুয়াল?— সে প্রশ্নের অবশ্য জবাব মেলেনি।

এডিজি (আইনশৃঙ্ক্ষলা)-র এই নির্দেশিকা নিয়ে মুখে খিল দিয়েছেন পুলিশকর্তারা। তবে মনে করা হচ্ছে।, সরকারের সর্বোচ্চস্তরের বোঝাপড়ার ভিত্তিতেই এসআইআর নিয়ে মাঠে নেমেছে পুলিশ। বিরোধীদের মতে, শাসক দলের রাজনৈতিক অ্যাজেন্ডা পূরণে নেমেছে পুলিশ। তার বেঞ্চ মার্ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই স্থির করে দিয়েছেন। দু'দিন আগেই রাসমেলা উপলক্ষে কোচবিহারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশ সুপারের উদ্দেশে তাঁর নির্দেশ ছিল, ‘অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বার করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, সেই রাস্তা দিয়ে বার করতে হবে। তাড়াতে হবে’।

পুলিশ সূত্রে খবর, স্বরাষ্ট্র বিভাগের সর্বোচ্চস্তর থেকে ভিডিও কনফারেন্সে বলা হয়েছে, এসআইআর-এ যাঁদের নাম বাদ পড়েছিল, তাঁদের আবেদনের নিষ্পত্তির জন্য ট্রাইবুনালের ভরসায় না থাকতে। বরং ট্রাইবুনালের আগে পুলিশকে নথি সংগ্রহ করে তা খতিয়ে দেখতে হবে।

প্রশাসনের একাংশের বক্তব্য, ট্রাইবুনালের সমান্তরাল ব্যবস্থা হিসেবে এই কাজ করা হচ্ছে। অন্য অংশের বক্তব্য অবশ্য ভিন্ন। তাঁদের ব্যাখ্যা, এসআইআরের যাচাই তালিকায় নাম দেখে নথির বৈধতা যাচাই করে আসলে পুলিশ অনুপ্রবেশকারী চিহ্নিত করতে চাইছে।

তবে নথি যাচাইয়ে পুলিশের জুড়ে যাওয়া নিয়ে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে। বুধবার রাতে এ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

বৃহস্পতিবার ভাঙড়ের  আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, গত কয়েকদিন ধরেই তাঁর কাছে এই মর্মে প্রচুর ফোন আসছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভাঙড়ের বিধায়ক বলেন, “আমি অবাক হয়ে যাচ্ছি, পুলিশের আসল কাজটা কী? রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক রাখা পুলিশের কাজ, কোনও ভোটারের তথ্য অনুসন্ধান করা নয়। এই কাজের জন্য নির্বাচন কমিশনের বুথ লেভেল অফিসার বা বিএলও (BLO) রয়েছেন। নির্বাচন কমিশন কি পুলিশকে এমন কোনও গাইডলাইন দিয়েছে যে তারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নথি যাচাই করবে?”

রাজ্যের এসআইআর প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা বিচারাধীন। চলতি সপ্তাহেই একটি শুনানির পরে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল, ট্রাইবুনালের সংখ্যা বৃদ্ধি করা হোক। এর মধ্যেই ময়দানে নেমেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, যেহেতু জেলাশাসকরা জেলা নির্বাচনী আধিকারিক (DEO), তাই তাঁদের থেকেই যাচাই তালিকায় ঝুলে থাকাদের নাম, নম্বর সংগ্রহ করে কর্মযজ্ঞ শুরু করেছে পুলিশ। কোথাও বাড়ি বাড়ি যাওয়া হচ্ছে, কোথাও আবার ডেকে নেওয়া হচ্ছে থানায়। জনপ্রতিনিধি হিসাবে অনেক জায়গায় বিজেপির বিধায়করা সমাজমাধ্যমে পোস্ট করে যাচাই তালিকায় নাম থাকা মানুষকে নথি নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন। তবে পুলিশমহলে এ-ও প্রশ্ন রয়েছে, সাত দিনে এই কাজ কী ভাবে সম্পন্ন করা সম্ভব!

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0