'রাজনীতিতে আসাই ভুল ছিল, যেভাবে অপমান করল...', সুইসাইড নোটে কী লিখে গিয়েছেন আশিস বন্দ্যোপাধ্যায়?
রামপুরহাটে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাস্থল থেকে উদ্ধার নোটে রাজনৈতিক জীবন, দুর্নীতির অভিযোগ ও ব্যক্তিগত হতাশার কথা উল্লেখ রয়েছে।
রামপুরহাটের ৫ নম্বর ওয়ার্ডের হাটতলাপাড়ার বাসভবন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের (Ashis Banerjee Suicide Note) ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সকালে দলীয় কার্যালয়ের ভেতর তাঁর দেহ মিলতেই খবর দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে প্রবীণ এই নেতার নিজস্ব লেটারহেড প্যাডে কালো কালিতে লেখা একটি স্পর্শকাতর সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। সেই চিঠিতে রাজনীতি থেকে বিদায় নেওয়ার আক্ষেপের পাশাপাশি তিনি স্পষ্ট লিখে গিয়েছেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রামপুরহাট কলেজের প্রাক্তন অ্যাসোসিয়েট প্রফেসর আশিসবাবু সুইসাইড নোটে নিজের রাজনৈতিক ও কর্মজীবনের স্বচ্ছতার কথা বিস্তারিত উল্লেখ করে লিখেছেন, ছাত্রাবস্থা থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদকও হয়েছিলেন। কিন্তু ছাত্র রাজনীতি থেকে শুরু করে সারাজীবনে কোনও কাজের বিনিময়ে তিনি কোনওদিন এক পয়সাও নেননি কিংবা কোনও দুর্নীতির সঙ্গে জড়িত হননি। রাজনৈতিক মতবিরোধ হলেও তা কখনো ব্যক্তিগত শত্রুতার রূপ নেয়নি। তবে দলের ভেতরের সমস্ত অন্যায় তিনি সর্বদা মেনে নিতে না পারলেও সব সময় প্রতিবাদ করতে পারেননি বলেও স্বীকার করে গিয়েছেন। টিআরডিএ (TRDA)-র প্রসঙ্গ তুলে তিনি চিঠিতে জানান, সেখানে জেনারেল মিটিং ছাড়া তাঁর অন্য কোনও দায়িত্ব ছিল না। তিনি কোনওদিন টেন্ডার কমিটিতে ছিলেন না, তাঁর কোনও চেক পাওয়ারের অধিকার কিংবা প্ল্যান পাস এবং নো অবজেকশন সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা ছিল না। এ নিয়ে তাঁর সঙ্গে কেউ কখনো আলোচনাও করেননি।
সুইসাইড নোটে নিজের চরম হতাশা ব্যক্ত করে আশিসবাবু লিখেছেন, কোনও দুর্নীতির সাথে যুক্ত না থাকা সত্ত্বেও যেভাবে তাঁর ভাবমূর্তি নষ্ট (ম্যালাইন) করার চেষ্টা করা হয়েছে, তাকে তিনি ধিক্কার জানান। এই অভিমান থেকেই তিনি লেখেন, ‘আজ তাই মনে হচ্ছে, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে।’ এমনকি নিজের পরিবারের পরবর্তী প্রজন্মকেও রাজনীতি থেকে দূরে থেকে নিজ নিজ কাজের মধ্যে থাকার পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি। শিক্ষকতা জীবন নিয়েও তিনি লিখে গিয়েছেন যে, শিক্ষকতায় থাকাকালীন কোনওদিন ক্লাস ফাঁকি দেননি, বরং স্পেশাল ক্লাস নিয়েছেন এবং বহু ছাত্রকে বিনামূল্যে পড়িয়ে তাদের ভালবাসা পেয়েছেন। চিঠির শেষে পরিবারের মানুষদের শান্ত থাকার বার্তা দিয়ে তিনি পুনরায় জানান যে তাঁর এই পদক্ষেপের জন্য কেউ দায়ী নন।
পাঁচ বারের বিধায়ক তথা প্রবীণ রাজনীতিক আশিস বন্দ্যোপাধ্যায়ের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা রাজনৈতিক মহল স্তম্ভিত। ঘটনার খবর পাওয়ার পরেই বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল, বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিংহ, সিউড়ির প্রাক্তন বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিং রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর চাউর হতেই হাটতলাপাড়ায় প্রয়াত প্রাক্তন শিক্ষকের বাড়ির সামনে প্রচুর স্থানীয় মানুষ ও দলীয় কর্মীরা এসে ভিড় জমান।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)