'একদম চিন্তা করবেন না, আমি তো আছি', এনসিপিআই সাংসদদের আশ্বাসবার্তা প্রধানমন্ত্রীর

বৈঠকে উপস্থিত এনডিএ সাংসদদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান যে, সংসদীয় গ্রন্থাগারে থাকা ঐতিহাসিক নথিপত্র ও তথ্য ব্যবহার করে যেন তাঁরা বিতর্কের প্রস্তুতি নেন। প্রতিটি রাজ্যের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি জানান, নিজ নিজ রাজ্যের এবং লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য সাংসদদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

Aug 07, 2026 - 17:49
0 0

সংসদে প্রতিনিয়ত বিরোধীদের হট্টগোল ও অধিবেশন স্থগিতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। শুক্রবার সকালে তাঁর সরকারি বাসভবনে এনডিএ-র (NDA Meet) বিভিন্ন শরিক দলের লোকসভা সাংসদদের সঙ্গে আয়োজিত এক বিশেষ প্রাতরাশ বৈঠকে তিনি সাংসদদের উদ্দেশ্যে সংসদীয় বিতর্কে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কড়া বার্তা দেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদ হল গণতন্ত্রের সর্বোচ্চ মন্দির। সেখানে হইচই এবং হট্টগোলের কারণে নতুন ও তরুণ সাংসদেরা তাঁদের বক্তব্য তুলে ধরার বা কথা বলার সুযোগ পাচ্ছেন না, যা অত্যন্ত অন্যায়।

বৈঠকে উপস্থিত এনডিএ সাংসদদের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান যে, সংসদীয় গ্রন্থাগারে থাকা ঐতিহাসিক নথিপত্র ও তথ্য ব্যবহার করে যেন তাঁরা বিতর্কের প্রস্তুতি নেন। প্রতিটি রাজ্যের সার্বিক উন্নয়নের ওপর জোর দিয়ে তিনি জানান, নিজ নিজ রাজ্যের এবং লোকসভা কেন্দ্রের উন্নয়নের জন্য সাংসদদের আন্তরিকভাবে কাজ করতে হবে। কারণ রাজ্যগুলি উন্নত হলেই পুরো দেশ এগিয়ে যাবে। নিজের এলাকার যে কোনও উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে বা সমস্যা হলে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের (PMO) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

প্রাতরাশ বৈঠকে এনসিপিআই (তৃণমূল ছেড়ে নতুন দল গঠনে অংশ নেওয়া) সাংসদরা, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা, আরপিআই (আঠাওলে), রাষ্ট্রীয় লোক মোর্চা, এআইএডিএমকে এবং ইউপিপিএল-এর ৪০ জনেরও বেশি সাংসদ অংশ নেন।

এনডিএ-তে যোগ দেওয়া এই সমস্ত নতুন সাংসদদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "এনডিএ হল একটি ঐক্যবদ্ধ পরিবার। আমরা প্রতিটি শরিক দলের পাশে রয়েছি। কোনও একক দলের কথা নয়, এনডিএ-র প্রতিটি সাংসদের সঙ্গেই আমি ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে আছি। আপনাদের কোনও বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, প্রত্যেকেই উপযুক্ত সম্মান ও কাজের সুযোগ পাবেন।"

বৈঠকের শেষে প্রধানমন্ত্রী প্রতিটি সাংসদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন এবং তাঁদের শারীরিক ও রাজনৈতিক খবরাখবর নেন। বিরোধী শিবিরের সাংসদদের সঙ্গেও সৌজন্যমূলক সম্পর্ক বজায় রেখে ও গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করতে নবীন সাংসদদের উপদেশ দেন প্রধানমন্ত্রী।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User