গোয়ায় গোয়েলের ফিটনেস চ্যালেঞ্জ, পরপর দু’বার ‘আয়রনম্যান’ কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত

গোয়ায় (Goa) আয়োজিত অত্যন্ত কঠিন ও শারীরিক সহনশীলতার পরীক্ষা ‘আয়রনম্যান ৭০.৩’ (Iron Man 70.3) প্রতিযোগিতায় সফল হয়ে ফের ‘ফিনিশার’ তিনি। ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইকেল চালানো এবং ২১.১ কিলোমিটার দৌড়ের দূরতিক্রম্য বাধা অতিক্রম করে পর পর দু’বার এই খেতাব অর্জন করলেন ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার (IPS Officer)।

Nov 06, 2026 - 15:39
গোয়ায় গোয়েলের ফিটনেস চ্যালেঞ্জ, পরপর দু’বার ‘আয়রনম্যান’ কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত

চক চকে সোনার থালা, তাতে ক্ষীর আর পায়েস— তবু ভাগ্য বিধাতা বাম হলে তাতেও পড়ে মাছি।’ আরজি কর-কাণ্ডকে (RG Kar Case) কেন্দ্র করে যাঁর চাকরিজীবনের সবচেয়ে বড় ঝড় উঠেছিল, কলকাতা পুলিশের (Kolkata Police) সেই প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল (Vineet Goyal) এ বার ‘আয়রনম্যান’। গোয়ায় (Goa) আয়োজিত অত্যন্ত কঠিন ও শারীরিক সহনশীলতার পরীক্ষা ‘আয়রনম্যান ৭০.৩’ (Iron Man 70.3) প্রতিযোগিতায় সফল হয়ে ফের ‘ফিনিশার’ তিনি। ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইকেল চালানো এবং ২১.১ কিলোমিটার দৌড়ের দূরতিক্রম্য বাধা অতিক্রম করে পর পর দু’বার এই খেতাব অর্জন করলেন ১৯৯৪ ব্যাচের এই আইপিএস অফিসার (IPS Officer)।

আয়োজকদের দেওয়া তথ্য ও শংসাপত্র অনুযায়ী, ৭ ঘণ্টা ১২ মিনিট ৫৯ সেকেন্ডে টাস্ক শেষ করেন বিনীত। ১.৯ কিলোমিটার সমুদ্র সাঁতারে তিনি সময় নেন ৫১ মিনিট ৫২ সেকেন্ড, ৯০ কিলোমিটার সাইক্লিংয়ে ৩ ঘণ্টা ৩৪ মিনিট ৪৮ সেকেন্ড এবং ২১.১ কিলোমিটার হাফ-ম্যারাথন দৌড়ে নেন ২ ঘণ্টা ৩০ মিনিট ১৬ সেকেন্ড। ৩৬৭তম ওভারঅল র‍্যাঙ্ক অর্জন করে তিনি আয়রনম্যানের স্মারক হাসিল করেছেন।

খেলার মাঠে তাঁর এই সাফল্য নজর কাড়লেও, রাজ্য রাজনীতিতে বিনীতের সঙ্গে জড়িয়ে রয়েছে সাম্প্রতিক সময়ের অন্যতম তোলপাড় করা বিতর্ক। ২০২২ সালের ১ জানুয়ারি কলকাতার নগরপাল পদে দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি ওই পদে ছিলেন। তবে ২০২৪-এর অগস্টে আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ওপর অমানবিক নির্যাতন ও নৃশংস খুনের ঘটনা তাঁর প্রশাসনিক জীবনে বড় ক্ষত তৈরি করে।

আরজি কর-কাণ্ডে লালবাজারের ভূমিকা নিয়ে গোড়া থেকেই প্রশ্ন তুলেছিলেন ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকেরা। মামলা চলাকালীন শীর্ষ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে নির্যাতিতার নাম প্রকাশ করে দেওয়ার অভিযোগে পরবর্তীতে ২০২৫ সালের জুলাই মাসে হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চাইতে হয়েছিল তাঁকে।

এ ছাড়া, ২০২৪ সালের ১৪ অগস্ট রাতে ‘মেয়েদের রাতদখল’ কর্মসূচির মাঝে একদল দুষ্কৃতীর আরজি করে তাণ্ডব চালানো এবং তৎকালীন পুলিশ কমিশনারের আত্মপক্ষ সমর্থন জনরোষ আরও বাড়িয়ে দিয়েছিল। পরিস্থিতি সামাল দিতে না পেরে অবশেষে আন্দোলনকারীদের দাবির মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিনীতকে লালবাজার থেকে সরিয়ে এসটিএফের (STF) এডিজি ও আইজিপি পদে বদলি করে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0