দার্জিলিংয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল চিতাবাঘ, ৫ বছরের নাতনিকে বাঁচাতে লড়াই দিদিমার
নাতনিকে বাঁচাতে মৃত্যুভয় জয় করলেন দিদা। এক ঘণ্টা টানা লড়লেন চিতাবাঘের সঙ্গে। ষাটোর্ধ্ব দেবিকা শেরপার সাহসিকতায় স্তব্ধ পাহাড়।
সৃজা সরকার, শিলিগুড়ি: নাতনিকে বাঁচাতে মৃত্যুভয় জয় করলেন দিদা। এক ঘণ্টা টানা লড়লেন চিতাবাঘের সঙ্গে। ষাটোর্ধ্ব দেবিকা শেরপার সাহসিকতায় স্তব্ধ পাহাড়।
দার্জিলিংয়ের লোয়ার ভুটিয়া বস্তির দেবকোটা গ্রামের বাসিন্দা দেবিকা। তাঁর ঘরে আচমকাই হানা দিয়েছিল একটি চিতাবাঘ। পাঁচ বছরের নাতনি ও পোষা কুকুরকে বাঁচাতে প্রাণের ঝুঁকি নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে হিংস্র চিতাবাঘের সঙ্গে লড়াই চালালেন তিনি। পরিবারের দাবি, আচমকাই একটি চিতাবাঘ বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেই সময় বাড়িতে ছিল ছোট্ট নাতনি। পরিস্থিতি বুঝেই নিজের নিরাপত্তার কথা না ভেবে চিতাবাঘের সামনে দাঁড়িয়ে পড়েন দেবিকা। লাঠি ও লোহার রড নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
চিতাবাঘের হামলায় দেবিকার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে। তাঁর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে চিতাবাঘটি পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে শিলিগুড়ির ফুলবাড়ির মহারাজা অগ্রসেন হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। হাসপাতালের শয্যায় শুয়ে দেবিকা জানান, নাতনির প্রাণ বাঁচাতেই তিনি মৃত্যুভয়কে উপেক্ষা করেছিলেন। তাঁর কথায়, "নাতনিকে বাঁচাতেই হত। তারজন্য যা হয় হোক।"
গুরুতর জখম দেবিকা এই ঘটনার পর বন দফতরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই হানা দিচ্ছে চিতাবাঘ। কিন্তু বনদফতর উদাসীন। দ্রুত চিতাবাঘটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এদিকে বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তাঁরা জানান, চিতাবাঘটি এখনও কাছাকাছি একটি নিরাপদ স্থানে লুকিয়ে রয়েছে। প্রাণীটি অত্যন্ত উত্তেজিত থাকায় এখনই ধরার চেষ্টা করলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। পরিস্থিতি অনুকূল হলেই উদ্ধার অভিযান চালানো হবে।
এই ঘটনায় পাহাড়ের বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে দেবিকা শেরপার অসীম সাহস ও উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ গোটা এলাকা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)