দীপাবলির মুখেই যুবভারতীতে সবুজ-মেরুন ধামাকা! ওডিশাকে ৩-২ গোলে হারিয়ে ISL-এর শীর্ষে মোহনবাগান
যুবভারতীতে রুদ্ধশ্বাস ম্যাচে ওডিশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএলে টানা চতুর্থ জয় পেল মোহনবাগান। জোড়া গোল দেজান দ্রাজিচের, শেষ মুহূর্তে জয়সূচক গোল লি এরউইনের।
দীপাবলির উৎসবে সমর্থকদের বিশেষ উপহার হিসেবে বিনামূল্যে টিকিট দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাব কর্তৃপক্ষ। আর বৃহস্পতিবার রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনে ওডিশা এফসি-র মুখোমুখি হওয়ার আগে স্বাভাবিকভাবেই সমর্থকদের উন্মাদনা ছিল তুঙ্গে। ম্যাচ শেষে সেই হাসি মুখেই স্টেডিয়াম ছাড়লেন সবুজ-মেরুন ভক্তরা। এক রুদ্ধশ্বাস থ্রিলার ম্যাচে ওডিশাকে ৩-২ গোলে পরাজিত করে আইএসএল (ISL)-এ টানা চতুর্থ জয় তুলে নিল পানোসের ছেলেরা। আর এই জয়ের সৌজন্যে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল মোহনবাগান।
চলতি মরশুমে মোহনবাগানের ফিনিশিং সমস্যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় হয়েছে ফুটবল মহল, যা মেনে নিয়েছিলেন দলের হেড কোচ পানোসও। বৃহস্পতিবার ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধে ফের সেই পুরোনো ছবিই স্পষ্ট ফুটে উঠল। খেলা শুরুর মাত্র ২ মিনিটের মাথায় গোলের একদম সামনে থেকে লিস্টন কোলাসোর শট গিয়ে লাগে বারপোস্টে। একাধিকবার বল পেয়েও প্রয়োজনের চেয়ে বেশি সময় পায়ে রেখে খেলার গতি নষ্ট করতে দেখা যায় তাঁকে। এরপর ২০ মিনিটের মাথায় মনবীর সিং গোলকিপারকে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন। শট না নিয়ে অন্য ফুটবলারকে পাস বাড়ালে সহজেই গোল আসতে পারত।
অন্যদিকে, ওডিশার গোলকিপার হৃতিক তিওয়ারি প্রথমার্ধে ছিলেন অনবদ্য ফর্মে। সমীর জেলকোভিচ, মেহতাব সিং ও লিস্টনদের পরপর বিপজ্জনক শট আটকে দিয়ে নিজের দুর্গ সুরক্ষিত রাখেন তিনি। পাল্টা আক্রমণে ওডিশার নাসিমেন্তোর গোলের চেষ্টা দক্ষতার সঙ্গে রুখে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ফলে প্রথমার্ধ শেষ হয় ০-০ গোলে।
প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরে ঘরের দল। মাঠজুড়ে শুরু হয় আক্রমণ ও পাল্টা আক্রমণের রোমাঞ্চ। মোহনবাগানের হয়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত পারফর্ম করে জোড়া গোল তুলে নেন দেজান দ্রাজ়িচ। তবে ম্যাচের শেষ মুহূর্তে জয়সূচক গোলটি আসে স্কটিশ স্ট্রাইকার লি এরউইনের পা থেকে। তাঁর এই লক্ষ্যভেদেই ৩-২ ব্যবধানে মহামূল্যবান ৩ পয়েন্ট পকেটে পুরে মাঠ ছাড়ে পানোসের দল
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0