উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলে ল্যান্ডফল নিম্নচাপের, গতি বদলানোয় আজ সারাদিন দুর্যোগ বাংলায়

বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ উত্তর অন্ধ্র ও ওড়িশা উপকূলে ল্যান্ডফল করেছে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Sep 24, 2026 - 12:32
0 0

বঙ্গোপসাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত না হয়েই ঢুকে পড়েছে স্থলভাগে। বুধবার গভীর রাতে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমে স্থলভাগে প্রবেশ করে এটি। এরপর বাঁক নেয় উত্তর-উত্তরপূর্ব দিকে। আবহাওয়া দফতরের জানাচ্ছে, এর প্রভাবে বৃহস্পতিবার বাংলার বিস্তীর্ণ অংশে বৃষ্টির পরিমাণ প্রবলভাবে বাড়বে।

উপকূলে ঝোড়ো হাওয়া, জারি কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বৃহস্পতিবার। এই তিন জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। তালিকায় রয়েছে ঝাড়গ্রামও। অন্যত্র ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহাওয়াবিদ।

বুধবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা ছিল। বৃহস্পতিবার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। এক-দু’জায়গায় বৃষ্টির পরিমাণ ২০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। কলকাতা, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে, জারি কমলা সতর্কতা। পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও হাওড়া বাদ যাবে না এই দুর্যোগ থেকে।

কলকাতায় বাড়বে বৃষ্টি, ঝড়েরও আশঙ্কা

বৃহস্পতিবার কলকাতায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির দাপট বজায় থাকবে। পরে পরিমাণ কিছুটা কমবে কিন্তু বৃষ্টি থাকবে শুক্রবারও।

উত্তরবঙ্গে নিম্নচাপের দাপট

উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত ভারী বৃষ্টি সসম্ভাবনা থাকছে, জারি হলুদ সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ির পাশাপাশি উত্তর দিনাজপুরের কিছু অংশেও ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে একই সতর্কতা বজায় থাকবে। রবিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে পুরোপুরি কমে গিয়ে শরতের রোদ দেখার আশা এখনই নেই। সামগ্রিকভাবে রাজ্যে ২৬ সেপ্টেম্বরের পর বৃষ্টি অনেকটা কমবে। বর্ষা বিদায়েই এখনই সম্ভাবনা নেই।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User