LPG Price Cut: এক ধাক্কায় অনেকটা সস্তা হল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার, কলকাতায় নতুন দাম কত?
১ জুলাই থেকে ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম এক ধাক্কায় ১৭৪ টাকা কমল। কলকাতায় নতুন দাম কত হল?
দ্য ওয়াল ব্যুরো: ব্যবসায়ীদের জন্য বড়সড় স্বস্তির খবর। দীর্ঘ বেশ কয়েক মাস চড়া থাকার পর অবশেষে এক ধাক্কায় বেশ খানিকটা কমল বাণিজ্যিক রান্নার গ্যাসের (Commercial LPG) দাম। তেল সংস্থাগুলোর সূত্র অনুযায়ী, ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার প্রতি এক লপ্তে ১৭৪ টাকা করে দাম কমতে চলেছে। এর ফলে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম দাঁড়াচ্ছে ৩,০৮১ টাকা ৫০ পয়সা। আগামীকাল, ১ জুলাই থেকেই এই নতুন সংশোধিত দাম কার্যকর হতে যাচ্ছে।
বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও সাধারণ মধ্যবিত্ত গৃহস্থের রান্নাঘরের বাজেটে কোনো বদল আসছে না। কারণ, বাড়িতে ব্যবহারের ১৪.২ কেজির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম এবারও অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে কলকাতায় এই ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯৬৮ টাকাই থাকছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বাণিজ্যিক গ্যাসের বাজার ছিল বেশ চড়া। চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি সিলিন্ডার পিছু ৩১ টাকা দাম বৃদ্ধি পেয়ে বাণিজ্যিক গ্যাসের দাম দাঁড়িয়েছিল ১,৮৭৫ টাকা। এরপর আন্তর্জাতিক বাজারে ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত তীব্র রূপ নেওয়ায় বাজারে এলপিজি (LPG)-র জোগান এক ধাক্কায় অনেকটাই কমে যায়। সরবরাহ তলানিতে এসে ঠেকায় হু হু করে বাড়তে থাকে দাম।
লাগাতার দাম বৃদ্ধির জেরে এক সময় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম সর্বোচ্চ ৩,২৫৫ টাকা ৫০ পয়সায় গিয়ে পৌঁছেছিল। স্বাভাবিকভাবেই এই বিপুল মূল্যবৃদ্ধির কারণে হোটেল, রেস্তোরাঁ ওcatering ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল। তবে কয়েক মাস পর এক ধাক্কায় ১৭৪ টাকা দাম কমায় সেই উদ্বেগে আপাতত কিছুটা হলেও স্বস্তি মিলল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)