কত হলে স্বাভাবিক, কখন বাড়ছে বিপদ? ব্লাড প্রেসারের রিডিং বুঝতে যা জানা দরকার

ব্লাড প্রেসারের সংখ্যাগুলি শুধু একটি রিডিং নয়, হৃদ্‌যন্ত্র ও রক্তনালির অবস্থার গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। কোন রিডিং স্বাভাবিক, কখন বাড়তে শুরু করে ঝুঁকি এবং কেন একবারের বদলে কয়েক দিনের গড় রিডিং গুরুত্বপূর্ণ— জেনে নিন হৃদ্‌রোগ বিশেষজ্ঞের ব্যাখ্যায়।

Jul 28, 2026 - 12:31
0 0
কত হলে স্বাভাবিক, কখন বাড়ছে বিপদ? ব্লাড প্রেসারের রিডিং বুঝতে যা জানা দরকার

শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসূচক ব্লাড প্রেসার। নিয়মিত পরীক্ষা করালেও অনেকেই রিপোর্টে লেখা সংখ্যাগুলোর প্রকৃত অর্থ জানেন না। ইন্টিগ্রেটিভ কার্ডিওলজিস্ট ডাঃ সঞ্জয় ভোজরাজ সম্প্রতি একটি ভিডিওতে বিভিন্ন ব্লাড প্রেসারের রিডিংয়ের তাৎপর্য ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, এই সংখ্যাগুলিই হৃদযন্ত্র ও রক্তনালির উপর চাপের মাত্রা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দিতে পারে।

চিকিৎসকের ব্যাখ্যা, ১১৮/৭৬ রিডিংকে সবচেয়ে স্বাভাবিক অবস্থা হিসেবে ধরা হয়। এই পর্যায়ে রক্তনালির উপর অতিরিক্ত চাপ থাকে না এবং হৃদযন্ত্রকেও স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হয় না।

১৩৬/৮৮ রিডিংকে সতর্ক হওয়ার পর্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সময় সাধারণত ঘুমের অভাব, অতিরিক্ত মানসিক চাপ, মদ্যপান, ওজন বৃদ্ধি বা শারীরিক নিষ্ক্রিয়তার মতো বিষয়গুলি খতিয়ে দেখা প্রয়োজন। জীবনযাত্রায় ছোট পরিবর্তনও এই পর্যায়ে উল্লেখযোগ্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

১৪৮/৯২ রিডিংয়ের ক্ষেত্রে রক্তনালির উপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে শুরু করে। ধীরে ধীরে ধমনির স্থিতিস্থাপকতা কমে যেতে পারে, প্লাক জমার ঝুঁকি বাড়ে এবং হৃদযন্ত্রের উপরও অতিরিক্ত চাপ তৈরি হয়।

রিডিং যদি ১৬২/১০০-এ পৌঁছে যায়, তা হলে পরিস্থিতিকে আর হালকা ভাবে দেখার সুযোগ নেই। এই অবস্থায় হৃদযন্ত্রকে প্রতিনিয়ত বেশি পরিশ্রম করতে হয়। পাশাপাশি হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির অসুখের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

তবে চিকিৎসকের মতে, একটি মাত্র ব্লাড প্রেসারের রিডিং দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। দিনের বিভিন্ন সময়ে স্বাভাবিকভাবেই রক্তচাপ ওঠানামা করে। তাই প্রকৃত চিত্র জানতে কয়েক দিন ধরে নিয়মিত একই সময়ে, বিশেষ করে সকালে ও সন্ধ্যায় বাড়িতে ব্লাড প্রেসার মাপার পরামর্শ দেওয়া হয়েছে।

পরপর কয়েক দিনের রিডিংয়ের গড় হিসাবই হৃদ্‌যন্ত্রের উপর প্রকৃত চাপ কতটা, তার সবচেয়ে নির্ভরযোগ্য ধারণা দেয়। তাই শুধু একটি রিপোর্টের উপর নির্ভর না করে ধারাবাহিক পর্যবেক্ষণই হৃদযন্ত্রের স্বাস্থ্য সম্পর্কে সঠিক মূল্যায়নে সবচেয়ে কার্যকর বলে মনে করা হচ্ছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User