জাপানে 'দেশলাই বাক্সে' বন্দি এশিয়াড! ছোট খাটে পা মুড়ে শুতে হচ্ছে ৬ ফুটের অ্যাথলিটদের

এশিয়ান গেমসে চরম অব্যবস্থা। জাপানে দেশলাই বাক্সের মতো ছোট ঘরে থাকতে হচ্ছে অ্যাথলিটদের। খাটে পা পর্যন্ত ছড়াতে পারছেন না দীর্ঘদেহী খেলোয়াড়রা।

Sep 19, 2026 - 15:57
0 0

এশিয়ান গেমসের আসর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। কিন্তু তার আগে জাপানের চরম অব্যবস্থায় মাথায় হাত অ্যাথলিটদের। থাকার জন্য যে অস্থায়ী ঘর বরাদ্দ হয়েছে, সেগুলো দেখতে অনেকটা কাঠের বাক্সের মতো। অবস্থা এমন, যে ছ'ফুট লম্বা খেলোয়াড়দের সেই ছোট খাটে পা গুটিয়ে শুতে হচ্ছে। সঙ্গে দোসর বৃষ্টির ছাঁট। সব মিলিয়ে মহাদেশীয় ক্রীড়া উৎসব শুরুর আগে চরম বিতর্কের মুখে আয়োজকরা (Asian Games 2026)।

দেশলাই বাক্সে পা মোড়ার যন্ত্রণা

অলিম্পিক্সের মতো এখানে খেলোয়াড়দের জন্য কোনও বিলাসবহুল ভিলেজ তৈরি হয়নি। খরচ বাঁচাতে জাপানের নাগোয়া এবং আইচি প্রদেশের আয়োজকরা বেছে নিয়েছেন কাঠের তৈরি অস্থায়ী ঘর। যা পণ্য পরিবহণে ব্যবহৃত বাক্সের মতো দেখতে। দুর্যোগ মোকাবিলায় আকছার ব্যবহৃত হয়।

প্রায় ২ হাজার খেলোয়াড়কে এমন ঘরে রাখা হয়েছে। কোরিয়া বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জং জে-য়ং সংবাদ সংস্থাকে হতাশার সুরে বলেন, 'পরিস্থিতি এর আগে এতটা খারাপ কখনও হয়নি। যে অ্যাথলিটদের উচ্চতা ছ'ফুট সাত ইঞ্চির বেশি, তাঁরা বিছানায় পা পর্যন্ত ছড়াতে পারছেন না। এটা সম্পূর্ণ অযৌক্তিক।'

ফুটো ছাদ আর জলমগ্ন ঘর

শুধু বিছানার আকার নয়, ঘরের ছাদ নিয়েও বিস্তর অভিযোগ। দক্ষিণ কোরিয়ার বাস্কেটবল দলের এক সদস্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, ঘরের সিলিং চুঁইয়ে জল পড়ছে। মেঝে পুরো ভিজে জবজবে। ক্যাপশনে অসহায় আর্তি, 'দয়া করে আমাকে সাহায্য করুন।' গত সপ্তাহে নাগোয়ায় রেকর্ড বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হলে বাধ্য হয়ে অনেককে অস্থায়ী ঘর থেকে সরিয়ে নেওয়া হয়। খোদ প্রতিযোগিতার ভেন্যু থেকেও জল চুঁইয়ে পড়ার অভিযোগ মিলেছে (Japan Asian Games)।

বাড়তি অতিথির চাপে ক্রুজ ভরসা

প্রাথমিকভাবে ১৫ হাজার অতিথি আসার কথা ছিল। সেই অনুযায়ী বাজেট বরাদ্দ। কিন্তু পরে টেকবল ও প্যাডেল গেমস অন্তর্ভুক্ত হওয়ায় সংখ্যাটা ১৭ হাজার ছাড়িয়ে গিয়েছে। আয়োজক কমিটির সভাপতি হিদিয়াকি ওমুরা আগেই জানিয়েছিলেন, এই বাড়তি অভ্যাগতদের থাকার ব্যবস্থা করার মতো বাজেট বা লোকবল তাঁদের নেই। শেষ মুহূর্তে সম্মান বাঁচাতে নাগোয়া বন্দরে নোঙর করা একটি ইতালীয় ক্রুজ জাহাজে প্রায় ৫ হাজার জনের থাকার ব্যবস্থা হয়েছে। বাকিরা উঠেছেন বিভিন্ন হোটেলে।

ভারতের প্রস্তুতি ও আয়োজকদের সাফাই

জাপানের এই অস্থায়ী ঘরের সঙ্গে খেলোয়াড়দের মানিয়ে নিতে, ভারতে একই মাপের নকল ঘর তৈরি করে অনুশীলন করানো হয়েছে (Indian Athletes)। অন্যতম আয়োজক কর্তা ইউতা মাতসুও। জানিয়েছেন, খেলোয়াড়দের ক্ষোভের বিষয়ে তাঁরা ওয়াকিবহাল। দ্রুত পরিস্থিতি সংশোধনের চেষ্টা চলছে। ফিলিপিন্স অলিম্পিক কমিটির সভাপতি আব্রাহাম টোলেন্টিনোর বক্তব্য, তাঁদের খেলোয়াড়রা বিছানা পেলেও অনেক কোচ ও কর্তাকে বাধ্য হয়ে আলাদা হোটেলে থাকতে হচ্ছে (Sports News)। বাস্কেটবল ও ফুটবলের ম্যাচ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে শনিবার সরকারিভাবে এই প্রতিযোগিতার ঢাকে কাঠি পড়তে চলেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User