কেকেআরে হার্দিক! দলবদল সফল হলে নাইটদের থেকে কোন তিন জুটিকে চাইতে পারে মুম্বই?

আইপিএল ২০২৭-এর আগে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন হার্দিক পাণ্ডিয়া। কেকেআর-এর সঙ্গে ট্রেড হলে কোন তিন জুটিকে টার্গেট করতে পারে মুম্বই? পড়ুন বিস্তারিত।

Aug 07, 2026 - 18:50
0 0
কেকেআরে হার্দিক! দলবদল সফল হলে নাইটদের থেকে কোন তিন জুটিকে চাইতে পারে মুম্বই?

ক্রমশ গুঞ্জনের পারদ চড়ছে—মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন হার্দিক পাণ্ডিয়া। ফ্র্যাঞ্চাইজির অন্দরে নাকি তিনি খুব একটা খুশি নন। আগামী ২০২৭ মরশুমের আগে অলরাউন্ডারের দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে। মুম্বই অবশ্য এমন ট্রেডের খবর উড়িয়ে দিয়েছে। তবে ভারতীয় ক্রীড়ামহলে হইচই কিন্তু একেবারেই থামছে না। সব ধরনের ক্রিকেট থেকে অজিঙ্ক রাহানের অবসরের পর কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখন নতুন অধিনায়কের খোঁজে। সেই শূন্যস্থান পূরণে এই গুজরাতি তারকা বড় বিকল্প হয়ে উঠতে পারেন। যদি সত্যিই মেগা ট্রেড আলোর মুখ দেখে, তবে কেকেআরের থেকে কোন তিন জুটিকে চাইতে পারে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)? রইল কিছু সম্ভাবনা৷

রিঙ্কু সিং ও হর্ষিত রানা

অধিনায়ক দল ছাড়লে একজন নির্ভরযোগ্য ফিনিশার চাইবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। নির্দিষ্ট ভূমিকায় রিঙ্কু সিং এখন প্রতিষ্ঠিত নাম (Hardik Pandya Trade)। ৬২ ইনিংসে বাঁ-হাতি ব্যাটারের মোট রান ১৩৯৪। গড় ৩৪.০০ এবং স্ট্রাইক রেট ১৪৫.৯৬, যার মধ্যে রয়েছে ছ'টি হাফ-সেঞ্চুরি।

তাঁর সঙ্গে ফ্র্যাঞ্চাইজির নজরে থাকতে পারেন পেসার হর্ষিত রানা। জসপ্রীত বুমরাহ বরাবরই চোটপ্রবণ, অন্যদিকে ট্রেন্ট বোল্ট বা দীপক চাহারদের পুরনো ধার অনেকটাই কমেছে। ফলে তরুণ ভারতীয় বিকল্প হিসেবে হর্ষিত দারুণ কার্যকরী (Harshit Rana)। ৩৪টি মেগা লিগের ম্যাচে ইতিমধ্যে ৪০টি উইকেট তুলে নিয়েছেন তিনি। তা ছাড়া দরকার পড়লে ব্যাট হাতেও দলের স্কোরবোর্ডে অবদান রাখতে সক্ষম।

অঙ্গকৃশ রঘুবংশী ও অনুকূল রায়

রোহিত শর্মার বয়স বর্তমানে ৩৯ বছর ছুঁয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে সূর্যকুমার যাদবও ৩৬-এ পা দেবেন। ভবিষ্যতের কথা মাথায় রেখে তাই তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশীর দিকে নজর দিতে পারে টিম ম্যানেজমেন্ট (MI vs KKR)। প্রতিভাবান ডানহাতি খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের হয়েই খেলেন। প্রয়োজনে কিপারের গ্লাভস হাতে উইকেটের পিছনে দাঁড়াতে পারেন। গত মরশুমে ১২ ইনিংসে ৪২২ রান করেন ২২ বছরের এই তারকা। সেখানে গড় ছিল নজরকাড়া ৪২.২০। তাঁর সম্ভাব্য সঙ্গী আরেক পরিচিত মুখ অনুকূল রায়। ঝাড়খণ্ডের এই স্পিন অলরাউন্ডার আগে নীতা আম্বানির দলের হয়ে বেশ সফল। প্রথম একাদশে মিচেল স্যান্টনারের ব্যাকআপ হিসেবে তিনি অত্যন্ত দরকারি হয়ে উঠতে পারেন। এর ফলে অন্য পজিশনে একজন বাড়তি বিদেশি খেলানোর সুযোগ পাবে দল।

বরুণ চক্রবর্তী ও কার্তিক ত্যাগী

বেশ কয়েক বছর ধরে ধারাবাহিক স্পিনারের অভাবে ভুগছে মুম্বই শিবির। লেগস্পিনার মায়াঙ্ক মার্কণ্ডে সেভাবে দাগ কাটতে ব্যর্থ। স্যান্টনার বা আল্লাহ গজনফরের মতো বিদেশি থাকলেও, নির্ভর করার দেশি স্পিনারের বিকল্প থাকা জরুরি (IPL 2027)। সেই জায়গায় রহস্যস্পিনার বরুণ চক্রবর্তী একদম নিখুঁত বাছাই। ৯৫টি আইপিএল ম্যাচে ১১১টি শিকার রয়েছে তাঁর ঝুলিতে। ভারতের হয়ে টি-২০ ফরম্যাটেও নিয়মিত খেলেছেন।

বরুণের সঙ্গে তরুণ বোলার কার্তিক ত্যাগীকে চাইতে পারে ফ্র্যাঞ্চাইজি। গত প্রতিযোগিতায় ১৩ ম্যাচে ১৮টি উইকেট নেন তিনি। নতুন ভারতীয় পেসারের খোঁজে থাকা দলের জন্য ২৫ বছর বয়সি কার্তিক রীতিমতো সম্পদ হয়ে উঠতে পারেন (Cricket News)। তাঁর গতি ও বৈচিত্র্য আগামী দিনে বোলিং লাইন-আপকে ভরসা জোগাবে।

দলবদলের এই বাজারে চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়, সেটাই এখন দেখার বিষয়। হার্দিক শেষমেশ ফ্র্যাঞ্চাইজি ছাড়লে নিলামে বড়সড় রদবদল ঘটতে বাধ্য। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে সেই খবরের অপেক্ষায় দিন গুনছেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User