ক্রশম স্থলভাগের দিকে এগোচ্ছে, বুধবার রাতেই ল্যান্ডফল 'অর্ণবের', দুর্যোগ শুরু বাংলায়
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ বুধবার রাতেই আছড়ে পড়তে চলেছে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা।
বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপ ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মাঝামাঝি, বিশাখাপত্তনম ও গোপালপুরের মধ্যে দিয়ে স্থলভাগে ঢুকবে। কাকিনাড়ার কাছাকাছি এলাকা দিয়ে গভীর নিম্নচাপ হিসেবে সেটি উপকূল অতিক্রম করতে পারে। পরিস্থিতির দিকে নজর রেখে প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশে।
রাতেই উপকূল অতিক্রমের সম্ভাবনা
মৌসম ভবনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টা নাগাদ গভীর নিম্নচাপটি ছিল কাকিনাড়ার প্রায় ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে, গোপালপুরের ১৫০ কিলোমিটার দক্ষিণে এবং বিশাখাপত্তনমের ১৮০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে। গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ৭ কিলোমিটার। আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে বুধবার রাতেই উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল পার করার সম্ভাবনা রয়েছে।
উপকূল সংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে ঘণ্টায় সর্বোচ্চ ৭৫ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সমুদ্রও উত্তাল থাকার সম্ভাবনা। ফলে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ওড়িশায় স্কুল বন্ধ, কর্মীদের ছুটি বাতিল
গভীর নিম্নচাপের প্রভাবে ওড়িশার একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। খুরদা, জগৎসিংহপুর, গঞ্জাম, গজপতি, কোরাপুট-সহ একাধিক জেলায় বন্ধ রাখা হয়েছে স্কুল। মালকানগিরিতে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় একাধিক জেলায় প্রশাসনিক প্রস্তুতিও জোরদার করা হয়েছে। দুর্যোগ মোকাবিলা দলকে পাঠিয়ে দেওয়া হয়েছে স্পর্শকাতর এলাকায়। গঞ্জাম, কোরাপুট ও কালাহান্ডিতে সরকারি কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। জাতীয় গ্রামীণ প্রতিভা বৃত্তি পরীক্ষা অবশ্য নির্ধারিত সূচি মেনেই হওয়ার কথা।
অন্ধ্রপ্রদেশেও বন্ধ স্কুল
গভীর নিম্নচাপের জেরে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। শ্রীকাকুলম, বিজয়নগরম, পার্বতীপুরম মন্যম, বিশাখাপত্তনম, আল্লুরি সীতারাম রাজু ও অনাকাপল্লি জেলায় বুধবার স্কুল বন্ধ রাখা হয়েছে। বন্ধ রয়েছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করেছে হাওয়া অফিস।
বাংলাতেও বৃষ্টি-ঝোড়ো হাওয়ার সতর্কতা
এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়েছে এ রাজ্যে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে মঙ্গলবার রাত থেকে। রয়েছে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সতর্কতা। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বাংলার বিভিন্ন এলাকায় দুর্যোগের পরিস্থিতি বজায় থাকবে। ফলে উপকূলবর্তী জেলাগুলিকে সতর্ক থাকতে বলেছে হাওয়া অফিস।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)