পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সামনে বচসা! জমি বিবাদে শরিককে মারধরের অভিযোগ রেখা পাত্রের বিরুদ্ধে
উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে জমি বিবাদকে কেন্দ্র করে চরম উত্তেজনা। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই শরিকদের সঙ্গে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ রেখা পাত্রের বিরুদ্ধে।
জমি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা। সেই ঝামেলাই গড়াল হাতাহাতিতে। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সামনে বিজেপি বিধায়ক রেখা পাত্র হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। তাঁকে আটকানোর চেষ্টা হলেও লাভ হয়নি। একজন বিধায়কের এহেন আচরণে ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও-র সত্যতা দ্য ওয়াল যাচাই করেনি।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ নম্বর ব্লকের সন্দেশখালি গ্রাম পঞ্চায়েতের বউঠাকুরান গ্রামের ঘটনা। স্থানীয়রা জানাচ্ছেন, রেখা পাত্রের বাবার বাড়ির প্রায় ৯ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরেই শরিক কালিপদ নস্কর ও তাঁর ছেলে সুভাষ নস্করের সঙ্গে বিবাদ চলছিল। জমির মালিকানা এবং রেকর্ড নিয়েও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপড়েন রয়েছে।
২০১৪ সালে রেখা পাত্রের বাবা দিলীপ পাত্র ওই জমির রেকর্ড করাতে গেলে শরিকদের সঙ্গে বিবাদ বাধে। প্রথমে বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ-পাল্টা অভিযোগ হয়। পরে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে সুভাষ নস্কর ওই প্রায় ৯ বিঘা চাষের জমিতে চাষ করার অধিকার পান বলে দাবি তাঁর পরিবারের।
অভিযোগ, সেই আদালতের নির্দেশ মেনে পুলিশি উপস্থিতিতে সুভাষ নস্কর জমিতে চাষ করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় সেখানে পৌঁছন হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র এবং তাঁর অনুগামীরা। দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। পরে তা হাতাহাতিতে গড়ায় বলে অভিযোগ।
ঘটনার যে ভিডিওটি ছড়িয়েছে, তাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। ওই ঘটনায় রেখা পাত্রও হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা লোকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যাচ্ছে।
বিধায়ক নিজেই এমন ঘটনায় জড়িয়ে পড়েছেন—এই অভিযোগ সামনে আসায় স্থানীয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। সন্দেশখালির আন্দোলনের মুখ হিসেবে পরিচিত রেখা পাত্রের বিরুদ্ধে এবার জমি বিবাদকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ানোর অভিযোগ নতুন করে বিতর্ক তৈরি করেছে।
তবে ভাইরাল ভিডিও-র সত্যতা এবং ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপট স্বাধীন ভাবে যাচাই করা সম্ভব হয়নি। জমি নিয়ে বিবাদে দু'পক্ষের বক্তব্যও এখনও স্পষ্ট ভাবে সামনে আসেনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)