ক্যামাক স্ট্রিট কাণ্ডে পুলিশের কড়া পদক্ষেপ, দায়ের ৩টি এফআইআর, গ্রেফতার ১৩
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের হোর্ডিং সরানোকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় ৩টি মামলা দায়ের। এখনও পর্যন্ত গ্রেফতার ১৩ জন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের (Camac Street) অফিসের বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে এবার কড়া আইনি পদক্ষেপ করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলের সেই ঘটনার জেরে মোট ৩টি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুরো ঘটনা প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
পুলিশের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ৯ নম্বর ক্যামাক স্ট্রিটে অবস্থিত একটি বেআইনি হোর্ডিং অপসারণের জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে লিখিতভাবে পুলিশি সহায়তার আবেদন করা হয়েছিল। সেই আবেদনের প্রেক্ষিতে পুর আধিকারিকদের নিরাপত্তা দিতে ঘটনাস্থলে পৌঁছায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। কিন্তু অভিযোগ, পুলিশ ও পুর প্রতিনিধিরা পৌঁছানোমাত্রই সেখানে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, হুমায়ুন কবীর এবং বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ বিপুল সংখ্যক সমর্থক অনিয়ম করে জমায়েত হন। তাঁরা পুরসভার কর্মী ও পুলিশ আধিকারিকদের চত্বরে প্রবেশে বাধা সৃষ্টি করেন এবং সরকারি নির্দেশ পালনে সরাসরি প্রতিবন্ধকতা তৈরি করেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে উপস্থিত পুলিশ সদস্য ও পুরকর্মীদের ওপর চড়াও হয়ে বলপ্রয়োগ ও হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এমনকি ডিউটিতে থাকা এক মহিলা পুলিশ কর্মীকে মারধর করা ছাড়াও তাঁর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয় বলে গুরুতর অভিযোগ জমা পড়েছে। এর পাশাপাশি উপস্থিত সরকারি কর্মীদের অকথ্য ভাষায় হুমকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছে পুলিশ। জড়িতদের বিরুদ্ধে চরম কড়া পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে অভিষেকের অফিসের এই বিলবোর্ড সরানো ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ক্যামাক স্ট্রিট এলাকায়। পুরসভা ও পুলিশকর্মীদের সঙ্গে অভিষেকের অফিসের কর্মচারীদের চরম হাতাহাতির ঘটনা ঘটে। তীব্র বাদানুবাদ ও উত্তেজনার পর শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা নাগাদ পুরসভার কর্মীরা সেই বিতর্কিত বিলবোর্ডটি খুলে নেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)