‘পাকিস্তান ভুলে গিয়েছিল ফাইনালে ফের দেখা হবে!’ উগ্র সেলিব্রেশনের সাফাই দিলেন মোহিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর ভারতীয় দলের উগ্র সেলিব্রেশন নিয়ে বিতর্ক। এবার সেই উদ্‌যাপনকে স্বাভাবিক বলেই দাবি করলেন ভারতের জয়ের নায়ক মোহিত উলভা।

Nov 18, 2026 - 15:07
‘পাকিস্তান ভুলে গিয়েছিল ফাইনালে ফের দেখা হবে!’ উগ্র সেলিব্রেশনের সাফাই দিলেন মোহিত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup) ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত। কিন্তু ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়দের 'উগ্র' সেলিব্রেশন নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। এবার সেই উদ্‌যাপনকে স্বাভাবিক বলেই দাবি করলেন ভারতের জয়ের নায়ক মোহিত উলভা (Mohit Ulva)। তাঁর সাফ বক্তব্য, 'পাকিস্তান ভুলে গিয়েছিল যে ফাইনালে আমাদের ফের দেখা হবে!'

গত শনিবার ওমানে এশিয়া কাপ ফাইনালে ৩৩৮ রান তাড়া করে লড়াই জিতে নেয় ভারত। ৫২ বলে দরকার ছিল ৮৬ রান, হাতে মাত্র ২ উইকেট। এমন অসম্ভব পরিস্থিতিতে ১০ নম্বরে ব্যাট করতে নেমে ২৬ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস খেলে দলকে জেতান মোহিত। কিন্তু খেলাশেষে জমে ওঠে বিতর্ক। কেন্দ্রে ভারতীয় দলের আগ্রাসী সেলিব্রেশন। যাকে অনেকেই খেলোয়াড়সুলভ বলে মনে করেননি।

এবার ইন্দোরে ফিতে বিতর্কের জবাব দিয়েছেন মোহিত। বিরাট কোহলির (Virat Kohli) ভক্ত ১৮ বছরের এই তরুণ অলরাউন্ডারের কথায়, 'আমরা ওদের ছোট করতে চাইনি। আমাদের সেলিব্রেশনটা শুধুই আনন্দ প্রকাশের একটা মাধ্যম ছিল।' এই প্রসঙ্গে গত ৮ নভেম্বর গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে তিন উইকেটে হারের স্মৃতিও টেনে আনেন মোহিত। বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচে উত্তাপ তো থাকবেই। গ্রুপ পর্বে আমাদের হারানোর পর ওরা একটু বেশিই সেলিব্রেশন করেছিল। ওরা ভুলে গিয়েছিল, ওটা নেহাতই গ্রুপ পর্বের ম্যাচ, ট্রফি তখনও জেতেনি ওরা। পাকিস্তান বোধহয় ভুলেই গিয়েছিল যে ফাইনালে আমাদের ফের দেখা হবে!'

মোহিত জানান, গ্রুপ পর্বে হারের পর ড্রেসিংরুমে বসে বোলিং কোচ ভিআরভি সিং বলেছিলেন, দলে ট্রফি জেতার ক্ষমতা আছে। সে দিনই গোটা দল শপথ নিয়েছিল, ১৪ তারিখে একই মাঠে চ্যাম্পিয়ন হয়েই ফিরবে ভারত। মোহিতের বক্তব্য, 'হয়তো ৩৩৭ রান করার পর পাকিস্তান একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল। কিন্তু কোচ বলেছিলেন, আমাদের ১১ নম্বর পর্যন্ত সবাই ব্যাট করতে পারে। তাই ২৫২ রানে ৮ উইকেট পড়ার পরেও ডাগআউটের কেউ আশা ছাড়েনি।'

শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩ রান। লেগ-স্পিনার আহমেদ হুসেনকে স্টেপ-আউট করে বাউন্ডারি মেরে ভারতের নবম এশিয়া কাপ জয় নিশ্চিত করেন মোহিত। তবে সেই জয়ের পর উল্লাসের পিছনে যে পাকিস্তানের গ্রুপ পর্বের 'বাড়াবাড়ি'-ও অন্যতম কারণ ছিল, তা এবার সাফ বুঝিয়ে দিলেন তরুণ তারকা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0