'রাজনৈতিক শত্রু হতে পারেন, তবে...' ডিম ছোড়ার ঘটনায় মহুয়ার পাশে দাঁড়ালেন বিকাশরঞ্জন
বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর বা তাঁর দলের তীব্র রাজনৈতিক বিরোধ ও ভিন্নমত থাকতেই পারে, কিন্তু যেভাবে একজন মহিলা সাংসদের ওপর এই হামলা চালানো হলো, তা অত্যন্ত নিন্দনীয় এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টও করেছেন বর্ষীয়ান এই বাম নেতা।
দ্য ওয়াল ব্যুরো: কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) লক্ষ্য করে ডিম ছোঁড়ার (Egg Attack) ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে জোর শোরগোল পড়ে গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার কড়া ভাষায় মুখ খুলেছেন রাজ্যের বিশিষ্ট আইনজীবী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। রাজনৈতিক মতাদর্শের চরম বিরোধিতা থাকা সত্ত্বেও, তৃণমূল সাংসদের ওপর হওয়া এই হামলার তীব্র নিন্দা করার পাশাপাশি তিনি দৃঢ়ভাবে মহুয়ার পাশে এসে দাঁড়িয়েছেন।
বিকাশরঞ্জন ভট্টাচার্যের মতে, মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর বা তাঁর দলের তীব্র রাজনৈতিক বিরোধ ও ভিন্নমত থাকতেই পারে, কিন্তু যেভাবে একজন মহিলা সাংসদের ওপর এই হামলা চালানো হলো, তা অত্যন্ত নিন্দনীয় এবং কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্টও করেছেন বর্ষীয়ান এই বাম নেতা।
নিজের পোস্টে বিকাশ স্পষ্ট ভাষায় তাঁর বক্তব্য তুলে ধরে লিখেছেন, “মহুয়া মৈত্র আমার রাজনৈতিক শত্রু হতে পারেন, কিন্তু তিনি দেশের একজন নির্বাচিত সাংসদ। তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর কোনও রকম জুলুমবাজি বা তোলাবাজির অভিযোগ আছে বলে অন্তত আমার জানা নেই। তাই প্রকাশ্য দিবালোকে যেভাবে তাঁকে হেনস্থা ও অসম্মান করা হয়েছে, তা একটি সভ্য ও গণতান্ত্রিক সমাজের পক্ষে চরম লজ্জার বিষয়।” এর পাশাপাশি এই ধরনের অসভ্যতার বিরুদ্ধে দলমত নির্বিশেষে সভ্য সমাজের প্রতিটি শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সোচ্চার হওয়া এবং তীব্র প্রতিবাদ জানানো উচিত বলেও মনে করেন তিনি।
বুধবারই এই ঘটনার প্রতিবাদ করে বিজেপিকে চরম হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের অন্য এক সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তোলেন, এটাই কি তবে পরিবর্তনের চেহারা? তাঁর মতে, কোনও নির্বাচিত জনপ্রতিনিধি যদি মাথা নত না করেন, তাহলে তাঁকে হেনস্থা করা শক্তির প্রকাশ নয়, বরং তা নিরাপত্তাহীনতা ও কাপুরুষতার পরিচয়। তিনি স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। যাঁরা আজ ক্ষমতার জোরে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছেন, তাঁদের মনে রাখা উচিত - ক্ষমতার পালাবদল খুব দ্রুত ঘটে যেতে পারে।
প্রসঙ্গত, বুধবার কালীগঞ্জের একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র। অভিযোগ, কর্মসূচি চলাকালীন আচমকাই দলীয় কার্যালয়ের বাইরে একদল মহিলা ও পুরুষ জড়ো হন। মহুয়ার দাবি, ওই বিক্ষোভকারীরা বিজেপির সমর্থক ছিলেন এবং তাঁদের হাতে ডিম ছিল। এরপর দলীয় কার্যালয় লক্ষ্য করে ডিম ছোড়া হয় বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে বাইরে থেকে “চোর চোর” স্লোগানও দেওয়া হচ্ছিল বলে দাবি তৃণমূল সাংসদের।
এই ঘটনার পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূলের দাবি, বিরোধীরা পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করছে। যদিও মহুয়ার অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। একইভাবে পুলিশের পক্ষ থেকেও এই ঘটনায় বিস্তারিত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)