ভারী বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস! গাড়ি খাদে পড়ে বিপত্তি, সিকিমে যানজট
টানা ভারী বৃষ্টিতে সিকিমের বরদাহ এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কে ধস। গাড়ি খাদে পড়ে বিপত্তি, যানজট সামলাতে একমুখী যান চলাচলের চেষ্টা।
টানা বৃষ্টিতে ১০ নম্বর জাতীয় সড়কে ধস নেমে ফের স্তব্ধ হয়ে গেল সিকিমগামী যোগাযোগ ব্যবস্থা। সিকিমের বরদাহ এলাকায় জাতীয় সড়কের একাংশ ভেঙে পড়ায় একটি গাড়ি রাস্তা থেকে কয়েক ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-র কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও রাস্তা মেরামতির কাজ শুরু করেন। তবে অবিরাম বৃষ্টি ও রাস্তার কাদার কারণে কাজ চালাতে ব্যাপক বেগ পেতে হচ্ছে। এই পরিস্থিতিতে সড়ক জুড়ে দেখা দিয়েছে মারাত্মক যানজট। যাত্রীদের ভোগান্তি কমাতে আপাতত কোনও মতে একমুখী (one-way) যান চলাচল চালু রাখার চেষ্টা চালাচ্ছেন কর্মীরা।
মঙ্গলবার রাতের পর বুধবারও উত্তর সিকিম জুড়ে ব্যাপক বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া দফতরের গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, মঙ্গনে সর্বোচ্চ ২১৮ মিলিমিটার, সাঙ্কালনে ১১৭ মিলিমিটার এবং কাবি এলাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি নথিভুক্ত করা হয়েছে। সিকিমের রাজধানী গ্যাংটকেও বৃষ্টি হয়েছে ১০৮ মিলিমিটার। পাহাড়ি রাজ্য জুড়ে এই একটানা বৃষ্টির কারণে শুধু ১০ নম্বর জাতীয় সড়কই নয়, বরঞ্চ পুরো সিকিমের অভ্যন্তরীণ পথযোগাযোগ ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে।
কেন্দ্রীয় আবহাওয়া দফতরের গ্যাংটক কেন্দ্রের অধিকর্তা দেবপ্রিয় রায় জানিয়েছেন যে উত্তর-পূর্ব অসমে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশায় মৌসুমি অক্ষরেখা প্রবলভাবে সক্রিয় রয়েছে। জোড়া প্রভাবের কারণেই সিকিমজুড়ে এমন প্রবল বৃষ্টিপাত চলছে। তবে দুর্যোগ কাটিয়ে শনিবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)