বচ্চনের ছবি দেখে শিখেছেন হিন্দি! এখন গাভাসকরদের ধারাভাষ্য-সঙ্গী আফগানিস্তানের শরফুদ্দিন
অমিতাভ বচ্চনের সিনেমা দেখে হিন্দি শিখেছেন। এখন ভারতের মাটিতে বসে হিন্দি ধারাবিবরণী দিচ্ছেন আফগানিস্তানের শরফুদ্দিন শাকির। মুগ্ধ সুনীল গাভাসকরও।
কাবুলে বসে অমিতাভ বচ্চনের সিনেমা দেখতেন। সেখান থেকেই হিন্দি শেখা। আর আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বসে বলে চলেছেন অনর্গল হিন্দি। পাশে বসা সুনীল গাভাসকর মুগ্ধ হয়ে থাম্বস-আপ দেখাচ্ছেন। ভারত-আফগান (Afghanistan vs India) টি-২০ সিরিজে হিন্দি কমেন্ট্রি দিয়ে এভাবেই চমকে দিয়েছেন আফগান মুলুকের শরফুদ্দিন শাকির।
গাভাসকরের মুগ্ধতা ও বচ্চন-যোগ
ধারাভাষ্যকক্ষে তাঁর সাবলীল হিন্দি শুনে অবাক কিংবদন্তি গাভাসকর। শাকির বলেন, 'উনি আমাকে থাম্বস-আপ দেখালেন। বুঝিয়ে দিলেন, আমার হিন্দি উচ্চারণ কতটা স্পষ্ট। ওঁর চোখেমুখে সেই প্রশংসা ফুটে উঠেছিল।'
আফগানিস্তানে হিন্দি ছবির বেজায় কদর। ছোটবেলা থেকে বলিউডের ভক্ত তিনি। বিশেষ করে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। ১৯৯২ সালে মুক্তি পাওয়া 'খুদা গাওয়া'-র শুটিং হয়েছিল কাবুল, কুন্দুজ এবং বাঘলানের মতো প্রদেশে। সেই ছবি তাঁর মনে গভীর ছাপ ফেলে। বচ্চন ও বলিউডের হাত ধরেই হিন্দি শেখা। শাকির গর্বের সঙ্গে বলেন, 'কাবুলের এক পাঠান আজ ভারতের মাটিতে বসে হিন্দি ধারাভাষ্য দিচ্ছে।'
কিংবদন্তিদের সঙ্গে এক বক্সে
পশতু ভাষায় গত ১৫ বছর ধরে ধারাভাষ্য দিচ্ছেন (Cricket Commentary)। ২০১৭ সালে আয়ারল্যান্ড সিরিজের সময় প্রথমবার ভারতে এসেছিলেন। তবে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। সঞ্জয় মঞ্জরেকর, সুনীল গাভাসকর এবং অজয় জাদেজাদের মতো কিংবদন্তিদের সঙ্গে বসেছেন। জাদেজাকে শাকির বলেন, 'একসময় আপনাদের শুধু টিভিতে দেখার স্বপ্ন দেখতাম। আর আজ ঈশ্বর এমন দিন এনে দিয়েছেন যে, আপনাদের পাশে বসে ধারাভাষ্য দিচ্ছি।'
প্রশাসক থেকে ধারাভাষ্যকার
শাকিরের পথ চলাটা সাধারণ ধারাভাষ্যকারদের মতো নয়। আফগানিস্তানের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা। এরপর আফগানিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেন। কাজ করেছেন সিইও অফিস, মানবসম্পদ, গেম ডেভেলপমেন্ট ও মিডিয়া বিভাগে। আফগান ক্রিকেটের উত্থান খুব কাছ থেকে দেখেছেন। দেশজুড়ে এখন বছরে অন্তত ১৫টি ঘরোয়া টুর্নামেন্ট হয়। শপাগিজা লিগ তার মধ্যে অন্যতম (Afghanistan Cricket Board)।
শাকির আইসিসি স্বীকৃত লেভেল ১ কোচও বটে। ধারাভাষ্যকার হিসেবে তাঁর আদর্শ রবি শাস্ত্রী এবং নভজ্যোত সিং সিধু। সিধুর কথা এতটাই মন দিয়ে শুনেছেন, যে পশতু ধারাভাষ্যেও মাঝেসাঝে তাঁর জনপ্রিয় সংলাপ অনায়াসে কাজে লাগান!
ভারতীয় ক্রিকেটের ভক্ত
একটা সময় আফগানিস্তানের আন্তর্জাতিক মানের দল ছিল না। তখন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়দের দেখে শিক্ষা নিতেন (Indian Cricket Team)। শাকির জানান, 'আগে আমরা ভারতের খেলা দেখতাম আর ভারতীয় দলকে সমর্থন করতাম।' এখন পরিস্থিতি বদলেছে। রশিদ খান, মহম্মদ নবিরা ভারতীয় ক্রিকেটে বেশ পরিচিত নাম। ব্যাটে-বলে জাদু দেখাচ্ছেন। আর শাকিরের ম্যাজিক তাঁর ভরাট গলার আওয়াজে (Sports News)। হাজার হাজার মাইল দূরে বসে যে ভাষা শিখেছিলেন, আজ সেই ভাষাতেই ভারতীয় দর্শকদের মন জয় করে নিচ্ছেন কাবুলের এই পাঠান।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)