World Cup 2026: ‘উনি জানেনই না মাঠে কী হয়!' শেষ চারে উঠেও কোচের সঙ্গে বেনজির সংঘাতে বেলিংহ্যাম
নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড। কিন্তু জয়ের পরেই কোচ টমাস টুখেল ও তারকা ফুটবলার জুড বেলিংহ্যামের প্রকাশ্য বাগযুদ্ধে ইংরেজ শিবিরে অনভিপ্রেত অশান্তির মেঘ।
নরওয়েকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ড (England vs Norway)। কিন্তু এই উৎসবের আবহেও ইংরেজ শিবিরে জমাট বাঁধছে অনভিপ্রেত অশান্তির মেঘ। কেন্দ্রে দলের কোচ টমাস টুখেল ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যামের প্রকাশ্য বাগযুদ্ধ। মেগা কোয়ার্টার ফাইনালে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় থ্রি-লায়ন্সরা। প্রথমার্ধের ইনজুরি টাইম এবং অতিরিক্ত সময়ে জোড়া গোলে জয়ের অবিসংবাদিত নায়ক সেই বেলিংহ্যাম। কিন্তু এমন চোখধাঁধানো পারফরম্যান্সের পরেও ড্রেসিংরুমের পরিবেশ অশান্ত, উত্তপ্ত৷ কোচের প্রকাশ্য কড়া সমালোচনা কিছুতেই মেনে নিতে পারছেন না দলের ফুটবলাররা। যার ফলে বিশ্বকাপের মতো হাইভোল্টেজ মঞ্চে ইংল্যান্ডের অন্দরমহলের ফাটল বেআব্রু হয়ে পড়েছে (FIFA World Cup 2026)।
টুখেলের তোপ ও অসন্তোষ
সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পরেও দলের খেলায় নাখুশ জার্মান কোচ। ম্যাচ শেষের পর সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দেন টুখেল। সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, 'আজ আমরা নিজেদের কাজটা অকারণে অত্যন্ত কঠিন করে ফেলেছি। ফলাফল দুর্দান্ত। আমরা শেষ চারে উঠেছি। কিন্তু দলের খেলায় আমি একেবারেই খুশি নই।'
টুখেলের ইঙ্গিত, নরওয়ের বিরুদ্ধে ইংল্যান্ড কেবল ভাগ্যের জোরে জিতেছে। কড়া ভাষায় বলেন, 'আজ ভাগ্য খুব ভাল ছিল। কিন্তু আমাদের আরও অনেক উন্নতি প্রয়োজন। উন্নতির প্রচুর জায়গাও রয়েছে। পরের ম্যাচের আগে খেলায় বদল আনতেই হবে।' (Thomas Tuchel Comments)। কোচের এই মন্তব্যই কার্যত বারুদে অগ্নিসংযোগের কাজ করে।
কড়া জবাব বেলিংহ্যামের
টুখেলের এই কড়া সমালোচনা কানে যেতেই ফুঁসে ওঠেন বেলিংহ্যাম। কোচের মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের তিনি সরাসরি পালটা জবাব দেন। রিয়াল মাদ্রিদের এই তরুণ তারকা বলেন, 'হয়তো উনি ঠিক। অথবা উনি জানেনই না আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা বা আলেকজান্ডার সোরলথদের বিরুদ্ধে ওই পরিস্থিতিতে মাঠে খেলা ঠিক কতটা কঠিন। ওদের বিরুদ্ধে খেলা মোটেও সহজ কাজ নয়।'
এখানেই না থেমে রিয়াল তারকা আরও বলেন, 'দলের মধ্যে আমরা একটা ইতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা করছি। শেষ চারেও সেটা বজায় রাখা উচিত। দলের ছেলেদের যত প্রশংসাই করি, কম হবে৷ রোজ তো আর হাজারটা পাস খেলে অনায়াসে ম্যাচ জেতা যায় না! আজ আমরা লড়াই করে সেটাই করে দেখিয়েছি।' (Jude Bellingham Reaction)।
পালটা যুক্তি ও অন্তর্কলহ
বেলিংহ্যামের মন্তব্যের জল গড়ায় সাংবাদিক সম্মেলন পর্যন্ত। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের দাবিতেই অনড় থাকেন জার্মান কোচ। পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করে তিনি বলেন, 'ছেলেদের লড়াই, জেদ আর প্রতিকূলতা পেরিয়ে জেতার মানসিকতায় আমি রীতিমতো মুগ্ধ। এর জন্য ওদের প্রচুর প্রশংসা প্রাপ্য। কেউ সেটা অস্বীকার করছে না।' কিন্তু পরক্ষণেই নিজের যুক্তিতে শান দিয়ে সংযোজন, 'তবে আমি একজন ফুটবল কোচ। আমার বিশ্লেষণী মস্তিষ্ক বলছে, আমাদের আরও ভাল খেলা উচিত। এর চেয়ে অনেক ভালো ফুটবল আমরা আগে খেলেছি।'
টুখেল এবং বেলিংহ্যামের এই প্রকাশ্য বাকযুদ্ধ ইংরেজ ফুটবলপ্রেমীদের কপালে ভাঁজ ফেলেছে। ট্রফি জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে এমন ইগোর লড়াই দলের ফোকাস নষ্ট করতে পারে বলেই মত বিশেষজ্ঞদের (Football News Bengali)।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)