মেসেজের উত্তর নেই, ফোনও ধরেননি! তবু রূপাকেই ছবিতে চাইলেন অনুপম খের
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ ২৬ বছর পর আবার বাংলা সিনেমার প্রযোজনায় ফিরেছেন অনুপম খের। সেই উপলক্ষেই কলকাতায় তাঁর ব্যস্ত সফর। নতুন বাংলা ছবি ‘শুরু থেকে শুরু’-র আনুষ্ঠানিক ঘোষণা, একাধিক সৌজন্য সাক্ষাৎ, আর তারই মাঝে এমন এক ঘটনা ঘটল, যা মুহূর্তে অনুষ্ঠানের সবচেয়ে আলোচিত মুহূর্ত হয়ে উঠল।
পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম কলকাতায় আসেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা-প্রযোজক। শুক্রবার দুপুরে পিডব্লুডি টেন্টে বৈঠকে যোগ দেওয়ার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেন তিনি। এরপর নতুন ছবির ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা। বিশেষ আমন্ত্রণ পেয়েছিলেন অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়ও। অনুপম খেরের (Anupam Kher, roopa ganguly, Rupa Ganguly )ডাকে সাড়া দিয়ে অনুষ্ঠানে হাজির হন তিনি।
রূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে অনুপম খেরের পরিচয় অবশ্য বহু দিনের। ‘মহাভারত’ ধারাবাহিকে দ্রৌপদীর চরিত্রে অভিনয়ের পর থেকেই মুম্বইয়ের বিনোদন জগতেও পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রূপা। সেই পুরনো দিনের স্মৃতিই যেন ফিরে এল এদিনের অনুষ্ঠানে। ক্যামেরার সামনে একসঙ্গে ছবি তোলার পাশাপাশি বেশ কিছুক্ষণ গল্পেও মেতে থাকতে দেখা যায় দু'জনকে।
আড্ডার মাঝেই রূপা গঙ্গোপাধ্যায়কে নিয়ে নিজের ভালোবাসার কথা প্রকাশ করেন অনুপম খের। তিনি বলেন, “কলকাতায় উনি আমার সবচেয়ে প্রিয় মানুষদের একজন, প্রিয় অভিনেত্রীও। রূপাজি বিধায়ক হয়েছেন, এতে আমি খুব খুশি। তবে এখন আমি বাংলা ছবি প্রযোজনা করছি। তাই ওঁকে অন্তত দু’বছরে একটা করে বাংলা ছবি করতেই হবে।”
এরপরই শুরু হয় আসল চমক। সবার সামনে হঠাৎ করেই রূপার বিরুদ্ধে ‘নালিশ’ করে বসেন অনুপম। মুচকি হেসে বলেন, “আজ সকালে আপনাকে মেসেজ করেছি, কিন্তু কোনও উত্তর পেলাম না। ফোনও করেছিলাম, সেটাও ধরলেন না!”
এমন অভিযোগ শুনে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন রূপা গঙ্গোপাধ্যায়। হাসিমুখেই জানতে চান, ঠিক কখন ফোন বা মেসেজ করেছিলেন তিনি। অপেক্ষা না করেই নিজের মোবাইল ফোন বের করে কল ও মেসেজের রেকর্ড দেখিয়ে অনুপম খের বলে ওঠেন, “এই তো... আপনি ধরা পড়ে গিয়েছেন!”
মুহূর্তেই হাসির রোল ওঠে গোটা অনুষ্ঠানে। লজ্জায় কান ধরে হাসতে দেখা যায় রূপা গঙ্গোপাধ্যায়কে। উপস্থিত অতিথিরাও উপভোগ করেন দুই শিল্পীর এই সহজ, আন্তরিক খুনসুটি।
কিন্তু মঞ্চের সবচেয়ে বড় চমক তখনও বাকি ছিল। প্রেস কনফারেন্স চলাকালীন আচমকাই রূপার দিকে তাকিয়ে অনুপম খের ঘোষণা করে বসেন, “রূপা, আপনি এই ছবিতে অভিনয় করছেন।”
এক মুহূর্তের জন্য যেন হতবাক হয়ে যান অভিনেত্রী। এমন অপ্রত্যাশিত প্রস্তাবের জন্য তিনি একেবারেই প্রস্তুত ছিলেন না। মুখের অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল, যেন আচমকাই আকাশ থেকে পড়েছেন। কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য বিস্ময়ের জায়গা দখল করে নেয় একগাল হাসি। অনুপম খেরের এই আকস্মিক অফারেই জমে ওঠে অনুষ্ঠানের পরিবেশ।
অন্যদিকে, দীর্ঘদিন পর মুম্বই থেকে কোনও বড় প্রযোজনা সংস্থা বাংলা সিনেমায় বিনিয়োগ করতে এগিয়ে আসায় খুশি রূপা গঙ্গোপাধ্যায়ও। তাঁর মতে, এই উদ্যোগ বাংলা চলচ্চিত্রের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। আর অনুপম খেরের উপস্থিতিতে ‘শুরু থেকে শুরু’-র ঘোষণার অনুষ্ঠান যেন শুধু নতুন ছবির সূচনাই নয়, বাংলা সিনেমার জন্য নতুন সম্ভাবনারও ইঙ্গিত দিয়ে গেল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)