UPI- র অতিরিক্ত চার্জ গ্রাহকের ওপর চাপাতে চায় না কেন্দ্র, কতটা চাপ পড়বে ব্যবসায়ীদের উপর?

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে ০.৪% এমডিআর বসলেও গ্রাহকদের ঘাড়ে বাড়তি বোঝা চাপানো নিষিদ্ধ করল কেন্দ্র। তবে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের লাভের অঙ্কে কতটা চাপ পড়বে?

Sep 18, 2026 - 11:36
0 0

ইউপিআই-তে টাকা দেওয়া এখন নিত্যদিনের অভ্যাস। দোকানের কিউআর কোড স্ক্যান, টাকার অঙ্ক লেখা, পেমেন্ট—ব্যাপারটা সেরে ফেলেন কয়েক সেকেন্ডেই। কিন্তু আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট কিছু বড় অঙ্কের ইউপিআই লেনদেনে নতুন খরচ যুক্ত হতে চলেছে। তবে সেই খরচ গ্রাহকের ঘাড়ে চাপাতে চাইছে না কেন্দ্র।

নতুন ব্যবস্থায় ২০০০ টাকার বেশি নির্দিষ্ট ব্যক্তি-থেকে-ব্যবসায়ী বা পি-টু-এম ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর বসবে। এই টাকা দিতে হবে ব্যবসায়ীকে। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এমডিআর সর্বোচ্চ ৩০০ টাকা হবে। ব্যক্তি থেকে ব্যক্তির ইউপিআই লেনদেন অবশ্য আগের মতোই বিনামূল্যে থাকবে।

এক বেসরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্র পেমেন্ট অ্যাগ্রিগেটর ও ব্যাঙ্কগুলির সঙ্গে কাজ করছে যাতে ব্যবসায়ীরা এই খরচ আলাদা করে গ্রাহকের কাছ থেকে না নেন। ১৫ অক্টোবর থেকে বিষয়টি প্রতিদিন নজরদারির আওতায় রাখার কথাও জানানো হয়েছে।

সাধারণ ইউপিআই পেমেন্টে আপাতত কোনও বদল নেই

২০০০ টাকা পর্যন্ত পি-টু-এম লেনদেনে কোনও এমডিআর বসবে না। এই ধরনের লেনদেনই ইউপিআই ব্যবহারের বড় অংশ। সরকারি হিসাব অনুযায়ী, মোট ইউপিআই লেনদেনের প্রায় ৪ শতাংশই নতুন ব্যবস্থার আওতায় পড়বে।

অগস্টের এনপিসিআই তথ্য অনুযায়ী, ৮৬ শতাংশ পি-টু-এম লেনদেন ছিল ৫০০ টাকার কম। আরও ১০ শতাংশ লেনদেনের অঙ্ক ছিল ৫০১ থেকে ২০০০ টাকার মধ্যে। ফলে দৈনন্দিন বাজার, খাবার বা ছোটখাটো কেনাকাটায় ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে নতুন করে কোনও খরচ পড়ার কথা নয়। অর্থাৎ ১৫০০ টাকার কোনও জিনিস কিনে ইউপিআইয়ে টাকা মেটালে আলাদা চার্জ দিতে হবে না। মূল পরিবর্তন বেশি অঙ্কের ব্যবসায়িক লেনদেনে।

ব্যবসায়ীর উপর কতটা চাপ পড়বে?

ধরা যাক, কোনও ব্যবসায়ী ১০ হাজার টাকার একটি যোগ্য ইউপিআই লেনদেন করলেন। ০.৪ শতাংশ হিসেবে এমডিআর হবে ৪০ টাকা। ব্যবসার লাভের হার কম হলে নিয়মিত এমন খরচ জমে বড় অঙ্ক হতে পারে।
সিঙ্গাপুরের GFF AI PTE. LTD.-এর প্রতিষ্ঠাতা ও সিইও আশিস চন্দ্রের মতে, ব্যবসায়ীদের কাছে মূল প্রশ্ন হবে এই খরচের বিনিময়ে তাঁরা কী সুবিধা পাচ্ছেন। ১০ হাজার টাকার লেনদেনে ৪০ টাকা এমডিআর ২ শতাংশ নিট লাভের ব্যবসায় সেই লাভের ২০ শতাংশের সমান বলে তিনি উল্লেখ করেছেন। ফলে খরচ, ছাড় এবং সেটেলমেন্ট সংক্রান্ত তথ্য স্পষ্ট হওয়া গুরুত্বপূর্ণ। রুপে ডেবিট কার্ডে লেনদেন অবশ্য অঙ্ক নির্বিশেষে বিনামূল্যেই থাকবে।

এমডিআরের উপর জিএসটি, কিন্তু আলাদা বোঝা নয়

নতুন এমডিআর ঘোষণার পর ব্যবসায়ীদের আরও একটি প্রশ্ন ছিল জিএসটি নিয়ে। সরকারি সূত্রের বক্তব্য, ইউপিআই লেনদেনের মূল অঙ্কের উপর আলাদা জিএসটি বসবে না। তবে এমডিআরের উপর ১৮ শতাংশ জিএসটি প্রযোজ্য হবে।

১০ হাজার টাকার লেনদেনে এমডিআর ৪০ টাকা হলে তার উপর জিএসটি হবে ৭.২০ টাকা। নির্দিষ্ট শর্ত পূরণ করলে জিএসটি-নিবন্ধিত ব্যবসায়ীরা এই করের ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন।

গ্রাহকের কাছ থেকে আলাদা ইউপিআই চার্জ নেওয়া যাবে?

কেন্দ্রের তরফে স্পষ্ট করা হয়েছে, এমডিআরের খরচ গ্রাহকের উপর চাপানো যাবে না। অর্থাৎ দোকানে গিয়ে পেমেন্টের সময় পণ্যের দামের সঙ্গে আলাদা করে ‘ইউপিআই চার্জ’ যোগ করার সুযোগ নেই। এমনটা করলে তা আইনভঙ্গ হিসেবে গণ্য হতে পারে বলে কেন্দ্রীয় যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন।

কেন্দ্রের যুক্তি, ইউপিআই ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে টেকসই করতে একটি রাজস্ব কাঠামো প্রয়োজন। এতদিন গ্রাহক ও ব্যবসায়ীদের জন্য ইউপিআই প্রায় বিনামূল্যে থাকলেও পরিকাঠামো, উদ্ভাবন এবং প্রতিযোগিতা বজায় রাখতে নতুন ব্যবস্থার প্রয়োজন রয়েছে বলে সরকারের তরফে জানানো হয়েছে। নতুন এমডিআর চালুর পিছনে আমেরিকার চাপ থাকার অভিযোগও অর্থমন্ত্রক খারিজ করেছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User