যাত্রার আসর থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণ! পুরুলিয়ায় গ্রেফতার প্রেমিক-সহ ৪ অভিযুক্ত
পুরুলিয়ায় নৃশংস ঘটনা! যাত্রার আসর থেকে তুলে নিয়ে গিয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। তদন্তে নেমে নাবালিকার প্রেমিক-সহ মোট ৪ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
গণধর্ষণের শিকার নাবালিকা (Purulia Minor Girl Case)! পুরুলিয়ার গ্রামে যাত্রা চলাকালীন রাতের অন্ধকারে তাকে নির্জন জায়গায় তুলে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের একজন নাবালিকার প্রেমিক বলে জানা গেছে। রবিবার রাতের এই ঘটনায় অভিযোগ দায়ের হয় গত সোমবার, এরপরই তদন্তে নামে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় মোট চারজনকে গ্রেফতার (Arrested) করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার (Purulia News) কাশীপুরের মাজরামুড়া গ্রামে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, রবিবার মাজরামুড়া গ্রামে যাত্রাপালার আয়োজন করা হয়েছিল। এক পরিচিতের আমন্ত্রণে সেই অনুষ্ঠান দেখতে গিয়েছিল বছর ১৭-র ওই কিশোরী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন রাতের অন্ধকারে সুযোগ বুঝে তিন যুবক তাকে টেনে নিয়ে যায় পাশের একটি নির্জন জায়গায়। সেখানে ওই তিনজন মিলে কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ।
এরপর কোনওরকমে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের গোটা ঘটনাটি জানায় নির্যাতিতা। সোমবার নাবালিকার বাবা কাশীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গণধর্ষণ এবং পকসো আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করে। প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের প্রত্যেকেই কাশীপুর থানা এলাকার বাসিন্দা। এদের মধ্যে সুদীপ মাণ্ডি নামের যুবকের সঙ্গে নির্যাতিতার প্রেমের সম্পর্ক ছিল বলেও স্থানীয় সূত্রে খবর। নির্যাতিতার ডাক্তারি পরীক্ষাও করানো হয়েছে।
এদিকে, নারী নির্যাতনের ঘটনায় কোনওরকম আপস করা হবে না বলে আগেই কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই ধরনের অপরাধে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন তিনি। ধর্ষণ ও খুনের মতো ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে এনকাউন্টারের নজিরও রয়েছে রাজ্যে।
পুরুলিয়ার এই ঘটনায় ঠিক কী ঘটেছিল, অভিযুক্তদের প্রত্যেকের ভূমিকা কী ছিল এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0