পিছিয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ! ১২ নভেম্বরের বদলে কবে, খোলসা করল না রাজ্য নির্বাচন কমিশন

এখন প্রশ্ন, কলকাতা-হাওড়ার পুরসভার ভোটও কি পিছিয়ে যাবে? কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত হবে আগামী বছর ১৬ জানুয়ারি। শুধু কি তাই ডিলিমিটেশনের নতুন পোলিং বুথও রিঅ্যারেঞ্জ করা চলছে।

Nov 06, 2026 - 16:24

রাজ্যে আসন্ন পুরসভা নির্বাচনের (Municipality Elections) আগে ভোটার তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করল পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন। আগামী ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত দিন ধার্য থাকলেও তা পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার কমিশনের তরফে এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে, পূর্বনির্ধারিত ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না। পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রকাশের সংশোধিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

কমিশনের পক্ষ থেকে জারি করা এই নির্দেশিকাটি দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং কলকাতা পুরসভার জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারের পাশাপাশি হাওড়া, জলপাইগুড়ি, কালিম্পং ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সমন্বয় বজায় রাখতে নির্দেশিকার প্রতিলিপি পাঠানো হয়েছে পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব, সংশ্লিষ্ট মহকুমা আধিকারিক (SDO), কলকাতা পুরসভার কমিশনার এবং বিভিন্ন পুরসভার প্রশাসকদেরও।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর কমিশনের জারি হওয়া ৮৬০ ও ৮৬১ নম্বর নির্দেশিকা অনুযায়ী ১২ নভেম্বর ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ নির্দিষ্ট করা হয়েছিল। তবে ৫ নভেম্বরের নতুন নির্দেশিকায় সেই নির্ধারিত সময়সীমা স্থগিত রাখা হল।

চূড়ান্ত ভোটার তালিকা কত তারিখে প্রকাশিত হবে, তা কমিশন এখনও স্পষ্ট করেনি। খুব দ্রুত প্রশাসনিক পর্যালোচনা সম্পন্ন করে নয়া তারিখ ঘোষণা করা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এখন প্রশ্ন, কলকাতা-হাওড়ার পুরসভার (Municipality Election) ভোটও কি পিছিয়ে যাবে? কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, সংশোধিত ভোটার তালিকা চূড়ান্ত হবে আগামী বছর ১৬ জানুয়ারি। শুধু কি তাই ডিলিমিটেশনের নতুন পোলিং বুথও রিঅ্যারেঞ্জ করা চলছে। সুতরাং সেই নতুন ভোটার তালিকায় ভোট করাতে হলে আর যাই হোক ডিসেম্বরে ভোট করা যাবে না।

এখানে মূল বিষয় হয়ে উঠছে ভোট-প্রস্তুতির বিষয়টি। কার নাম ভোটার তালিকায় থাকবে, কে কোন বুথে ভোট দেবেন, কারও নাম স্থানান্তর হবে কিনা, সেই ব্যবস্থা সংহত না-করে নির্বাচনের আয়োজন করা কঠিন। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0