আমেরিকায় ফের ডিজিটাল বিপর্যয়! মাইক্রোসফট-বিমান পরিষেবার পর স্তব্ধ ব্যাংক পরিষেবা, বন্ধ লেনদেন
আমেরিকায় একের পর এক ডিজিটাল বিপর্যয়! মাইক্রোসফট ও বিমান পরিষেবা ব্যাহত হওয়ার পর এবার স্তব্ধ হয়ে পড়ল দেশের ব্যাঙ্কিং পরিষেবা। চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
গত কয়েকদিন ধরেই একের পর এক বড়সড় প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়ছে আমেরিকা। শুক্রবার মাইক্রোসফটের সার্ভার ডাউন এবং দেশজুড়ে বিমান চলাচল থমকে যাওয়ার রেশ কাটতে না কাটতেই, সোমবার নতুন করে চরম ভোগান্তিতে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের কোটি কোটি ব্যাঙ্ক গ্রাহক (US Banking Outage)। জেপি মরগান চেজ (Chase), ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America), ওয়েলস ফার্গো (Wells Fargo) এবং ক্যাপিটাল ওয়ানের (Capital One) মতো দেশের প্রথম সারির ব্যাঙ্কগুলোর অনলাইন পরিষেবা আচমকাই মুখ থুবড়ে পড়ে (Banking Services Down)।
সোমবার সকাল থেকেই হাজার হাজার গ্রাহক অভিযোগ করতে শুরু করেন যে তাঁরা ব্যাঙ্কিং অ্যাপে লগ-ইন করতে পারছেন না। অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করা কিংবা লেনদেনের কোনও তথ্য দেখাও সম্ভব হচ্ছিল না। ‘ডাউনডিটেক্টর’ (Downdetector) জানিয়েছে, শুধুমাত্র চেজ ব্যাঙ্কের পরিষেবা নিয়েই ৩,৩০০-র বেশি অভিযোগ জমা পড়েছে। এছাড়া ব্যাঙ্ক অফ আমেরিকা এবং ওয়েলস ফার্গোর মিলিত অভিযোগের সংখ্যা ছাড়িয়েছে ১,৪০০।
পরিস্থিতি সামাল দিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ গ্রাহকদের কাছে ক্ষমা চেয়ে নেয় চেজ। পরবর্তীতে জেপি মরগান চেজ এক বিবৃতিতে জানায়, তাদের নিজস্ব সিস্টেমে একটি ‘সফটওয়্যার বাগ’ বা যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পরিষেবা ধীর হয়ে পড়েছিল এবং এর প্রভাব অন্যান্য ব্যাঙ্কেও পড়ে থাকতে পারে। তবে গ্রাহকদের অ্যাকাউন্ট এবং জমানো টাকা সম্পূর্ণ সুরক্ষিত আছে বলে আশ্বস্ত করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, চেজ যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাঙ্ক, যার ৮ কোটি ৬০ লক্ষের বেশি সাধারণ গ্রাহক এবং ৭৪ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ী গ্রাহক রয়েছে। অন্যদিকে ব্যাঙ্ক অফ আমেরিকা ও ওয়েলস ফার্গোর প্রতিটিরই বিশ্বজুড়ে প্রায় ৭ কোটি করে গ্রাহক রয়েছে।
এই ব্যাঙ্কিং বিপর্যয়ের ঠিক তিন দিন আগেই, অর্থাৎ গত শুক্রবার ভয়াবহ প্রযুক্তিগত সমস্যার সাক্ষী ছিল যুক্তরাষ্ট্র। সেদিন মাইক্রোসফটের সার্ভার বিকল হয়ে যাওয়ায় আউটলুক, টিমস এবং কোপাইলটের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ হয়ে যায়। নেটওয়ার্ক কনফিগারেশনের ত্রুটির কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, আদালত এবং সরকারি দপ্তরগুলোর কাজকর্ম ব্যাহত হয়।
একই দিনে টেলিযোগাযোগ ব্যবস্থায় বড়সড় ত্রুটির জেরে দেশজুড়ে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নজিরবিহীন সিদ্ধান্ত নেয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA)। নিরাপত্তার খাতিরে প্রায় পাঁচ ঘণ্টা ধরে সাড়ে তিন হাজার বিমানের উড়ান স্থগিত রাখা হয়।
এই বিমান বিপর্যয়ের জন্য বিমানবন্দরের পুরনো যন্ত্রপাতিকে দায়ী করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে তিনি জানান, শুক্রবার যে যন্ত্রপাতিগুলো বিকল হয়েছিল তার মধ্যে কিছু ৫৫ বছরের পুরনো। তাঁর কথায়, "খুবই পুরনো যন্ত্রপাতির যেন হার্ট অ্যাটাক হয়েছিল।" সরকার দ্রুত এই যন্ত্রপাতিগুলো বদলে ফেলার পরিকল্পনা করছে বলেও জানান তিনি। মাত্র পাঁচ ঘণ্টার সেই নিষেধাজ্ঞার রেশ চলে গোটা সপ্তাহান্ত জুড়ে। ফ্লাইট-ট্র্যাকিং ওয়েবসাইট 'ফ্লাইটঅ্যাওয়্যার'-এর তথ্য অনুযায়ী, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ২০ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং ২৫ হাজারের বেশি ফ্লাইট দেরিতে চলেছে, যার রেশ সোমবারও অব্যাহত ছিল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0