‘আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার পর আর প্রধানমন্ত্রী থাকবেন না মোদী’, ফের চ্যালেঞ্জ রাহুলের

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, তখন সংসদ ভবন নিজেই একটি সর্বশ্রেষ্ঠ বিতর্কের মঞ্চ হিসেবে উপস্থিত রয়েছে।

Nov 14, 2026 - 16:00
‘আমার সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার পর আর প্রধানমন্ত্রী থাকবেন না মোদী’, ফের চ্যালেঞ্জ রাহুলের

ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) মুখোমুখি বিতর্কের আহ্বান জানালেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। আর এবার তিনি দাবি করেন যে, তাঁর সঙ্গে একবার মুখোমুখি বিতর্কে বসলেই প্রধানমন্ত্রী পদে আর টিকতে পারবেন না নরেন্দ্র মোদী। এদিকে সংসদ ভবনে বিতর্কের ব্যাপারে বিজেপির আপত্তির প্রসঙ্গ উঠলে রাহুল সাফ জানিয়ে দেন যে, তাঁকে সংসদের অন্দরে কথা বলতে দেওয়া হয় না এবং তাঁর মাইক্রোফোন পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়।

কৃষি বিল, ভোট চুরি, এসআইআর (SIR), চিন, জেনারেল নারাভানের বই এবং এপস্টাইন প্রসঙ্গ উল্লেখ করে রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ করেন যে, ওই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁকে সংসদে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। তবে তাঁর বক্তব্য, এই নিয়ে কোনও বিতর্কে যেতে চান না, বরং একজন প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার মুখোমুখি আলোচনা চান।

এই বিতর্কের বিচারক হিসেবে শিল্পপতি গৌতম আদানি বা আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবতকে দায়িত্ব দেওয়া হলেও তাঁর কোনও আপত্তি নেই বলে মন্তব্য করেন তিনি। রাহুল আত্মবিশ্বাসের সুরে বলেন যে, তাঁর সঙ্গে এই বিতর্ক হলে নরেন্দ্র মোদী যে আর প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন না, সে বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত। অতীতেও মোদীকে প্রকাশ্যে বিতর্কের চ্যালেঞ্জ জানিয়ে রাহুল দাবি করেছিলেন যে, মাত্র পাঁচ মিনিটেই প্রধানমন্ত্রীকে ‘বিশ্বাসঘাতক’ প্রমাণ করে দিতে পারেন তিনি।  

এদিকে রাহুলের এই চ্যালেঞ্জকে আমল দিতে নারাজ পদ্ম শিবির। বিজেপি নেতারা রাহুলের এই দাবিকে উপহাস করে উল্টে তাঁর বিরুদ্ধেই সংসদে বিতর্ক এড়িয়ে চলার অভিযোগ তুলেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন যে, রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রীকে বিতর্কের স্থান বেছে নেওয়ার আহ্বান জানাচ্ছেন, তখন সংসদ ভবন নিজেই একটি সর্বশ্রেষ্ঠ বিতর্কের মঞ্চ হিসেবে উপস্থিত রয়েছে। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর আরও বেশি করে দায়িত্বশীলতা ও গাম্ভীর্য দেখানো উচিত বলে কটাক্ষ করেছেন অর্থমন্ত্রী।  

অন্যদিকে, শুধু রাজনৈতিক বিতর্কই নয়, লাগাতার দ্রব্যমূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতির ইস্যু নিয়েও গত শুক্রবার মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। দেশের সাধারণ মানুষ যেভাবে আকাশছোঁয়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম এবং খাদ্য ও পানীয়ের বর্ধিত মূল্যের চাপে পিষ্ট হচ্ছেন, তা তুলে ধরে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স (X)-এ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন শেয়ার করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। এর আগে বৃহস্পতিবারও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল হাত শিবির।   

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0