বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে! কারা যোগ্য বা অযোগ্য ‘ভরসা’র জন্য, স্পষ্ট করল সরকার
এর আওতায় স্নাতক এবং সরকারি আইটিআই-তে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স করা যুবক-যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের উপভোক্তারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক-যুবতীদের নিশ্চিত মাসিক আর্থিক সহায়তার লক্ষ্যে আনা ‘ভরসা’ (Bharosa Scheme) প্রকল্প নিয়ে বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ সরকার। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, এই নতুন প্রকল্পটি আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে সমগ্র পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে। এর আওতায় স্নাতক এবং সরকারি আইটিআই-তে ভোকেশনাল সার্টিফিকেট কোর্স করা যুবক-যুবতীরা প্রতি মাসে ২,০০০ টাকা এবং নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের উপভোক্তারা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
প্রকল্পে আবেদনের যোগ্যতা হিসেবে একাধিক সুনির্দিষ্ট শর্ত নির্ধারণ করেছে রাজ্য সরকার। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং ২০২৭ সালের ১ জানুয়ারি অনুযায়ী তাঁর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নন-গ্র্যাজুয়েট বা আন্ডারগ্র্যাজুয়েট বিভাগের জন্য মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং গ্র্যাজুয়েট বিভাগের জন্য স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করা বাধ্যতামূলক। আবেদনকারী কোনও স্বনিযুক্ত পেশার সঙ্গে যুক্ত থাকলে কিংবা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে কর্মরত থাকলে এই সুবিধা পাবেন না। পাশাপাশি একটি পরিবার থেকে দু’জনের বেশি আবেদনকারী এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না।
অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের সঙ্গে সংযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, অন্নপূর্ণা যোজনা বা পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধাভোগীরা এই প্রকল্পের যোগ্য বলে বিবেচিত হবেন না। তবে মানবিক পেনশনের মতো দিব্যাঙ্গজনদের জন্য কোনও পেনশন প্রাপকরাও এই ‘ভরসা’ প্রকল্পের সুবিধা পাবেন।
নাগরিকত্ব ও ভোটার তালিকা সংক্রান্ত শর্তে বলা হয়েছে, এসআইআর ২০২৬-এর পর চূড়ান্তভাবে প্রকাশিত ভোটার তালিকায় আবেদনকারীর নাম থাকতে হবে, অথবা এসআইআর অ্যাপেলেট ট্রাইব্যুনালে মামলা বিচারাধীন থাকতে হবে, কিংবা সিএএ-র অধীনে আবেদন বিবেচনাধীন থাকতে হবে।
আবেদন গ্রহণ এবং তথ্য যাচাই প্রক্রিয়া সম্পর্কেও স্পষ্ট নির্দেশিকা দিয়েছে প্রশাসন। যোগ্যতার শর্ত অনুযায়ী সংগৃহীত তথ্যের সরেজমিনে যাচাইয়ের ভিত্তিতেই প্রকল্পটি রূপায়িত হবে এবং যাচাইয়ের পর নির্ধারিত আধিকারিক যোগ্য আবেদনকারীদের তালিকা সুপারিশ করবেন।
‘আপনার সরকার আপনার পাশে’-র মাধ্যমে আসা আবেদনগুলি খতিয়ে দেখা হবে এবং যাচাই করা তথ্য ‘ভরসা’ প্রকল্পের মূল তথ্যভাণ্ডারের সঙ্গে যুক্ত করা হবে। তবে কোনও ভুল তথ্যের ভিত্তিতে সহায়তা মঞ্জুর হলে কিংবা পরবর্তীকালে কোনও যোগ্যতার শর্ত আর পূরণ না হলে, সংশ্লিষ্ট উপভোক্তাকে নিজের বক্তব্য পেশের সুযোগ দেওয়ার পর তাঁর আর্থিক সহায়তা বন্ধ বা স্থগিত রাখা যেতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।
এছাড়াও স্পষ্ট নির্দেশ, উপভোক্তাদের নিজস্ব নামে থাকা আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে বা নির্দিষ্ট সময় অন্তর সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে এই সহায়তার অর্থ পাঠানো হবে। সমস্ত যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে একজন উপভোক্তা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0