এসআইআরে নাম বাদ বাবার, বার্থ সার্টিফিকেট পাচ্ছে না শিশুকন্যা! নতুন নিয়ম মনে করালেন মুখ্যমন্ত্রী

ভোটার তালিকায় নাম বাদ পড়ায় মিলছে না শিশুকন্যার বার্থ সার্টিফিকেট! কোচবিহারের এই ঘটনায় জন্ম-মৃত্যু শংসাপত্র দেওয়ার নতুন সরকারি নিয়ম মনে করালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Nov 26, 2026 - 14:54
এসআইআরে নাম বাদ বাবার, বার্থ সার্টিফিকেট পাচ্ছে না শিশুকন্যা! নতুন নিয়ম মনে করালেন মুখ্যমন্ত্রী

এসআইআর (SIR)-এর জেরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে (SIR voter list exclusion)। আর সেই কারণেই সদ্যোজাত কন্যাসন্তানের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র পেতে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে আব্দুল হাবিবকে। কোচবিহারের দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত খাটামারি গ্রামের বাসিন্দা আব্দুল টানা দু’মাস ধরে বিভিন্ন সরকারি দফতরে দৌড়ঝাঁপ করেছেন, কোনও সুরাহা মেলেনি। এদিকে সরকারের সাফ বক্তব্য, সরকারি নিয়মে আইনমাফিক আপাতত বদল (West Bengal birth certificate new rules) হয়েছে।

মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গের এই ঘটনা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে (Cooch Behar birth certificate controversy)। এমনকি কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ সিপিএম নেতা পিনারাই বিজয়ন (Pinarai Vijayan)-ও কোচবিহারের ঘটনা নিয়ে সরব হয়েছেন। বুধবার অবশ্য ব্যাখ্যা দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বলেন, “আইনমাফিক যা হওয়ার হবে। বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা এখন পঞ্চায়েত-পুরসভার হাতে নেই। আমরা তা আধিকারিকদের দিয়েছি। ওখানেই আধিকারিকরা দেখে যা করার করবেন।”

বার্থ বা ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নতুন নিয়ম কী বলছে?

চলতি বছরেই সরকারিভাবে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতর। গ্রাম পঞ্চায়েত প্রধান, পুরপ্রধান এবং পুরনিগমের মেয়রদের হাত থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষমতা সরে গিয়ে ফের ফিরে এসেছে সরকারি আধিকারিকদের হাতে।

রাজ্য সরকার নির্দেশিকা জারি করে স্পষ্ট করে দিয়েছিল যে, জেলাশাসকরাই হলেন সংশ্লিষ্ট জেলার ‘ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথস’। ব্লক থেকে পুরসভা, পঞ্চায়েত থেকে কর্পোরেশন—সব এলাকায় জন্ম-মৃত্যুর রেজিস্ট্রেশন কাদের হাতে থাকবে, তা বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দিয়েছে সরকার। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি স্বাস্থ্য আধিকারিকদেরও এই দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত জাল এবং ভুয়ো সার্টিফিকেট ঠেকাতেই এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণ ও ব্লক স্বাস্থ্য ক্ষেত্রের ক্ষেত্রে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার-এর ব্লক মেডিক্যাল অফিসার অফ হেলথ এবং গ্রামীণ হাসপাতালগুলির সুপাররা তাঁদের প্রশাসনিক নিয়ন্ত্রাধীন সমস্ত গ্রামীণ হাসপাতালের প্রাতিষ্ঠানিক জন্ম-মৃত্যুর ক্ষেত্রে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, জেলা হাসপাতাল, সাব-ডিভিশনাল হাসপাতাল, স্টেট জেনারেল হাসপাতাল এবং স্টেট স্পেশালিটি হাসপাতালের সুপাররা নিজ নিজ প্রতিষ্ঠানের সমস্ত জন্ম ও মৃত্যুর জন্য রেজিস্ট্রারের দায়িত্ব সামলাবেন। পাশাপাশি, প্রতিটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপার-কাম-ভাইস প্রিন্সিপাল (এমএসভিপি) সেখানকার প্রাতিষ্ঠানিক জন্ম ও মৃত্যুর রেজিস্ট্রারের দায়িত্বে থাকবেন।

পুরসভাগুলির ক্ষেত্রে জেলা রেজিস্ট্রার একজন সরকারি অফিসারকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করবেন। অন্যদিকে, মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় পুর কমিশনার সেই নিয়োগ করবেন। তবে কলকাতা পুরনিগমের ক্ষেত্রে মিউনিসিপ্যাল কমিশনার নিজেই ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারের ক্ষমতা প্রয়োগ করবেন এবং তাঁর অধীনে একজন সরকারি অফিসারকে নির্দিষ্ট রেজিস্ট্রার হিসেবে নিয়োগ করবেন।

রাজ্য সরকারের নতুন নির্দেশিকা বলছে, অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসক, বিডিও এবং কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার নিজ নিজ এক্তিয়ারভুক্ত এলাকায় ‘অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট রেজিস্ট্রার’-এর দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালও জানান, পঞ্চায়েত প্রধান বা পুরপ্রধানের মতো জনপ্রতিনিধিদের কোনও দায়বদ্ধতা থাকে না। ফলে তাঁরা ভুল করলে কী শাস্তি হবে, তার কোনও সংস্থান বাম আমলে সংশোধিত জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন আইনে ছিল না। অথচ, এই সংশোধিত আইনের বলেই তাঁরা বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা পেয়েছিলেন।

কী ঘটেছিল? কেন মিলছে না বার্থ সার্টিফিকেট?

আব্দুলের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে এক কন্যাসন্তানের জন্ম দেন হাবিবের স্ত্রী আলমিনা খাতুন। সন্তানের জন্মের পর নিয়ম মেনে বার্থ সার্টিফিকেট তৈরির প্রক্রিয়া শুরু করতে গিয়েই বাধার মুখে পড়েন তাঁরা। হাবিবের দাবি, সাধারণত স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা পঞ্চায়েত সদস্যের কাছ থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের মেলে। কিন্তু গত ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর তাঁদের এলাকার সংশ্লিষ্ট পঞ্চায়েত সদস্য ও প্রধান পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি।

হাবিবের অভিযোগ, পঞ্চায়েত থেকে বিধায়কের দফতরে ঘুরেছেন তিনি, কিন্তু এসআইআরে তাঁর নাম না থাকায় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে অস্বীকার করা হয়। সেই জটেই এখনও তৈরি হয়নি মেয়ের বার্থ সার্টিফিকেট। বাবা-মায়ের প্রয়োজনীয় নথিপত্র থাকা সত্ত্বেও কেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট মিলছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাবিব।

ভোটার তালিকায় নাম না থাকার কারণেই যদি এ ধরনের সরকারি পরিষেবা আটকে যায়, তা হলে কবে ভোটার তালিকায় নাম উঠবে এবং কবে তাঁরা সন্তানের জন্ম শংসাপত্র হাতে পাবেন - এই চিন্তাই ভাবাচ্ছে আব্দুলকে। কিন্তু এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাফ কথা, নিয়ম মেনেই যা হওয়ার হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0