বাংলার জন্য প্রকল্পের ফর্দ নিয়ে শুভেন্দু! গড়করির আশ্বাস, ‘দ্রৌপদীর থালার মতো তহবিল, ফুরোবে না!’

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির (Nitin Gadkari) উপস্থিতিতে রাজ্যের একগুচ্ছ নতুন সড়ক ও সেতু প্রকল্পের দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তেমনই গড়করিও আশ্বাস দিলেন, বাংলার পরিকাঠামো ও অর্থনৈতিক ভোলবদলে তহবিলের কোনও ঘাটতি হতে দেবেন না।

Nov 26, 2026 - 14:51
বাংলার জন্য প্রকল্পের ফর্দ নিয়ে শুভেন্দু! গড়করির আশ্বাস, ‘দ্রৌপদীর থালার মতো তহবিল, ফুরোবে না!’

কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির (Nitin Gadkari) উপস্থিতিতে রাজ্যের একগুচ্ছ নতুন সড়ক ও সেতু প্রকল্পের দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তেমনই গড়করিও আশ্বাস দিলেন, বাংলার পরিকাঠামো ও অর্থনৈতিক ভোলবদলে তহবিলের কোনও ঘাটতি হতে দেবেন না।

পশ্চিমবঙ্গের সার্বিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের কেন্দ্রীয় প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল কোলাঘাটে। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৪২ সালে দেশে গঠিত তিনটি জাতীয় সরকারের মধ্যে অন্যতম ছিল তাম্রলিপ্ত জাতীয় সরকার— যেখানে সতীশ সামন্তের নেতৃত্বে ২২ মাস জাতীয় সরকার চলেছিল এবং ২৯ সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরা আত্মবলিদান দিয়েছিলেন। রাজমার্গে ফাইটার জেট ও রাফাল নামানোর মতো সাফল্যের কথা তুলে ধরে গড়করিকে ‘বিকাশ পুরুষ’ আখ্যা দেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী জানান, গড়করির হাত ধরে শিলান্যাস, উদ্বোধন ও সব মিলিয়ে পশ্চিমবঙ্গ আজ কেন্দ্রের কাছ থেকে প্রায় ২৫ হাজার কোটি টাকার প্রকল্প পাচ্ছে। এর মধ্যে পূর্ব মেদিনীপুরে মাতঙ্গিনী হাজরার নামে নরঘাট সেতুর আরেকটি সেতু এবং উত্তরবঙ্গের সঙ্গে দ্রুত যোগাযোগের জন্য ফরাক্কার দ্বিতীয় সেতু জাতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। শুভেন্দুর মতে, ফরাক্কার দ্বিতীয় সেতু উত্তরবঙ্গের পাশাপাশি উত্তর-পূর্ব ভারত এবং প্রতিবেশী নেপাল ও ভুটানের সঙ্গে বাণিজ্য ও পর্যটনে বড় গতি আনবে। তিনি জানান, গত ছ’মাসে এনএইচ (জাতীয় সড়ক)-এর পেন্ডিং থাকা এনওসি ও জমি জট মিটিয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয় জোরদার করা হয়েছে।

রাজ্যের মানুষের স্বার্থে একাধিক নতুন প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আর্জি জানান শুভেন্দু। সেই তালিকায় রয়েছে:

  • ৭৫ কিলোমিটার দীর্ঘ কলকাতা-বনগাঁ-পেট্রাপোল নতুন রাজমার্গ (এনএইচ ৩৫)-এর সম্প্রসারণ।
  • হুগলি নদীর ওপর ফলতা ও বাগনান সংযোগকারী সেতু।
  • ৩৫ কিলোমিটার দীর্ঘ এনএইচ ১১৭-এর অ্যালাইনমেন্ট ও সম্প্রসারণ।
  • কাকদ্বীপ থেকে গঙ্গাসাগর সংযোগ এবং জোকা থেকে নামখানা ও নন্দকুমার থেকে দিঘা চার লেনের সড়ক।
  • সুন্দরবনের জন্য একাধিক সেতু, গোসাবা সেতু, গোসাবা থেকে বনগাঁ সংযোগকারী রাজমার্গ, দার্জিলিং থেকে শিলিগুড়ি রাজমার্গ এবং শিলিগুড়ি থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত রাজমার্গের কাজ সম্পূর্ণ করা।

জামশেদপুর থেকে পানাগড় হয়ে বাঁকুড়ার বিষ্ণুপুর, সোনামুখী ও মুকুটমণিপুর হয়ে দামোদর সেতু পর্যন্ত বিকল্প সড়ক, যা দুর্গাপুর ও জামশেদপুর শিল্পশহরকে যুক্ত করবে এবং মুকুটমণিপুর-সহ পর্যটনকেন্দ্র ও বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়েকে দুর্গাপুরের সঙ্গে জুড়ে বাণিজ্যিক দিক থেকে লাভজনক করে তুলবে।

শুভেন্দু বলেন, রাজ্যের নতুন সরকারকে সাহায্য করতে হবে, জমি রাজ্য সরকার দেবে। আগে বিরোধী দলনেতা থাকাকালীন গড়করি তাঁকে যে ভাবে পথ দেখিয়েছেন, এ বারও ঠিক সে ভাবেই বাংলাকে সমর্থন করার অনুরোধ জানান তিনি।

‘ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন’ ও ১ লক্ষ কোটির প্রতিশ্রুতি গড়করির

উপস্থিত সকলকে বাংলায় সম্ভাষণ জানিয়ে বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় মন্ত্রী। স্বামী বিবেকানন্দ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম ও কর্মভূমি বাংলার ইতিহাস ও ঐতিহ্যের প্রশংসা করে গড়করি বলেন, “আজ বাংলায় আবার ডবল ইঞ্জিন এসেছে। এক দিকে মোদীজি, অন্য দিকে শুভেন্দু অধিকারী। এই ডবল ইঞ্জিনের বুলেট ট্রেন এমন গতিতে ছুটবে যে বাংলাকে সমৃদ্ধ ও সম্পন্ন করে উন্নয়নের লক্ষ্য পূরণ করবে।”

পরিকাঠামোর সংজ্ঞা ব্যাখ্যা করতে গিয়ে গড়করি জানান, জল, বিদ্যুৎ, পরিবহণ ও যোগাযোগ, এই চারটি স্তম্ভ শক্তিশালী হলে শিল্প, ব্যবসা, কৃষি, গ্রামীণ উন্নয়ন, লগ্নি ও কর্মসংস্থান বাড়ে এবং দারিদ্র্য দূর হয়। মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে তিনি বলেন, “চিন্তা করবেন না। মহাভারতে দ্রৌপদীর থালার মতো আমার থালাতেও টাকার কোনও অভাব নেই। আপনি চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু আমি টাকা দিতে ক্লান্ত হব না।”

মহারাষ্ট্রে ১৯৯৫-২০০০ সালে মন্ত্রী থাকার সময় ৫৫টি উড়ালপুল, ওড়লি-বান্দ্রা সি লিঙ্ক ও মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের মতো প্রকল্পে বাজার থেকে তহবিল জোগাড়ের অভিজ্ঞতা তুলে ধরেন গড়করি। তাঁর দাবি, মুম্বই স্টক এক্সচেঞ্জে গেলে সাত দিনে নয়, সাত ঘণ্টায় কোটি কোটি টাকার সংস্থান হয়।

পরিসংখ্যান ও ভবিষ্যতের রূপরেখা

কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী,

  • ৩ লক্ষ কোটি টাকার কর্মসূচির মধ্যে প্রায় ৪০ হাজার কোটি টাকার ২,৪০০ কিলোমিটার প্রকল্পের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।
  • প্রায় ৩৫ হাজার কোটি টাকার ৪৫০ কিলোমিটার প্রকল্পের কাজ বর্তমানে চলছে।
  • পাইপলাইনে রয়েছে প্রায় ২ লক্ষ কোটি টাকার প্রকল্প, যার কয়েকটির কাজ শুরু হয়েছে।
  • এর বাইরেও এ দিন নতুন করে আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেছেন গড়করি। পাশাপাশি বাংলায় প্রায় ১,৫০,০০০ কোটি টাকার গ্রিনফিল্ড এক্সপ্রেস হাইওয়ে নির্মাণের কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী।

১৩ বছর ধরে এই দফতরের মন্ত্রী থাকার অভিজ্ঞতা তুলে ধরে গড়করি বলেন, “আমি সেই সব নেতার মতো নই যাঁরা ঘোষণা করে চলে যান। যা বলব, তা ডঙ্কা পিটিয়ে করে দেখাব।” সাহিত্য, কবিতা, শিল্প ও সংস্কৃতিতে বাংলা ও মহারাষ্ট্রের অবদানের কথা উল্লেখ করে তিনি স্বামী বিবেকানন্দের কথিত শতাব্দীর প্রসঙ্গ টানেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ও ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার স্বপ্নের কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট কেনেডির উক্তি উদ্ধৃত করে গড়করি জানান, আমেরিকা ধনী বলে রাস্তা ভাল নয়, বরং রাস্তা ভাল বলেই আমেরিকা ধনী। এবং পশ্চিমবঙ্গের জাতীয় মহাসড়কগুলিকেও আমেরিকার মানের করে তোলার কথা বলেন তিনি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0