World Cup 2026: অস্ট্রিয়া-আলজেরিয়া ম্যাচে 'গড়াপেটা' বিতর্ক! ক্ষোভে ফুঁসছে ছিটকে যাওয়া ইরান
২০২৬ ফিফা বিশ্বকাপে অস্ট্রিয়া বনাম আলজেরিয়া ম্যাচে ‘গড়াপেটা’ বিতর্ক। ৩-৩ ড্রয়ের জেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ইরান। ক্ষোভে ফুঁসছে ইরানি সমর্থকরা। জানুন বিস্তারিত।
দ্য ওয়াল ব্যুরো: ৪৪ বছর আগের স্মৃতি আবার ফিরে এল! ১৯৮২ সালের বিশ্বকাপে ‘গিজনের কলঙ্ক’ (Disgrace of Gijon) নামে কুখ্যাতি অর্জন করে পশ্চিম জার্মানি বনাম অস্ট্রিয়ার ম্যাচ। যার ফলাফল দুই দলকেই পরের পর্বে তোলে, বিদায় নেয় আলজেরিয়া। অভিযোগ ওঠে, দুই দলই নাকি নিজেদের সুবিধার জন্য ম্যাচের গতি কমিয়ে দিয়েছিল।
চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) আবার মুখোমুখি অস্ট্রিয়া ও আলজেরিয়া (Austria vs Algeria)। সমীকরণও প্রায় এক। ড্র হলে দুই দল নকআউটে, বাদ পড়বে ইরান। শেষ পর্যন্ত খেলা ৩-৩ স্কোরলাইনে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। অস্ট্রিয়া গ্রুপের দ্বিতীয়, সেরা তৃতীয় দল হিসেবে শেষ বত্রিশে উঠেছে আলজেরিয়া (Round of 32 Qualification)। আর তারপরই সামাজিক মাধ্যম মজেছে নতুন বিতর্ক। অনেকের প্রশ্ন: এটা কি সত্যি নাটকীয় ম্যাচ, নাকি সাজানো ফলাফল?
৩-৩ ড্র, শেষ মুহূর্তে বদলে গেল সমীকরণ
ম্যাচের ২৮ মিনিটে মার্কো আরনাউতোভিচ অস্ট্রিয়াকে এগিয়ে দেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে রাফিক বেলঘালি সমতা ফেরান। ৫৫ মিনিটে মার্সেল সাবিৎসারের গোলে আবার লিড নেয় অস্ট্রিয়া। পাঁচ মিনিট পর রিয়াদ মাহরেজ ২-২ করেন। যোগ করা সময়ে আসে সবচেয়ে নাটকীয় মুহূর্ত। ৯৩ মিনিটে মাহরেজই ফের গোল করে আলজেরিয়াকে ৩-২ এগিয়ে দেন। সেই ফল চূড়ান্ত থাকলে অস্ট্রিয়া ছিটকে যেত, মিশরের সঙ্গে ১-১ ড্র করা নকআউটের ছাড়পত্র পেত ইরান (Iran World Cup Exit)। কিন্তু ম্যাচের একেবারে শেষ আক্রমণে, ৯৬ মিনিটে, সাশা কালাইজডজিচের হেডে ৩-৩ করে অস্ট্রিয়া (Sasa Kalajdzic Goal)। সেই গোলের সুবাদে দুই দলের শেষ বত্রিশের টিকিট নিশ্চিত হয়।
কেন উঠছে ষড়যন্ত্রের অভিযোগ?
ইরানের সমর্থকদের একাংশ রেজাল্টকে স্বচ্ছ বলে মেনে নিতে নারাজ। সামাজিক মাধ্যমে তারা ফিফার তদন্ত দাবি করেছে। ম্যাচের বিভিন্ন ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, ২-২ হওয়ার পর দুই দল নাকি জেতার জন্য বিশেষ ঝুঁকি নেয়নি।
আরও পড়ুন

World Cup 2026: মুখে জলবায়ু বাঁচানোর শপথ, জেট উড়িয়ে ভাঙলেন নিজেই! ইনফান্তিনোর সফরে জমছে কার্বনের পাহাড়

World Cup 2026: আর্জেন্তিনা ম্যাচের আগে বড় ধাক্কা! ধর্ষণের অভিযোগে বিদ্ধ কেপ ভার্দে অধিনায়ক, কী বলছে ফিফা?
আরও একটি ভিডিওতে দেখা যায়, আলজেরিয়ার আইসা মান্দি মুখ ঢেকে রিয়াদ মাহরেজের সঙ্গে কথা বলছেন। একে ঘিরেও নানা ব্যাখ্যা ছড়িয়েছে। কেউ দাবি করেছেন, মাহরেজকে নাকি জানানো হচ্ছিল, জিতলে শেষ বত্রিশে স্পেনের মুখোমুখি হতে হবে, ড্র হলে প্রতিপক্ষ হবে সুইৎজারল্যান্ড। যদিও এই দাবির কোনও প্রমাণ সামনে আসেনি। পাশাপাশি দুই বেঞ্চের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের একটি ভিডিও-ও ভাইরাল। যাকে কেউ কেউ নিজেদের তত্ত্বের সমর্থনে ব্যবহার করছেন।
অভিযোগ উড়িয়ে দিল দুই শিবির
অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘এই ম্যাচে ৩-৩ ফল হওয়ার পর কেউ বলতে পারে না, যে আগে থেকে কোনও সমঝোতা ছিল। বিশেষ করে শেষ ৯০ সেকেন্ডে যা হয়েছে, তার পরে তো নয়।’যোগ করেন, ‘তিন মিনিট বাকি থাকতে যদি কেউ বলত, ম্যাচে এমন হবে, তাহলে সবাই তাকে পাগল বলত। আমি প্রায় ৪০ বছর ধরে কোচিং করাচ্ছি। এমন নাটকীয় ম্যাচ মনে করতে পারছি না। বেশির ভাগ মানুষ ০-০ বা ১-১ ভেবেছিল। সেখানে ৩-৩ হয়েছে। এটা অবিশ্বাস্য। ড্রেসিংরুমে এখন উন্মাদনা। আলফ্রেড হিচকক যদি এমন চিত্রনাট্য লিখতেন, আমি বলতাম উনিও পাগল হয়ে গিয়েছেন।’
আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচও একই সুরে বলেন, ‘আমি ভীষণ খুশি। শেষ পর্যন্ত ফুটবলই জিতেছে। ৩-৩ স্কোরলাইনই সব বলে দিচ্ছে।’
এখন শেষ বত্রিশে অস্ট্রিয়ার প্রতিপক্ষ স্পেন। অন্যদিকে আলজেরিয়া খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু মাঠের ফলের পাশাপাশি এই ম্যাচকে ঘিরে বিতর্কও যে আরও কিছুদিন চলবে, তা স্পষ্ট।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)