মসজিদে লুকিয়ে আত্মসমর্পণে অস্বীকার, কুলগামে অবশেষে নিকেশ লস্কর কমান্ডার লতিফ ভাট

জম্মু-কাশ্মীরের কুলগামে মসজিদের ভিতরে লুকিয়ে থাকা লস্কর-ই-তইবা কমান্ডার লতিফ ভাট এনকাউন্টারে নিহত। ভিডিও কলে আত্মসমর্পণের প্রস্তাব ফিরিয়ে সে গুলি চালাতে শুরু করেছিল।

Nov 18, 2026 - 15:15
মসজিদে লুকিয়ে আত্মসমর্পণে অস্বীকার, কুলগামে অবশেষে নিকেশ লস্কর কমান্ডার লতিফ ভাট

মসজিদের ভিতরে লুকিয়ে ছিল সে। বাইরে থেকে বারবার আত্মসমর্পণের আবেদন জানাচ্ছিলেন পুলিশ ও নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা। এমনকী ভিডিও কলে কথা বলেও তাকে বোঝানোর চেষ্টা হয়। কিন্তু কোনও আবেদনেই সাড়া দেয়নি লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) কমান্ডার লতিফ ভাট। বদলে সে বুধবার সকালে সাফ জানায়, আল্লাহর সঙ্গে দেখা করতে চায়। গুলিও চালাতে শুরু করে। শেষ পর্যন্ত নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়েই খতম হল সে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ২টো ৪৫ মিনিট নাগাদ নতুন করে সংঘর্ষ শুরু হয়। তার কিছুক্ষণ আগেই কুলগামের পুলিশ সুপার অনায়ত আলি ভিডিও কলে লতিফের সঙ্গে কথা বলেন। আত্মসমর্পণ করলে তার জীবন বাঁচতে পারে, সেই বার্তাও দেওয়া হয়েছিল। কিন্তু লতিফ জানায়, “আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি।” এর পরেই মসজিদের ভিতর থেকে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে। পাল্টা জবাব দেয় বাহিনী।

মসজিদের ভিতর থেকে গুলি

অনায়ত আলি জানিয়েছেন, লতিফকে আত্মসমর্পণ করানোর জন্য বহুবার আবেদন জানানো হয়েছিল। তিনি নিজেও দীর্ঘক্ষণ ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন। এমনকী মসজিদের বাইরেও মাইকে ঘোষণা করে তাকে বাইরে বেরিয়ে আসার অনুরোধ জানানো হয়। কিন্তু কোনও কথাতেই রাজি হয়নি লতিফ।

মসজিদের ভিতর থেকে গুলি চালানো হলেও নিরাপত্তাবাহিনী সর্বোচ্চ সংযম দেখিয়েছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সিআরপিএফ চেকপোস্টে হামলায় অভিযুক্ত

১১ নভেম্বর কুলগামের আখরানে সিআরপিএফের একটি চেকপোস্টে হামলা হয়। জখম হন জওয়ানরা। তাতে বাংলার এক জওয়ানও রয়েছেন। তাঁরা আপাতত বিপদমুক্ত। কিন্তু এই ঘটনায় নতুন করে নড়েচড়ে বসে পুলিশ। ঘটনায় অভিযুক্ত ছিল লতিফ। খোঁজা হয় সিসিটিভি। হামলার আগে ১০ নভেম্বর দু'জনে মীরবাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় ঘুরে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল। তারপর ফুটেজ দেখে তাদের গতিবিধি শনাক্ত করে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হয় ৫০০-রও বেশি মানুষকে।

লতিফের সঙ্গী উমর নিসার দার সোমবারই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। এই সংঘর্ষে আহত হলেও কোনওক্রমে এলাকা থেকে পালায় লতিফ। তারপরই বিপুল বাহিনী মোতায়েন করে শুরু হয় জোরদার তল্লাশি।

সিআরপিএফ চেকপোস্টে গুলি চালানো ছাড়াও গত ২২ জুলাই অনন্তনাগে এক পুলিশকর্মীকে হত্যার ঘটনায় লতিফের যোগ ছিল বলে অভিযোগ। কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডেও তার হাত থাকার সন্দেহ ছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0