কালীপুজোয় দক্ষিণেশ্বর ও কালীঘাট যাওয়া আরও সহজ! রবিবার মিলবে বিশেষ মেট্রো পরিষেবা, রইল সময়সূচি
কালীপুজোয় দক্ষিণেশ্বর ও কালীঘাটের দর্শনার্থীদের সুবিধায় রবিবার বিশেষ মেট্রো পরিষেবা। ব্লু ও গ্রিন লাইনে বাড়ছে ট্রেন, এগিয়ে আসছে প্রথম মেট্রো এবং পিছোচ্ছে শেষ মেট্রোর সময়।
কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর এবং কালীঘাটের মন্দিরে পুণ্যার্থী ও দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামীকাল, অর্থাৎ রবিবার ব্লু এবং গ্রিন লাইনে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যা। সেই সঙ্গে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এই দুই লাইনেই দিনের প্রথম মেট্রোর সময় এগিয়ে আনা হয়েছে এবং রাতের শেষ মেট্রোর সময় বেশ খানিকটা পিছিয়ে দেওয়া হয়েছে।
ব্লু লাইনের বিশেষ সময়সূচি
কালীপুজো উপলক্ষে রবিবার ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৫২টি রেক চালানো হবে, যার মধ্যে উভয় দিকেই ৭৬টি করে ট্রেন চলবে। এদিন সকাল ৯টার পরিবর্তে দিনের প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে আরও আগেই। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৫৪ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রোগুলি সকাল ৯টার বদলে সকাল ৮টা থেকেই পাওয়া যাবে।
রাতের দিকেও দর্শনার্থীদের ফেরার সুবিধার্থে শেষ মেট্রোর সময় বাড়ানো হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো রাত ১০টা ০৩ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। অন্যদিকে, শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো রাত ১০টা ১৫ মিনিটের বদলে পাওয়া যাবে রাত ১১টায়। পাশাপাশি দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার যাওয়ার শেষ মেট্রোটিও রাত ১০টা ১৮ মিনিটের পরিবর্তে রাত ১১টায় ছাড়বে।
গ্রিন লাইনের পরিষেবা ও সময়সূচি
রবিবার গ্রিন লাইনেও মেট্রোর সংখ্যা ১১১টি থেকে বাড়িয়ে মোট ১২৩টি করা হচ্ছে, যার মধ্যে আপ লাইনে ৬১টি এবং ডাউন লাইনে ৬২টি রেক চলবে। এই লাইনেও সকালের প্রথম মেট্রোর সময় এগিয়ে আনা হয়েছে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো সকাল ৯টার পরিবর্তে ছাড়বে সকাল ৮টায় এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম ট্রেন সকাল ৯টা ০২ মিনিটের বদলে ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। এছাড়া গ্রিন লাইনের দু’দিকেই রাতের শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত ১১টা পর্যন্ত।
ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনের আপডেট
ব্লু ও গ্রিন লাইনে বড় পরিবর্তন আনা হলেও ইয়েলো লাইনের সময়সূচিতে কোনো বদল করা হয়নি। রবিবার এই লাইনে আপ ও ডাউন মিলিয়ে ৩৯টি করে মোট ৭৮টি রেক চলবে। নোয়াপাড়া থেকে বিমানবন্দরগামী প্রথম মেট্রো সকাল ৯টা ১৮ মিনিটে এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো সকাল ৯টা ৪০ মিনিটে ছাড়বে। রাতের শেষ মেট্রো নোয়াপাড়া থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রাত ৯টায় এবং বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশ্যে রাত ৯টা ২০ মিনিটে যথারীতি ছাড়বে। তবে ৮ নভেম্বর, রবিবার পার্পল এবং অরেঞ্জ লাইনে কোনো মেট্রো পরিষেবা চালু থাকবে না বলে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0