EPFO: পিএফ অ্যাকাউন্টে মোটা টাকা সুদ ঢুকল সকলের, কীভাবে দেখবেন ব্যালেন্স?

কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO) ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫% হারে সুদের টাকা সদস্যদের অ্যাকাউন্টে জমা করতে শুরু করেছে। কীভাবে ইউএএন, উমং অ্যাপ বা মিসড কলের মাধ্যমে ব্যালেন্স দেখবেন, জেনে নিন বিস্তারিত।

Jul 28, 2026 - 12:34
0 0
EPFO: পিএফ অ্যাকাউন্টে মোটা টাকা সুদ ঢুকল সকলের, কীভাবে দেখবেন ব্যালেন্স?

দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য বড় আপডেট। কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা ইপিএফও ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য ৮.২৫ শতাংশ হারে সুদ সদস্যদের প্রভিডেন্ট ফান্ড (EPF) অ্যাকাউন্টে জমা করা শুরু করেছে। সংস্থার দাবি, ইতিমধ্যেই প্রায় ৩৪ কোটি সদস্যের অ্যাকাউন্টে সুদের হিসাব আপডেট করা হয়েছে। ফলে সদস্যরা এখন তাঁদের নতুন ব্যালেন্স দেখে নিতে পারবেন।

ইপিএফ চাকরিজীবীদের দীর্ঘমেয়াদি সঞ্চয়ের অন্যতম নিরাপদ মাধ্যম। নিয়ম অনুযায়ী, কর্মীর মূল বেতনের ১২ শতাংশ এবং নিয়োগকারী সংস্থার তরফে সমপরিমাণ অর্থ প্রতি মাসে EPF অ্যাকাউন্টে জমা পড়ে। সেই জমার উপর প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ দেয় ইপিএফও। উদাহরণ হিসেবে, কোনও সদস্যের অ্যাকাউন্টে যদি ১ লক্ষ টাকা জমা থাকে, তাহলে ৮.২৫ শতাংশ সুদের হিসেবে অতিরিক্ত ৮,২৫০ টাকা যোগ হবে।

সকলে ঘরে বসেই কয়েকটি সহজ উপায়ে নিজেদের পিএফ ব্যালান্স দেখে নিতে পারবেন।

সবচেয়ে সহজ উপায় পাসবুক লাইট। ইপিএফও-র মেম্বার পাসবুক পোর্টালে গিয়ে ১২ সংখ্যার UAN, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ-ইন করতে হবে। রেজিস্টার করা মোবাইল নম্বরে আসা ওটিপি যাচাই করার পর ভিউ (View) বিভাগে গিয়ে পাসবুক লাইট-এ ক্লিক করলেই আপডেট হওয়া ব্যালেন্স দেখা যাবে।

এ ছাড়া UAN-এর সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকলে ০১১-২২৯০১৪০৬ নম্বরে একটি মিসড কল দিলেও এসএমএসের মাধ্যমে পিএফ ব্যালেন্সের তথ্য পাওয়া যাবে। আবার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে EPFO HO UAN HIN লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে এসএমএস পাঠালেও হিন্দিতে ব্যালেন্সের তথ্য পাওয়া যাবে।

আরও একটি বিকল্প হল UMANG অ্যাপ। অ্যাপটি ডাউনলোড করে মোবাইল নম্বর দিয়ে লগ-ইন করার পর সার্ভিস ডায়রেক্টরি (Service Directory) থেকে ইপিএফও নির্বাচন করতে হবে। এরপর ভিউ পাসবুক (View Passbook) অপশনে গিয়ে UAN এবং ওটিপির মাধ্যমে ব্যালেন্স দেখা যাবে।

অনেক সদস্যের মধ্যেই সুদ জমা হতে দেরি হলে ক্ষতির আশঙ্কা থাকে। তবে ইপিএফও স্পষ্ট জানিয়েছে, এতে আর্থিক ক্ষতির কোনও সম্ভাবনা নেই। ১৯৫২ সালের EPF স্কিম অনুযায়ী প্রতি মাসের চলতি ব্যালেন্সের উপর সুদের হিসাব করা হয়। ফলে অ্যাকাউন্টে সুদ পরে জমা হলেও সদস্যরা সম্পূর্ণ সুদের টাকাই পান।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User