'SFI ছিল না, বহিরাগত এনে অশান্তি ছড়াচ্ছে এবিভিপি!' যাদবপুরে সংঘর্ষের ঘটনায় ছাত্র ভোটের দাবি সৃজনের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ ও উত্তেজনা নিয়ে এবিভিপি ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। সাধারণ সভায় গোলমালের অভিযোগ তুলে ছাত্রভোটের চ্যালেঞ্জ ছুড়লেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে রাতভর উত্তেজনা। বুধবার রাতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়নের সাধারণ সভাকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে বচসা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়। আহত হয়েছেন বেশ কয়েক জন। এই আবহেই গোটা ঘটনার দায় অস্বীকার করে এবিভিপির বিরুদ্ধে সরব হয়েছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য। তাঁর অভিযোগ, সাধারণ সভায় ঢুকে অশান্তি তৈরির চেষ্টা করেছে এবিভিপির লোকজন। এই ঘটনায় এসএফআই শুরুতে কোথাও ছিল না।
‘এসএফআই কোথাও ছিল না’
সৃজনের দাবি, তিনি কলকাতার বাইরে রয়েছেন। মাঝরাতে খোঁজ নিয়েনি জানতে পেরেছেন, ইঞ্জিনিয়ারিং বিভাগের কয়েক জন পড়ুয়া নিজেদের মধ্যে সভা করছিলেন। সেখানে এবিভিপির লোকজন ঢুকে তাঁদের উত্যক্ত করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়। তবে ওই ঘটনায় এসএফআই (SFI)-এর কেউ ছিল না।
এর পর বিজেপির লোকজন ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর বক্তব্য, যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় যে ভাবে বাম নেতাদের নাম করে প্রকাশ্যে সরব হচ্ছেন, তাতে প্রশ্ন উঠছে—গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে এত ভয় কেন?
ছাত্রভোটের চ্যালেঞ্জ
এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রভোট (Student Election) দ্রুত ঘোষণা করার দাবি তুলেছেন সৃজন। তিনি মনে করেন, যদি এবিভিপি ঠিক হয় তাহলে ছাত্রভোটে দাঁড়িয়ে নির্বাচিত হয়ে বিশ্ববিদ্যালয়ে আসুক। লড়াউ করুক বিশ্ববিদ্যালয়ে থাকা বাকি ছাত্র সংগঠনগুলির সঙ্গে। যা রায় হবে, তা মাথা পেতে মেনে নেবে সকলে।
এদিনের ঘটনা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করছেন তিনি। লেনিনের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে অভিযোগ, মাঝরাতে গণ্ডগোল করে ক্যাম্পাসে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। লেনিনের মূর্তি ভাঙার আগে ভয় ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে। কিন্তু তিনি মনে করেন যাদবপুরের ছাত্ররা এই ‘ফাঁদে’ পা দেবেন না।
দুই পক্ষের পাল্টা অভিযোগ
অন্যদিকে, এবিভিপির অভিযোগ, সাধারণ সভার নামে পরিকল্পিতভাবে এসএফআই এবং ডিএসও-ডিএসএফ হামলা চালিয়েছে তাদের উপর। সংগঠনের নেতা নিখিল রায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখিয়েছে এবিভিপি।
এদিকে, ফেটসুর অভিযোগ, এবিভিপি ও এনএসএফ বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢুকে হামলা চালিয়েছে বুধবার রাতে। আরএসএফের তরফেও মারধর, ইট-পাটকেল ছোড়া এবং ক্যাম্পাসে আগুন জ্বালানোর অভিযোগ উঠেছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এবিভিপি।
ডিএসও-ও ঘটনার প্রতিবাদে ২০ অগস্ট ধিক্কার দিবস (Protest) পালনের ডাক দিয়েছে। ফলে বুধবার রাতের সংঘর্ষের পর যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)