পঞ্চায়েত কর ১,২০০ টাকা হওয়ার খবর ভুল! বিভ্রান্তি কাটিয়ে আদেশ প্রত্যাহার রাজ্য সরকারের
রাজ্য সরকারের এই কড়া বার্তার পর স্পষ্ট হল যে, গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনও বাড়তি করের বোঝা সাধারণ গ্রামবাসীদের ওপর চাপানো হচ্ছে না।
গ্রামবাংলায় পঞ্চায়েত কর বা ‘ট্যাক্স’ (Panchayet Tax) বৃদ্ধি নিয়ে গত কয়েক দিন ধরে যে জল্পনা ও আতঙ্ক ছড়িয়েছিল, তা এক লহমায় উড়িয়ে দিল রাজ্য সরকার (West Bengal Govt)। পরিবার পিছু পঞ্চায়েত ট্যাক্স বাড়িয়ে ১,২০০ টাকা করা হয়েছে বলে যে খবর ঘুরে বেড়াচ্ছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) দফতরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকার এমন কোনও সিদ্ধান্ত নেয়নি। তাঁদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি বিশেষ চক্র এই ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে।
রাজ্য সরকারের এই কড়া বার্তার পর স্পষ্ট হল যে, গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনও বাড়তি করের বোঝা সাধারণ গ্রামবাসীদের ওপর চাপানো হচ্ছে না।
বিজ্ঞপ্তি প্রকাশ করে দফতরের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন (P&RD) দফতর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন, ১৯৭৩-এর কর-সংক্রান্ত বিধানগুলিতে কোনও পরিবর্তন করেনি। আগে যে বিধানগুলি কার্যকর ছিল, সেগুলিই এখনও বলবৎ রয়েছে এবং কোনও রকম পরিবর্তন ছাড়াই তা বাস্তবায়িত হচ্ছে। দফতরের তরফে সমস্ত নাগরিককে অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন এই ধরনের কোনও মিথ্যা প্রচার বা গুজবে কান না দেন। সরকারের কোনও অনুমোদন ছাড়া কেউ যদি কর বৃদ্ধির দাবি করে, তবে তা সম্পূর্ণ বেআইনি।
এই বিভ্রান্তির উৎস কোথায়? জানা গেছে, ষোড়শ অর্থ কমিশনের (16th Finance Commission) দেওয়া কিছু সুপারিশ মেনে একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ বা এসওপি (SOP) নির্দেশিকা জারি করেছিল দফতর। কিন্তু সেই আইনি নির্দেশিকাটিকে ভুলভাবে ব্যাখ্যা করে এক শ্রেণির মানুষ সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে রটিয়ে দেয় যে, করের পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন্ন ১,২০০ টাকা করা হয়েছে। বিষয়টি সরকারের নজরে আসতেই দফতর সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
ভবিষ্যতে যদি এই কর সংক্রান্ত বিষয়ে নতুন কোনও স্পষ্ট নির্দেশনার প্রয়োজন হয়, তবে সঠিক সময়ে আবার নতুন করে সরকারি নির্দেশিকা জারি করা হবে বলে জানান হয়েছে। আপাতত পুরনো নিয়মেই সমস্ত পঞ্চায়েতে কাজকর্ম চলবে। রাজ্য সরকারের এই দ্রুত ও স্পষ্ট পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রামবাংলার হাজার হাজার সাধারণ মানুষ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0
Comments (0)